ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ


জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ

জরুরি পরিস্থিতি ও সংকটকালীন সময়ে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আমদানিনির্ভরতা কমিয়ে এ খাতের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার একটি জাতীয় রোডম্যাপ প্রণয়ন করতে যাচ্ছে। একই সঙ্গে প্রধান প্রধান ওষুধের ন্যূনতম মজুত নিশ্চিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জরুরি ওষুধের ন্যূনতম বাফার স্টক বজায় রাখার বিধানসহ এ সংক্রান্ত কাঠামোর খসড়া প্রস্তুত করবে।

সম্প্রতি জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের সভায়, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

দেশের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে ওষুধ খাতের সরবরাহ শৃঙ্খলকে আরো শক্তিশালী এবং সংকটমুক্ত রাখতে এই উদ্যোগটি সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সভায় জানানো হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারকরা স্থানীয় চাহিদার প্রায় ৯৮ শতাংশ পূরণ করলেও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং মূল কাঁচামালের ৯০ শতাংশেরও বেশি আমদানি করতে হয়। আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে গজারিয়া এপিআই শিল্প পার্কটি দ্রুত চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

এছাড়া, বর্তমান স্বাস্থ্যসেবার চাহিদা অনুযায়ী দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (এসেনশিয়াল মেডিসিনস লিস্ট) হালনাগাদ করার সিদ্ধান্তও পরিষদ নিয়েছে। এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভায় দেশের ওষুধ খাতের নিয়ন্ত্রণমূলক সক্ষমতা জোরদার করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল বেঞ্চমার্কিং টুলের অধীনে ম্যাচুরিটি লেভেল ৩ (এমএল-৩) অর্জনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এতে বায়ো-ইকুইভ্যালেন্স স্টাডির জন্য দেশীয় সক্ষমতা তৈরি, সেন্ট্রাল মেডিসিন ল্যাবরেটরি স্থাপন এবং গবেষণা ও পরীক্ষার মান বাড়াতে ওষুধ কোম্পানি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার সুপারিশ করা হয়।

প্রস্তাবিত এই পরিকল্পনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, ভূ-রাজনৈতিক সংকট এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর কাঠামো হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বাপি) সভাপতি আব্দুল মুক্তাদির দেশের শক্তিশালী উৎপাদক সক্ষমতা এবং কাঁচামালের আমদানির ওপর নির্ভরতার ব্যবধান তুলে ধরেন। তিনি জানান, দেশীয় উৎপাদন বর্তমানে চাহিদার প্রায় ৯৮ শতাংশ মেটালেও এপিআই এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের ৯০ শতাংশের বেশি আমদানির ওপর নির্ভরশীল।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

তিনি ওষুধ খাতের সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা দূর করতে সরকারের দ্রুত নীতিগত সহায়তা ও হস্তক্ষেপ কামনা করেন এবং স্থানীয়ভাবে উৎপাদনের জন্য ২০-৩০টি অত্যাবশ্যকীয় এপিআইয়ের অগ্রাধিকার তালিকা তৈরির প্রস্তাব দেন। এছাড়া নতুন কমিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে সদস্য রাখার বিষয়ে মতামত দেন।

তিনি জানান, বাংলাদেশের ওষুধশিল্পে দেশীয় উৎপাদন সক্ষমতা শক্তিশালী হলেও এপিআই ও গুরুত্বপূর্ণ কাঁচামালে আমদানির ওপর নির্ভরতা খাতটিকে ঝুঁকিপূর্ণ করেছে। ২০ থেকে ৩০টি এপিআইয়ের অগ্রাধিকার তালিকা চিহ্নিত করে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া গজারিয়া এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক কার্যকর করার জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে গ্যাস লাইন ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি পেতে দীর্ঘ সময় লাগার বিষয়টি সহজতর করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়েট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাইমা) মতে, বাংলাদেশ বর্তমানে প্রায় ৯০ শতাংশ এপিআই আমদানি করে, যার ফলে প্রতি বছর এক বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। বাইমা জানায়, দেশীয় এপিআই উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সংকট ও কাঁচামালের মূল্য ওঠানামা থেকে ওষুধ শিল্প সুরক্ষিত থাকবে। চীন ও ভারতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সংগঠনটি জানায়, একটি শক্তিশালী দেশীয় এপিআই শিল্প ভবিষ্যতে রপ্তানিমুখী খাতে পরিণত হতে পারে।

এদিকে, ওষুধ খাতের রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ওষুধ রপ্তানি বেড়ে ২৩ কোটি ৮৫ লাখ ডলারে পৌঁছেছে, যা ২০১০-১১ অর্থবছরের চার কোটি ৪২ লাখ ডলারের তুলনায় সাড়ে পাঁচ গুণ বেশি।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

বাপি ও বাইমার সূত্র জানায়, এপিআই খাতের প্রতি অধিক নীতিগত সহায়তা তরুণ ও শিক্ষিত সমাজের জন্য জ্ঞানভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈশ্বিক ওষুধ মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে।

এপিআই শিল্পকে পুরোপুরি সচল করতে দেশীয় বিশেষজ্ঞের পাশাপাশি প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাকির আহমেদ চৌধুরী। তিনি গবেষণার কাজে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত তহবিল ও যন্ত্রপাতি বরাদ্দ দেওয়া এবং আধুনিক সেন্ট্রাল মেডিসিন ল্যাবরেটরি স্থাপনের জোরালো দাবি জানান।

সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ন্যাশনাল ইমার্জেন্সি মেডিসিন সাপ্লাই কনটিনজেন্সি প্লান প্রস্তুত এবং ন্যূনতম বাফার স্টক নির্ধারণ করা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত টাস্কফোর্সের আদলে বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন তিনি।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল বেঞ্চমার্কিং টুলের ম্যাচুরিটি লেভেল-৩ অর্জনের ক্ষেত্রে ২১১টি সাব ইন্ডিকেটরের মধ্যে ১৮৭টি সম্পন্ন হয়েছে জানিয়ে বাকি লক্ষ্য অর্জনে দ্রুত জনবল নিয়োগের কথা বলেন।

আরও পড়ুন: মিরপুর-১০-এ উদ্বোধন হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সভায় জানান, ১৯৯৮ সালে পিএইচসির জন্য ১১৭টি ওষুধের তালিকা করা হয়েছিল। পরবর্তী সময়ে চলতি বছরের জানুয়ারি ও আগস্টের বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষাপটে এবং দীর্ঘ সময় বাহিত হওয়ায় বর্তমান চিকিৎসাপদ্ধতি ও রোগীর ধরন অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার আহ্বান জানান।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিয়ুসের লাল কার্ড, ঘটনাবহুল ম্যাচে রিয়াল জয় পেল ডিওমন্ডের গোলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


ভিনিসিয়ুসের লাল কার্ড, ঘটনাবহুল ম্যাচে রিয়াল জয় পেল ডিওমন্ডের গোলে

গোল করে উদযাপনে মেতে উঠেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিএআর পর্যালোচনার পর গোল বাতিল করে দেন রেফারি, এবং ভিনিসিয়াসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। একাধিক সহজ সুযোগ মিস করার পরও, লাল কার্ডের পরেও শেষ পর্যন্ত ভুগতে হয়নি লস ব্লাংকোদের।

আন্তর্জাতিক বিরতির পর স্যান্তিয়াগো বের্নাবুতে অনুষ্ঠিত ঘটনাবহুল প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইয়ান ডিওমান্ডে। আগের লীগ ম্যাচে আতলেতিকোর কাছে হারানোর পর, এই ম্যাচের মাধ্যমে জয়ী হওয়ার ধারায় ফিরেছে রিয়াল।

প্রথমার্ধে দুই দলই আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। শুরুতেই ভিয়ারিয়ালের পাপে গেয়ের শট লক্ষ্যে থাকেনি। সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসলে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ে। ১৯ মিনিটে হলুদ কার্ড দেখেন জুড বেলিংহাম। বল দখলে অতিথিরা এগিয়ে থেকে বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে চাপ তৈরি করে। তবে গোলরক্ষক থিবো কুর্তোয়া ও রক্ষণভাগের সতর্কতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

কোচ হোসে মরিনহোর এদিনের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা ভিনিসিয়াসকে শুরুর একাদশে রাখেননি। বিরতির পর ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান। তাঁর মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ম্যাচের গতি পরিবর্তন হতে শুরু করে।

৬৩ তম মিনিটে আসে ব্যবধান গড়ে দেওয়া গোল। মাঝমাঠ থেকে ফেদেরিকো ভালভের্দে দারুণ একটি থ্রু বল বাড়ান। বক্সের মাঝখানে বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে ডান পায়ের নিচু শটে বাঁ দিকের কোণা দিয়ে জাল কাঁপান ডিওমান্ডে। প্রথমে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। কিন্তু ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ভিয়ারিয়ালের এলেক্স ফ্রিম্যান লাইন থেকে বেরিয়ে এসে ডিওমান্ডেকে অনসাইড রেখেছিলেন। গোল বৈধ ঘোষণা হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে রিয়াল সমর্থকেরা।

গোলের ঠিক নয় মিনিট পর ঘটে ম্যাচের সবচেয়ে নাটকীয় ঘটনা। বেলিংহাম বল নিয়ে শক্তিশালী দৌড়ে ভিয়ারিয়ালের রক্ষণ ভেঙে ভেতরে ঢোকেন এবং বাড়িয়ে দেন ভিনিসিয়ুসের দিকে। এর কিছুক্ষণ আগে এমবাপের একটি কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। বল পেয়ে ভিনিসিয়ুস জালে জড়াতেই স্টেডিয়ামে শুরু হয় উচ্ছ্বাস। ভিনিসিয়ুস ও সতীর্থরাও উদযাপনে মেতে ওঠেন। ২–০ হয়ে গেছে ভেবে সবাই যখন জয় নিশ্চিত মনে করছিলেন, তখনই ভিএআর কক্ষ থেকে ডাক আসে রেফারি ইসিদ্রো দিয়াজ দে মেরার কাছে।

ভিএআর দায়িত্বে থাকা আলেহান্দ্রো মুনিজ পুনরায় দেখে বুঝতে পারেন, আক্রমণ শুরুর মুহূর্তে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন ভিনিসিয়ুস। মাঠের পাশের মনিটরে ঘটনাটি দেখে দিয়াজ দে মেরা গোল বাতিল করে দেন। একই সঙ্গে সরাসরি লাল কার্ড দেখান ভিনিসিয়াসকে, অভিযোগ সহিংস আচরণের। এক মুহূর্তে বার্নাব্যুতে সমর্থকদের উল্লাসধ্বনি নীরব হয়ে যায়। বদলি নেমে গোল করেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়াসকে। সিদ্ধান্ত মানতে না পারা মিডফিল্ডার তখন ছিলেন বিধ্বস্ত। কিছুক্ষণ আগের উচ্ছ্বাসও ততক্ষণে মিলিয়ে গেছে।

ম্যাচ শেষে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস। এরই মধ্যে খবর বেরিয়েছে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি কোচ মরিনহো। এই লাল কার্ডের কারণে ২৬ অক্টোবর (বাংলাদেশ সময়) বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে ভিনিসিয়াসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাঁর নিষেধাজ্ঞা কত ম্যাচের হবে, তা এখনো নিশ্চিত নয়।

১০ জনের দল নিয়ে বাকি সময় প্রায় পুরোটাই রক্ষণে কাটাতে হয় রিয়ালকে। ভিয়ারিয়াল সমতার আশায় বারবার আক্রমণে ওঠে। শেষ দিকে কার্লোস রোমেরোর বাঁ পায়ের জোরালো শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন কুর্তোয়া। যোগ করা সাত মিনিটে উত্তেজনা চরমে ওঠে, গ্যালারি থেকে শোনা যায় দুয়ো ধ্বনি। রিয়ালের পাঁচ খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। অবশেষে রেফারির শেষ বাঁশিতে স্বস্তির নিশ্বাস ফেলে মাদ্রিদ।

আট ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠেছে হোসে মরিনহোর দল। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজ যেসব কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা গুরুত্বপূর্ণ।

রোববার (১১ অক্টোবর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো।

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠান

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পানি সম্পদমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললো জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


রিয়াদ বিমানবন্দরে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললো জিসিসি

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।

জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই হামলাটিকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বেসামরিক এই স্থাপনায় বারবার হামলার ঘটনা একটি অপরাধমূলক প্রবণতার প্রতিফলন, যা শান্তিপূর্ণ বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং যাত্রী ও কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি জিসিসির সদস্যদেশগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। এ ক্ষেত্রে সদস্যদেশগুলো সৌদি আরবের পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে বলেও তিনি জানান।

হুথিরা বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছিল। ওই হামলায় তিনজন নিহত হন এবং একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে শনিবারের হামলার দায় তারা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া একটি বিবৃতিতে জানায়, বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ নেতারা আটক: আজও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


শীর্ষ নেতারা আটক: আজও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজও দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং একাধিক ছাত্রসংগঠন। রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় যন্তর মন্তরে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

শনিবার ব্যাপক ধরপাকড়ের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপির নেতারা। দলটি বলেছে, ভোট চুরি ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত অথবা তাকে অপসারণ না করা পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে মন্তব্য করেন, "সরকার হয়তো ভেবেছিল ধরপাকড়ের পর আমরা বাড়ি ফিরে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই ভয়ই প্রমাণ করে, লড়াইয়ের অর্ধেক আমরা জিতে গেছি।"

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ সংগঠনটির শীর্ষ নেতারা আটক থাকায় শিন্ডে বর্তমানে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। শনিবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিল সিজেপি। তবে সমাবেশের অনুমতি না থাকায় পুলিশের অভিযানে অন্তত তিন হাজার মানুষকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সিজেপির নেতারা বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন। তাদের দাবি, শনিবার বেলা ১১টার দিকে দিল্লিতে একটি উড়োজাহাজ অবতরণের পরপরই অভিজিৎ দীপকে ও অন্যান্য নেতাদের পুলিশ আটক করে। এরপর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

দলটি অভিযোগ করেছে, দীপকের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করা হচ্ছে। মহারাষ্ট্রে তার নিজ শহরে শনিবার দাদি মারা গেলেও, শেষকৃত্যে অংশ নেয়ার সুযোগ তাকে দেয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে।

অজিঙ্কা শিন্ডে বলেন, "জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ না করা পর্যন্ত এখন থেকে প্রতিদিন যন্তর মন্তরে বিক্ষোভ হবে।"

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লক সোমবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, ওই দিন জোটের নেতারা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেবেন।

শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিল বিরোধী জোটটি। দাবিগুলোর মধ্যে রয়েছে—জ্ঞানেশ কুমারের পদত্যাগ; প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের আজীবন দায়মুক্তি দেয়া ২০২৩ সালের আইন বাতিল; ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) অবিলম্বে স্থগিত করে বাদ পড়া ১৩ কোটি ৩০ লাখ ভোটারের নাম পুনর্বহাল; সব নির্বাচনে কাগজের ব্যালট ফিরিয়ে আনা এবং গত দুই বছরে যেসব বিধানসভা নির্বাচনে ভোট চুরির অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, সেগুলো বাতিল করা।

দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তা

শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না থাকায় কর্মসূচি ঠেকাতে অভিযানে নামে পুলিশ। এ সময় দিল্লির বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে চার সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন। তারা হলেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থি নেতা পিনারাই বিজয়ন ও মানিক সরকার।

সিজেপির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দাদির শেষকৃত্যে অংশ নিতে অভিজিৎকে ছেড়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে মুক্তি দেয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর অন্তত ২৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখা হয়েছে, বাতিল করা হয়েছে ২৫০টির বেশি ট্রেন এবং যন্তর মন্তরের চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক নারীদের ও প্রবীণ নাগরিকদের আগেই ছেড়ে দেয়া হয়েছে। তবে রোববারও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন অব্যাহত থাকবে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%