ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ


ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ

শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের জন্য দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যেখানে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে উল্লেখ করা হয়েছে, প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন তাদের হাতে এসেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে ধরা পড়েছে যে, শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই বছর নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ২০২৫ সালে ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। আক্রান্ত শিশুদের মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা সম্ভাব হয়নি।

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সরকারি বাহিনীগুলোকে সবচেয়ে বেশি দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষ অবস্থানে রয়েছে ইসরায়েলি সরকার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদানের বিতর্কিত এলাকায় ড্রোন হামলায় নিহত ৫৩

প্রতিবেদনে আরও প্রকাশিত হয়েছে যে, আগের বছরের তুলনায় শিশু নিহত হওয়ার ঘটনা ৩৪ শতাংশ এবং আহত হওয়ার ঘটনা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাচাইকৃত গুরুতর লঙ্ঘনের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে ঘটনার সংখ্যা ১২ হাজার ৪৪৫। অন্যদিকে, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ করা হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি জানিয়েছেন, গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় তিনি স্তম্ভিত এবং পাশাপাশি পূর্ব জেরুজালেমসহ পশ্চিম জেরে ক্রমবর্ধমান সহিংসতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

গুতেরেস আরও উল্লেখ করেছেন, ইসরায়েলি দখলদারদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একইসঙ্গে এসব লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির অভাব নিয়ে তিনি সমালোচনা করেছেন।

আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নত বিমান ইঞ্জিন গবেষণায় বিশ্বে চতুর্থ স্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫১ এম


উন্নত বিমান ইঞ্জিন গবেষণায় বিশ্বে চতুর্থ স্থানে ইরান

নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত অবরোধ এবং সীমিত সম্পদের মধ্যেও বিমানের ইঞ্জিন নিয়ে গবেষণায় ইরান বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে। অস্ট্রেলিয়ার এএসপিআই-এর প্রতিবেদনে জানা যায়, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের পরই অবস্থান তেহরানের। এমনকি জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ঐতিহ্যবাহী এয়ারোস্পেস শক্তিকেও পেছনে ফেলেছে দেশটি।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট বা এএসপিআই-এর ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালে উন্নত বিমান ইঞ্জিন ও হাইপারসনিক প্রপালশন গবেষণায় ইরান বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে।

তালিকায় প্রথমে রয়েছে চীন, এরপর যুক্তরাষ্ট্র এবং ভারত। গবেষণাপত্রের সংখ্যা নয়, বরং বিশ্বের সবচেয়ে বেশি উদ্ধৃত শীর্ষ ১০ শতাংশ বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে এই র‌্যাংকিং নির্ধারণ করা হয়েছে। ফলে এটি ভবিষ্যৎ প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের এই অবস্থান একাডেমিক সাফল্য নয়, বরং এটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনার ফল। ২০১১ সালের ‘কমপ্রিহেনসিভ সায়েন্টিফিক ম্যাপ’-এ মহাকাশ, জ্বালানি, ন্যানোপ্রযুক্তি এবং প্রপালশন প্রযুক্তিকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তেহরান বিশ্ববিদ্যালয়, শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমিরকাবির ইউনিভার্সিটি এবং ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই গবেষণা অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, উচ্চ তাপমাত্রার ধাতুবিদ্যা ও ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থায় উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে দেশটি।

তবে এএসপিআই স্পষ্ট উল্লেখ করছে যে, গবেষণায় এগিয়ে থাকা মানেই বাণিজ্যিক উৎপাদনে নেতৃত্ব নয়। বোয়িং বা এয়ারবাসের মতো যাত্রীবাহী বিমান তৈরি করতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, অর্থনৈতিক নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তা সনদ প্রয়োজন, যা নিষেধাজ্ঞার কারণে ইরানের নাগালের বাইরে। তাই অর্জিত জ্ঞানকে ইরান মূলত সামরিক খাতে কাজে লাগাচ্ছে। দেশটির ওজ জেট ইঞ্জিন, জাহেশ-৭০০ টার্বোফ্যান এবং দীর্ঘপাল্লার ড্রোন প্রকল্পগুলো সেই কৌশলেরই প্রতিফলন।

হাইপারসনিক প্রযুক্তিতেও নিজেদের অগ্রগতির দাবি করেছে ইরান। তথাকথিত ফাত্তাহ ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সিরামিক আবরণ এবং উচ্চগতির দহন প্রযুক্তি নিয়ে গবেষণাও এই সক্ষমতার অংশ হিসেবে গণ্য হচ্ছে।

এএসপিআই-এর ২০২৫ সালের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ৭৪টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে অন্তত ৮টিতে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে প্রযুক্তিক্ষেত্রে সুপারপাওয়ার না হলেও নির্বাচিত কৌশলগত খাতে গবেষণা সক্ষমতা গড়ে তুলে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করেছে দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ: টেটাঁবিদ্ধ আরও ১ যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ এম


নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ: টেটাঁবিদ্ধ আরও ১ যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় চরাঞ্চলের নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় টেটাঁবিদ্ধ অবস্থায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার নাম কাউছার মিয়া।

বুধবার (১৭ জুন) বিকেলে, মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিৎরামপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার ফলে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

নিহত কাউছার মিয়া (৩৫) নিলক্ষা ইউনিয়নের শাহ আলম মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে টেঁটাবিদ্ধ করার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে পানির স্রোতে তার মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে ভেসে উঠে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, টেঁটাবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়ায় মরদেহটি রায়পুরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঐ ঘটনায় রায়পুরা থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা তাদেরই গ্রহণ করতে হবে।

এর আগে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে বুলবুল মিয়া এবং পূর্বপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে অনিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের মধ্যে মিস্টার গ্রুপের মামুন নামে এক প্রবাসী হত্যার পর দীর্ঘদিন এলাকা ছাড়া থাকা হত্যা মামলার আসামী জবা মেম্বার এবং সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের সদস্যরা এলাকা ছাড়ার চেষ্টা করছিল।

আলাল মুন্সি ও সাবেক ইউপি সদস্য জবা মিয়ার অনুসারীরা গত মঙ্গলবার ভোরে স্পিডবোটে করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় প্রতিপক্ষের ওপর তারা অতর্কিত হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ দ্রুত হরিপুর ও দড়িগাঁও এলাকায় ছড়িয়ে পড়ে এবং কয়েক দফা সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলতে থাকে। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো পরে দুজনের মৃত্যু হয়।

পুলিশ, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলে গেল হজ্ব ফাইন্যান্সের নাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ এম


বদলে গেল হজ্ব ফাইন্যান্সের নাম

হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ‘হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসি’ করা হয়েছে। এই তথ্যটি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১৬ জুন তারিখ থেকে দেশের আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ‘হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসি’ করা হয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন)-এর ৬৩ ধারার আওতায় প্রদত্ত ক্ষমতাবলে ২০২৬ সালের ১৬ জুন থেকে বাংলাদেশে কার্যরত ফাইন্যান্স কোম্পানি হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে 'হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসি' করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

অনেকের মনে একটি প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ করে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে। খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ উল্লেখ করতে হবে।

এই আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের নামের সঙ্গে পিএলসি যুক্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার সঙ্গে লড়াই করে হারল কানাভারোর উজবেকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:০৫ এম


কলম্বিয়ার সঙ্গে লড়াই করে হারল কানাভারোর উজবেকিস্তান

এশিয়ার দেশ উজবেকিস্তান এবারে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। তাদের গ্রুপ 'কে'-তে প্রথম ম্যাচটি ছিল দক্ষিণ আমেরিকার শক্তিশালী দেশ কলম্বিয়ার বিরুদ্ধে। যদিও কলম্বিয়া র‍্যাঙ্কিংয়ে অনেক উপরে রয়েছে, তবুও উজবেকিস্তান এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত জয় তাদের পক্ষে সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে উজবেকিস্তান। প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ইতালির কিংবদন্তি ডিফেন্ডার কানাভারোর অধীনে খেলা উজবেকিস্তান। কিন্তু, ৫ মিনিট পর তারা আবারও গোল খেয়ে যায় এবং কলম্বিয়া একবারে ৫ মিনিটের মধ্যে আবারও এগিয়ে যায়। এরপর বৃদ্ধি পাওয়া সময়ে কলম্বিয়া আরও একটি গোল করলে মাঠ ছাড়তে হয় উজবেকিস্তানকে পরাজয়ের মধ্যে।

বিস্তারিত আসছে........!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%