০৬:৩৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন, যা দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে। তিনি উল্লেখ করেছেন, "শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে।" একই সঙ্গে, দেশের বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য গ্যাসকূপ খননের কাজ চলছে। দেশের নিজস্ব কয়লা সম্পদের ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে। তিনি বলেন, "ভবিষ্যতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে।"
আরও পড়ুন: উজিরপুরে মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি তরুণ প্রজন্মকে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব নিতে উৎসাহিত করেন।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "শুধু ভালোভাবে পড়ালেখা করলেই চলবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।" তিনি চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, "এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।" সরকারের উদ্যোগ সফল হবে তখনই, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেবে।
ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন। তিনি বলেন, "একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।"
আরও পড়ুন: সাতক্ষীরায় উদ্বোধন হলো দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (DUSAP) ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
আরও পড়ুন: জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের জন্য অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন