০৯:১৫ পি.এম
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে: সংগৃহীত। কুমিল্লার ঝাউতলা এলাকা অবস্থিত মক্কা হসপিটাল পিএলসিতে এক প্রসূতি মহিলা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। তবে জন্মের পর অতিরিক্ত অপরিণত অবস্থায় থাকার কারণে দুই নবজাতকের মৃত্যু ঘটে। বর্তমানে জীবিত তিন নবজাতকের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং একজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুজিপাড়া এলাকার বাসিন্দা জান্নাতুল নাঈমা হাসপাতালে পাঁচটি সন্তানের জন্ম দেন। তার স্বামী তারেক প্রবাসে কর্মরত আছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গর্ভধারণের সাত মাস পূর্ণ হওয়ার আগেই প্রসববেদনা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে এবং তিনজন মেয়ে ছিল। তবে তাদের ওজন কম এবং অতিরিক্ত অপরিণত হওয়ার কারণে দুই নবজাতক জন্মানোর পরপরই মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জীবিত তিন নবজাতকের মধ্যে দুজনকে এনআইসিইউতে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মা এবং তিন নবজাতকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরো প্রসব প্রক্রিয়াটি গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সরতাজ বেগমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
আরও পড়ুন: আলফাডাঙ্গা পৌরসভার ১১ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস
প্রসূতির বাবা শামসুল হুদা বলেন, "এটি আমাদের পরিবারের জন্য একদিকে আনন্দের, অন্যদিকে গভীর বেদনার মুহূর্ত। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হলেও দুজনকে হারাতে হয়েছে। বাকি তিন সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।" মক্কা হসপিটাল পিএলসির ব্যবস্থাপনাপরিচালক শাহরিয়ার মামুন বলেন, "একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। আমাদের চিকিৎসক ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও জীবিত তিন নবজাতকের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।" অধ্যাপক ডা. সরতাজ বেগম বলেন, "সাত মাসে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হওয়ায় এটি উচ্চঝুঁকিপূর্ণ প্রসব ছিল। নবজাতকদের ওজন কম থাকার কারণে বিশেষ চিকিৎসার প্রয়োজন হচ্ছে। বর্তমানে মা স্থিতিশীল আছেন এবং জীবিত নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন