প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৫০০-এর বেশি কিশোরী নিখোঁজের মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। বুধবার (৭ অক্টোবর) লাহোর হাইকোর্টে এই তথ্য তুলে ধরেন প্রদেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) রাও আবদুল করিম। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে।
ফয়সালাবাদের বাসিন্দা সাদিয়া হুসাইনের একটি আবেদনের শুনানির সময় এই তথ্য প্রকাশ পায়। তিনি নিখোঁজ মেয়েকে উদ্ধারের জন্য আবেদন করেছিলেন। শুনানির প্রক্রিয়ায় আইজিপি আদালতকে জানান, ওই মেয়েকে উদ্ধার করা হয়েছে।
পরে, হাইকোর্টের প্রধান বিচারপতি আলিয়া নিলাম পাঞ্জাবে নিখোঁজ কিশোরীদের মামলার সংখ্যা সম্পর্কে জানতে চান। আইজিপি জবাবে বলেন, এ ধরনের ৫০০টির বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
শিশু ও নারীদের নিখোঁজ হওয়ার ঘটনা মোকাবেলায় পুলিশের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সেই বিষয়ে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন। আইজিপি জানান, এ ধরনের ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এসময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, আদালতের নজর দেওয়ার পরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে বলে মনে হচ্ছে। তিনি উল্লেখ করেন, দুই বছর ধরে নিখোঁজ থাকা এক মেয়েকেও আদালতের নজরদারির পর উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ মেয়েদের পরিবারের দুর্ভোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন করেন, এমন পরিস্থিতিতে পরিবারগুলো কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে যায়, তা পুলিশ কখনো ভেবে দেখেছে কিনা। নারীদের নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের অবহেলা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন।
পরে, প্রধান বিচারপতি আইজিপিকে নির্দেশ দেন, নিখোঁজ কিশোরীদের উদ্ধার করতে পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন