ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা এবং উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।

রবিবার চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না এ কথা জানিয়ে তিনি বলেন, বাঁশখালী এখন একটি পর্যটন স্পট হয়ে উঠেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা এখন পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী সামনে ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন। বেড়িবাঁধের বিষয়ে পরিমাপ করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবকে বাঁশখালী আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তা সম্পন্ন করবেন।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। আমরা কোনো ভেদাভেদ করিনি। জামায়াতের এমপি হওয়ার পরেও প্রধানমন্ত্রী বাঁশখালীতে এসেছেন। ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বাঁশখালী (চট্টগ্রাম), ৯ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিগত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের মতো চলে যাবে, কিন্তু দিনশেষে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’

আজ রোববার চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে সরকারের পরিকল্পনা উপস্থাপনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানিসহ সার্বিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করবে। বিরোধী দল বা অন্য কারও যদি কোনো পরিকল্পনা থাকে, তা জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং জনগণের শান্তি নষ্ট করবেন না। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি সময় আগে; এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়।’

দেশের প্রতিটি পরিবারের সার্বিক কল্যাণ ও সামাজিক সুরক্ষার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘জনগণ আমাদের নির্বাচিত করেছে, তাই সরকারের মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা। সুখে-দুঃখে দেশের মানুষের পাশে থাকা, মা-বোনদের পাশে থাকা, দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, অসুস্থ মানুষদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং নারী-পুরুষ নির্বিশেষে তরুণ-যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা।’

তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠনের এক মাসের মধ্যেই আমরা তার বাস্তবায়ন শুরু করেছি। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ সফলভাবে শেষ হয়েছে এবং চলতি মাসের ১৬ তারিখ থেকে মূল কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রায় ৪১ লাখ পরিবারের প্রধান নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। বাঁশখালী উপজেলাতেও প্রায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্যও চালু করা হচ্ছে কৃষক কার্ড, যা সাধারণ কৃষকের পাশাপাশি লবণ চাষীরাও পাবেন। লবণ চাষীদের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে লবণের নতুন মূল্য নির্ধারণের ঘোষণাও শিগগিরই দেওয়া হবে। যার ফলে লবণ চাষী ভাইদের আর আগের মতো কষ্ট পোহাতে হবে না।’

চট্টগ্রামকে অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে আমি মাতারবাড়ীসহ চট্টগ্রামের মহেশখালী ও মীরসরাই অঞ্চল পরিদর্শন করেছি। বিশাল সমুদ্র আমাদের জাতীয় সম্পদ। চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে। সম্প্রতি চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অঞ্চলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বহু শিল্প-কারখানা গড়ে উঠবে এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

স্বাস্থ্যসেবা খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে উপজেলা পর্যায়ে থাকা ৫০ শয্যাকর হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০১ শয্যায় উন্নীত করা হবে, যাতে তৃণমূলের মানুষ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পান।’

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে তারেক রহমান বলেন, ‘বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে হাতে গোনা কিছু ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে ছিল না। কিছু মানুষের সুবিধার জন্য অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই ব্যবস্থাকে জনগণের স্বার্থে পুনর্গঠন করতে কিছুটা সময় প্রয়োজন। আমরা এরই মধ্যে এই কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, আগামী ১০ বছরে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে- সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব।’

তিনি বলেন, ‘আমরা এমন পরিকল্পনা নিচ্ছি, যাতে স্কুল-কলেজ, হাসপাতাল, মিল-কারখানা কিংবা বাসাবাড়ি- সব জায়গায় মানুষ যেন ঠিকভাবে বিদ্যুৎ পায়, এবং গাড়ি-মোটরসাইকেলসহ সবকিছুতে মানুষ যেন সহজে গ্যাস পেতে পারে।’

সরকারের গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামের নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী স্থানীয়দের ধৈর্য ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের চট্টগ্রাম থেকে আমরা দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকারের দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি- একটি অর্থ মন্ত্রণালয়, আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে অঞ্চলের দুইজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ দু’টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, তা হলো জনগণের জীবনমান উন্নত করা। দেশের ভাগ্যের পরিবর্তন করা। আমরা জনগণের জন্য যেসব পরিকল্পনা গ্রহন করেছি তাতে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা জনগণের স্বার্থে যতগুলো কর্মসূচি নিয়েছি সবগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি শ্রমিকের হাতকে কর্মশক্তিতে রূপান্তর করতে। যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারে।’

তিনি বলেন, ‘আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করে প্রতিজ্ঞা করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়া বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় বাঁশখালীর বাহারছড়া গ্রামের একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন।

নতুন বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও হাঁস-মুরগি প্রদান করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় লাখ বিদেশি সিগারেটসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


দেড় লাখ বিদেশি সিগারেটসহ তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের একটি অভিযানে দেড় লাখ পিস বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধে পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সোহাগপুর এলাকায় আশুগঞ্জ থানা পুলিশ এই অভিযান চালায়। রবিবার (৯ আগস্ট) দুপুরে পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠে এসেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলার শিবপুরের হিমেল মিয়া, পলাশ উপজেলার মো. রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আব্দুল আওয়াল। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় এক লাখ ৪৪ হাজার পিস বিদেশি পারটন সিগারেট উদ্ধার করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট দেশে আনা হয়েছিল। এই পাচারকাজে জড়িত তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহ হত্যা মামলায় আত্মগোপনে থাকা ডন যেভাবে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সালমান শাহ হত্যা মামলায় আত্মগোপনে থাকা ডন যেভাবে গ্রেপ্তার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডন। রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার পর সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।

সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি হিসেবে পরিচিত আশরাফুল হক ডন। গত বছরের ২১ অক্টোবর মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন বাংলা চলচ্চিত্রের এই খলনায়ক। সৌদি আরবে ওমরাহ করার পরিকল্পনা ছিল তার, তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ধরা পড়ে যান।

রবিবার (৯ আগস্ট) বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এসব তথ্য জানান। তিনি বলেন, সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

ডনকে গ্রেপ্তারের পর জানতে চাওয়া হলে সিআইডির এই কর্মকর্তা বলেন, বর্তমানে মামলাটি সিআইডি অধিকতর তদন্ত করছে। মামলার অগ্রগতি হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত। সেই সময় আলোচিত মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পুরোনো নথি থেকে দেখা যায়, একাধিক তদন্ত সংস্থার মধ্য দিয়ে সালমান শাহর মৃত্যু রহস্য উদঘাটনে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিচালনায়। সংস্থাটি প্রতিবেদন দেয় যে, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পরেননি।

এদিকে, গত বছরের ২১ অক্টোবর আবার রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেরসন অঞ্চলে ড্রোন দিয়ে ‘ফ্রি হান্টিং’-এর নির্দেশ রুশ বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


খেরসন অঞ্চলে ড্রোন দিয়ে ‘ফ্রি হান্টিং’-এর নির্দেশ রুশ বাহিনীর

ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনী ড্রোনের মাধ্যমে তথাকথিত ‘ফ্রি হান্টিং’ বা মুক্ত শিকারের নির্দেশনা দিয়েছে। যেকোনো যানবাহনের ওপর এই শিকার চালানোর প্রতি নির্দেশ। এর মধ্যে ফাইবার অপটিক নির্দেশিত ড্রোনও অপরিহার্য।

ইলেকট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম এই ড্রোনগুলোর কারণে পুরো খেরসন অঞ্চলের বেসামরিক এবং সামরিক যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

যুক্তরাজ্যীয় ও ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই আশঙ্কাজনক পরিস্থিতি জানানো হয়েছে। রুশ বাহিনী এই অভিযানে প্রচলিত ড্রোনের পাশাপাশি আধুনিক ফাইবার অপটিক ক্যাবল দ্বারা নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করছে। এর ফলে ইউক্রেনীয় বাহিনীর প্রচলিত রেডিও ইলেক্ট্রনিক জ্যামিং (ইডব্লিউ) প্রযুক্তিকে ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত হানার ক্ষমতা মুক্ত হয়।

এই বিশেষ মিশন সফলভাবে পরিচালনার জন্য খেরসন অঞ্চলে রাশিয়ার ড্রোন অপারেটরদের এবং বিশেষ ড্রোন ইউনিটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। রুশ ড্রোন অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে এমন সব যানবাহন খুঁজে বের করার যেগুলো দূর থেকে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর সামরিক পরিবহন হিসেবে মনে হতে পারে। কিন্তু সাধারণ বেসামরিক যানবাহন এবং বাস প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে।

বাজার, গ্যাস স্টেশন এবং সুপারমার্কেটের মতো জনাকীর্ণ স্থানে যানবাহনের উপস্থিতি বেশী হওয়ায় সেখানেই হামলার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।

এই ড্রোনটি তার সরাসরি পাইলটের কাছে তথ্য পাঠায়। তাই সাধারণ ফার্স্ট পারসন ভিউ-এফপিভি ড্রোনের যেভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে নিষ্ক্রিয় করা সম্ভব, এটিকে সে ভাবে জ্যাম করা যায় না।

ক্ষয়ক্ষতি হ্রাস করার লক্ষ্যে, স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ রাস্তাঘাট এবং ভবনের প্রবেশমুখে ড্রোন-প্রতিরোধী জাল বা অ্যান্টি-ড্রোন মেশ স্ক্রিনের ব্যবহার বৃদ্ধি করেছে।

স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো এই অবিরাম ড্রোন নজরদারি এবং নির্বিচার হামলাকে একটি পরিকল্পিত ‘হিউম্যান সাফারি’ বা সন্ত্রাসবাদী অভিযান হিসেবে চিহ্নিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%