১১:৪৯ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এসিবিএ) কোর্সের ২২তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৫ জন পেশাজীবীর হাতে এই সনদ তুলে দেওয়া হয়, যাঁরা কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএর সাবেক পরিচালক এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। তিনি পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য নেতৃত্বের দক্ষতা, সততা ও ধারাবাহিক আত্মোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং অর্জিত জ্ঞানকে নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: শিক্ষায় প্রকৃত নজর না দিলে বিপজ্জনক হতে পারে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
সভাপতির বক্তব্যে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, মানসম্মত নির্বাহী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ ব্যবস্থাপক ও যোগ্য ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে আইবিএ কাজ করছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতের পেশাজীবীদের ব্যবস্থাপনাগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে এসিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও এসিবিএ দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আবেদুর রহমান সিকদার। তিনি নির্বাহী শিক্ষা কার্যক্রমের দীর্ঘমেয়াদি গুরুত্ব এবং পেশাগত উন্নয়নে ধারাবাহিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এসময় এসিবিএ প্রোগ্রামের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং কো-মডারেটর অধ্যাপক ড. মো. ইফতেখারুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষে অভিজ্ঞতা তুলে ধরেন নৌপরিবহন অধিদপ্তরের প্রকৌশলী মো. আরাফাত হোসাইন। মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন অংশগ্রহণকারীদের কোর্সজুড়ে নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) অধীনে পরিচালিত এই কোর্সে আবেদনের জন্য ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা বাধ্যতামূলক। তবে ২২তম ব্যাচের অংশগ্রহণকারীদের গড় অভিজ্ঞতা ছিল ১৩ বছরের বেশি। ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ৩৫০ জনের বেশি আবেদনকারীর মধ্য থেকে ৬০ জনকে মনোনীত করা হয়, যাঁদের মধ্যে ৫৫ জন ছয় মাস মেয়াদি এই কোর্সের সাতটি মডিউল সফলভাবে সম্পন্ন করেছেন। কোর্সের প্রতিটি মডিউলে অ্যাসাইনমেন্ট, কুইজ, কেস সল্যুশন ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক ছিল।
আরও পড়ুন: জাবি ভিসি চীনে, রুটিন দায়িত্বে প্রো-ভিসি শামছুল আলম
বর্তমানে এসিবিএ কোর্সের প্রাক্তন শিক্ষার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি। তাঁদের অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে এসিবিএর ২৪তম ব্যাচের কার্যক্রম শুরুর বিষয়টিও অবহিত করা হয়। সনদ বিতরণ শেষে নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন