ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আশাশুনির শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ড্র


আশাশুনির শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ড্র

আশাশুনি উপজেলার শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে এই খেলার আয়োজন করে বুধহাটা দক্ষিণপাড়া।

এই খেলায় বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে প্রতিযোগিতা হয়। খেলার ফলাফল ১-১ গোলে ড্র হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অভিভাবক সদস্য, আশাশুনি উপজেলা ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সভাপতি, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স লিঃ আশাশুনি উপজেলা প্রতিনিধি এবং হুজাইফা সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ আনারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড (শ্বেতপুর) ইউপি সদস্য প্রার্থী জয়নাল সর্দার, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, আব্দুস সালাম পনচু, সাতক্ষীরা হার্ডওয়্যার স্বত্বাধিকারী আসাদুল ইসলাম, আহসান হাবীব, আল আমিন হোসেন, নাফিই সাইকেল স্টোর স্বত্বাধিকারী টুটুল হোসেন, রাব্বি হোসেন এবং আলামিন হোসেন। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মেহেদী হাসান তুহিন এবং মাঠ পরিচালনায় ছিলেন আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরিয়া সার কারখানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


ইউরিয়া সার কারখানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর, দীর্ঘ ২১ বছর পর, সকল ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক, ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আবু ছাইদ।

আয়োজক কমিটির সদস্য সচিব, এপিএসসিএল-এর উপ-মহাব্যবস্থাপক এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানান, প্রাক্তন শিক্ষার্থীরা www.reunion.uskcalumni.org ওয়েবসাইটে প্রবেশ করে আজ (৯ অক্টোবর) থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য রেজিস্ট্রেশন ফি ১,২০০ টাকা। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

আয়োজকরা জানান, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’-এই স্লোগানকে সামনে রেখে এবারের পুনর্মিলনী আয়োজন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির আইবিএতে এসিবিএ ২২তম ব্যাচের সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


ঢাবির আইবিএতে এসিবিএ ২২তম ব্যাচের সনদ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এসিবিএ) কোর্সের ২২তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৫ জন পেশাজীবীর হাতে এই সনদ তুলে দেওয়া হয়, যাঁরা কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএর সাবেক পরিচালক এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। তিনি পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য নেতৃত্বের দক্ষতা, সততা ও ধারাবাহিক আত্মোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং অর্জিত জ্ঞানকে নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, মানসম্মত নির্বাহী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ ব্যবস্থাপক ও যোগ্য ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে আইবিএ কাজ করছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতের পেশাজীবীদের ব্যবস্থাপনাগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে এসিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও এসিবিএ দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আবেদুর রহমান সিকদার। তিনি নির্বাহী শিক্ষা কার্যক্রমের দীর্ঘমেয়াদি গুরুত্ব এবং পেশাগত উন্নয়নে ধারাবাহিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এসময় এসিবিএ প্রোগ্রামের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং কো-মডারেটর অধ্যাপক ড. মো. ইফতেখারুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষে অভিজ্ঞতা তুলে ধরেন নৌপরিবহন অধিদপ্তরের প্রকৌশলী মো. আরাফাত হোসাইন। মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন অংশগ্রহণকারীদের কোর্সজুড়ে নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) অধীনে পরিচালিত এই কোর্সে আবেদনের জন্য ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা বাধ্যতামূলক। তবে ২২তম ব্যাচের অংশগ্রহণকারীদের গড় অভিজ্ঞতা ছিল ১৩ বছরের বেশি। ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ৩৫০ জনের বেশি আবেদনকারীর মধ্য থেকে ৬০ জনকে মনোনীত করা হয়, যাঁদের মধ্যে ৫৫ জন ছয় মাস মেয়াদি এই কোর্সের সাতটি মডিউল সফলভাবে সম্পন্ন করেছেন। কোর্সের প্রতিটি মডিউলে অ্যাসাইনমেন্ট, কুইজ, কেস সল্যুশন ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক ছিল।

বর্তমানে এসিবিএ কোর্সের প্রাক্তন শিক্ষার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি। তাঁদের অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে এসিবিএর ২৪তম ব্যাচের কার্যক্রম শুরুর বিষয়টিও অবহিত করা হয়। সনদ বিতরণ শেষে নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের পাঞ্জাবে নিখোঁজ কিশোরীদের ৫০০ মামলা বিচারাধীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


পাকিস্তানের পাঞ্জাবে নিখোঁজ কিশোরীদের ৫০০ মামলা বিচারাধীন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৫০০-এর বেশি কিশোরী নিখোঁজের মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। বুধবার (৭ অক্টোবর) লাহোর হাইকোর্টে এই তথ্য তুলে ধরেন প্রদেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) রাও আবদুল করিম। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে।

ফয়সালাবাদের বাসিন্দা সাদিয়া হুসাইনের একটি আবেদনের শুনানির সময় এই তথ্য প্রকাশ পায়। তিনি নিখোঁজ মেয়েকে উদ্ধারের জন্য আবেদন করেছিলেন। শুনানির প্রক্রিয়ায় আইজিপি আদালতকে জানান, ওই মেয়েকে উদ্ধার করা হয়েছে।

পরে, হাইকোর্টের প্রধান বিচারপতি আলিয়া নিলাম পাঞ্জাবে নিখোঁজ কিশোরীদের মামলার সংখ্যা সম্পর্কে জানতে চান। আইজিপি জবাবে বলেন, এ ধরনের ৫০০টির বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

শিশু ও নারীদের নিখোঁজ হওয়ার ঘটনা মোকাবেলায় পুলিশের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সেই বিষয়ে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন। আইজিপি জানান, এ ধরনের ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এসময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, আদালতের নজর দেওয়ার পরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে বলে মনে হচ্ছে। তিনি উল্লেখ করেন, দুই বছর ধরে নিখোঁজ থাকা এক মেয়েকেও আদালতের নজরদারির পর উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ মেয়েদের পরিবারের দুর্ভোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন করেন, এমন পরিস্থিতিতে পরিবারগুলো কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে যায়, তা পুলিশ কখনো ভেবে দেখেছে কিনা। নারীদের নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের অবহেলা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন।

পরে, প্রধান বিচারপতি আইজিপিকে নির্দেশ দেন, নিখোঁজ কিশোরীদের উদ্ধার করতে পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে লংমার্চ, সোয়াবিতে ‘বড় সারপ্রাইজ’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে লংমার্চ, সোয়াবিতে ‘বড় সারপ্রাইজ’ ঘোষণা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ পঞ্চম দিনে পেশোয়ারে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে পেশোয়ারের হায়াতাবাদ টোল প্লাজায় দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা পৌঁছান। মুখ্যমন্ত্রী পরবর্তী কর্মসূচি সম্পর্কে সোয়াবিতে ‘বড় চমক’ দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর ডন।

লংমার্চটি গত ৪ অক্টোবর লাক্কি মারওয়াত থেকে শুরু হয়। প্রথমে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার পরিকল্পনা থাকলেও পরে কর্মসূচির পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, লংমার্চের পরবর্তী গন্তব্য চারসদ্দা ও সোয়াবি। সেখানে পৌঁছানোর পর আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করার কথা রয়েছে সোহেল আফ্রিদির।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর পিটিআইয়ের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বহরটি পেশোয়ারের হায়াতাবাদ টোল প্লাজায় পৌঁছেছে। এ সময় সেখানে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তাদের স্বাগত জানান।

টোল প্লাজায় সমর্থকদের উদ্দেশে বক্তব্যে সোহেল আফ্রিদি বলেন, "তাদের এই আন্দোলন প্রকৃত স্বাধীনতার জন্য। সংগ্রামে কিছুটা কষ্ট সহ্য করতে হলেও কারাগারে ইমরান খান যে যন্ত্রণা ভোগ করছেন, তার তুলনায় এই কষ্ট কিছুই নয়।" তিনি আরো বলেন, ইমরান খানের জন্য জীবন উৎসর্গ করতেও তারা পিছপা হবেন না।

লংমার্চের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আফ্রিদি জানান, চারসদ্দায় গিয়ে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হবে। তবে মূল চমক সোয়াবিতে অপেক্ষা করছে। সেখানে পৌঁছালে তাঁর পরিকল্পনা শুনে সমর্থকেরা উচ্ছ্বসিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান বলেছেন, "তার দল কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করেনি।" তবে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটির সন্ত্রাসবিরোধী জাতীয় নীতি পর্যালোচনা করা প্রয়োজন।

বৃহস্পতিবার লংমার্চের পরবর্তী গন্তব্য চারসদ্দায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গওহর খান অভিযোগ করেন, খাইবার পাখতুনখাওয়ার জনস্বাস্থ্য প্রকৌশলমন্ত্রী ফজল শাকুর এবং জাতীয় পরিষদের সদস্য ফজল মোহাম্মদ খানকে তুলে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ফজল শাকুর নিখোঁজ হওয়ার ১৮ দিন পার হলেও তার অবস্থান সম্পর্কে পরিবার কিছু জানতে পারেনি। তাদের সন্ধান বের করে নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানান পিটিআই চেয়ারম্যান।

গওহর খান খাইবার পাখতুনখাওয়ায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গভর্নর শাসন বা জরুরি অবস্থা জারির সম্ভাবনার বিরোধিতা করেন। তিনি বলেন, রাজনৈতিক সংকটের সমাধান সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। জনগণের রায় এবং নির্বাচিত সরকারকে সম্মান জানাতে হবে।

সন্ত্রাসবাদকে পাকিস্তানের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান কিংবা সিন্ধু—দেশের যেকোনো অঞ্চলে সন্ত্রাসবাদ জাতীয় স্বার্থের পরিপন্থী।" তিনি রাজনৈতিক বিভাজন না বাড়িয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাজনৈতিক বিরোধীদের সঙ্গে অর্থবহ সংলাপে বসতেও পিটিআই প্রস্তুত বলে জানান গওহর খান। চলমান পরিস্থিতিতে গঠনমূলক ভূমিকা রাখতে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের প্রতিও আহ্বান জানান তিনি।

গওহর খান আরো জানান, ১০ অক্টোবর মারদানে এবং ১১ অক্টোবর সোয়াবিতে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। এরপর দলের নেতৃত্ব পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।

লংমার্চকে কেন্দ্র করে পেশোয়ারের বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে মোবাইল ও সেলুলার ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) এক কর্মকর্তা জানান, নিরাপত্তার কারণে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে।

এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বৃহস্পতিবার পেশোয়ারের কয়েকটি বেসরকারি স্কুল বন্ধ থাকলেও অনেক অভিভাবক তা জানতে পারেননি। মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সন্তানদের স্কুলে নিয়ে গিয়ে বন্ধ ফটক দেখে ফিরে আসতে হয় তাদের।

তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল বন্ধ রাখার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। অনুমতি ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখতে বেসরকারি স্কুলগুলোর প্রধানদের চিঠিও দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রাজনৈতিক কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারের অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন পেশোয়ার হাইকোর্ট। বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা জহির খানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার কাছে জবাব চেয়েছেন।

প্রধান বিচারপতি এস এম আতিক শাহ ও বিচারপতি এজাজ খানের বেঞ্চে আবেদনের শুনানি হয়। আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৩ অক্টোবর দেওয়া এক রায়ে আদালত সরকারি যানবাহন, যন্ত্রপাতি ও জনবল কোনো প্রতিবাদ, সমাবেশ, লংমার্চ বা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ৪ অক্টোবর পেশোয়ার থেকে লাক্কি মারওয়াত যাওয়ার জন্য সরকারি হেলিকপ্টার ব্যবহার করেন সোহেল আফ্রিদি। সেখানে গিয়ে তিনি পিটিআইয়ের লংমার্চে অংশ নেন এবং নেতৃত্ব দেন।

আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এম ইয়াসিন রাজা খান আদালতে যুক্তি দেন, হেলিকপ্টার ব্যবহারের সঙ্গে পাইলট, কর্মী, জ্বালানি, কারিগরি সহায়তা ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন সরকারি সম্পদের ব্যবহার জড়িত। তার দাবি, এভাবে সরকারি সম্পদ ব্যবহার করে মুখ্যমন্ত্রী আদালতের আগের নির্দেশনা লঙ্ঘন করেছেন।

আবেদনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন, উড্ডয়নসংক্রান্ত নথি ও ব্যয়ের হিসাব তলবের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম মুলতবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%