ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভিনিসিয়ুসের লাল কার্ড, ঘটনাবহুল ম্যাচে রিয়াল জয় পেল ডিওমন্ডের গোলে


ভিনিসিয়ুসের লাল কার্ড, ঘটনাবহুল ম্যাচে রিয়াল জয় পেল ডিওমন্ডের গোলে

গোল করে উদযাপনে মেতে উঠেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিএআর পর্যালোচনার পর গোল বাতিল করে দেন রেফারি, এবং ভিনিসিয়াসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। একাধিক সহজ সুযোগ মিস করার পরও, লাল কার্ডের পরেও শেষ পর্যন্ত ভুগতে হয়নি লস ব্লাংকোদের।

আন্তর্জাতিক বিরতির পর স্যান্তিয়াগো বের্নাবুতে অনুষ্ঠিত ঘটনাবহুল প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইয়ান ডিওমান্ডে। আগের লীগ ম্যাচে আতলেতিকোর কাছে হারানোর পর, এই ম্যাচের মাধ্যমে জয়ী হওয়ার ধারায় ফিরেছে রিয়াল।

প্রথমার্ধে দুই দলই আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। শুরুতেই ভিয়ারিয়ালের পাপে গেয়ের শট লক্ষ্যে থাকেনি। সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসলে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ে। ১৯ মিনিটে হলুদ কার্ড দেখেন জুড বেলিংহাম। বল দখলে অতিথিরা এগিয়ে থেকে বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে চাপ তৈরি করে। তবে গোলরক্ষক থিবো কুর্তোয়া ও রক্ষণভাগের সতর্কতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

কোচ হোসে মরিনহোর এদিনের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা ভিনিসিয়াসকে শুরুর একাদশে রাখেননি। বিরতির পর ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান। তাঁর মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ম্যাচের গতি পরিবর্তন হতে শুরু করে।

৬৩ তম মিনিটে আসে ব্যবধান গড়ে দেওয়া গোল। মাঝমাঠ থেকে ফেদেরিকো ভালভের্দে দারুণ একটি থ্রু বল বাড়ান। বক্সের মাঝখানে বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে ডান পায়ের নিচু শটে বাঁ দিকের কোণা দিয়ে জাল কাঁপান ডিওমান্ডে। প্রথমে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। কিন্তু ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ভিয়ারিয়ালের এলেক্স ফ্রিম্যান লাইন থেকে বেরিয়ে এসে ডিওমান্ডেকে অনসাইড রেখেছিলেন। গোল বৈধ ঘোষণা হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে রিয়াল সমর্থকেরা।

গোলের ঠিক নয় মিনিট পর ঘটে ম্যাচের সবচেয়ে নাটকীয় ঘটনা। বেলিংহাম বল নিয়ে শক্তিশালী দৌড়ে ভিয়ারিয়ালের রক্ষণ ভেঙে ভেতরে ঢোকেন এবং বাড়িয়ে দেন ভিনিসিয়ুসের দিকে। এর কিছুক্ষণ আগে এমবাপের একটি কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। বল পেয়ে ভিনিসিয়ুস জালে জড়াতেই স্টেডিয়ামে শুরু হয় উচ্ছ্বাস। ভিনিসিয়ুস ও সতীর্থরাও উদযাপনে মেতে ওঠেন। ২–০ হয়ে গেছে ভেবে সবাই যখন জয় নিশ্চিত মনে করছিলেন, তখনই ভিএআর কক্ষ থেকে ডাক আসে রেফারি ইসিদ্রো দিয়াজ দে মেরার কাছে।

ভিএআর দায়িত্বে থাকা আলেহান্দ্রো মুনিজ পুনরায় দেখে বুঝতে পারেন, আক্রমণ শুরুর মুহূর্তে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন ভিনিসিয়ুস। মাঠের পাশের মনিটরে ঘটনাটি দেখে দিয়াজ দে মেরা গোল বাতিল করে দেন। একই সঙ্গে সরাসরি লাল কার্ড দেখান ভিনিসিয়াসকে, অভিযোগ সহিংস আচরণের। এক মুহূর্তে বার্নাব্যুতে সমর্থকদের উল্লাসধ্বনি নীরব হয়ে যায়। বদলি নেমে গোল করেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়াসকে। সিদ্ধান্ত মানতে না পারা মিডফিল্ডার তখন ছিলেন বিধ্বস্ত। কিছুক্ষণ আগের উচ্ছ্বাসও ততক্ষণে মিলিয়ে গেছে।

আরও পড়ুন: ডুলির লক্ষ্য, সব ম্যাচে জয় নিশ্চিত করা

ম্যাচ শেষে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস। এরই মধ্যে খবর বেরিয়েছে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি কোচ মরিনহো। এই লাল কার্ডের কারণে ২৬ অক্টোবর (বাংলাদেশ সময়) বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে ভিনিসিয়াসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাঁর নিষেধাজ্ঞা কত ম্যাচের হবে, তা এখনো নিশ্চিত নয়।

১০ জনের দল নিয়ে বাকি সময় প্রায় পুরোটাই রক্ষণে কাটাতে হয় রিয়ালকে। ভিয়ারিয়াল সমতার আশায় বারবার আক্রমণে ওঠে। শেষ দিকে কার্লোস রোমেরোর বাঁ পায়ের জোরালো শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন কুর্তোয়া। যোগ করা সাত মিনিটে উত্তেজনা চরমে ওঠে, গ্যালারি থেকে শোনা যায় দুয়ো ধ্বনি। রিয়ালের পাঁচ খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। অবশেষে রেফারির শেষ বাঁশিতে স্বস্তির নিশ্বাস ফেলে মাদ্রিদ।

আট ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠেছে হোসে মরিনহোর দল। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা।

আরও পড়ুন: ১০৪ বছর পর ইতালিয়ান লিগে উচ্চারিত মুসোলিনির নাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজ যেসব কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা গুরুত্বপূর্ণ।

রোববার (১১ অক্টোবর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো।

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠান

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পানি সম্পদমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললো জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


রিয়াদ বিমানবন্দরে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললো জিসিসি

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।

জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই হামলাটিকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বেসামরিক এই স্থাপনায় বারবার হামলার ঘটনা একটি অপরাধমূলক প্রবণতার প্রতিফলন, যা শান্তিপূর্ণ বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং যাত্রী ও কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি জিসিসির সদস্যদেশগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। এ ক্ষেত্রে সদস্যদেশগুলো সৌদি আরবের পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে বলেও তিনি জানান।

হুথিরা বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছিল। ওই হামলায় তিনজন নিহত হন এবং একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে শনিবারের হামলার দায় তারা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া একটি বিবৃতিতে জানায়, বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ নেতারা আটক: আজও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


শীর্ষ নেতারা আটক: আজও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজও দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং একাধিক ছাত্রসংগঠন। রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় যন্তর মন্তরে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

শনিবার ব্যাপক ধরপাকড়ের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপির নেতারা। দলটি বলেছে, ভোট চুরি ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত অথবা তাকে অপসারণ না করা পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে মন্তব্য করেন, "সরকার হয়তো ভেবেছিল ধরপাকড়ের পর আমরা বাড়ি ফিরে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই ভয়ই প্রমাণ করে, লড়াইয়ের অর্ধেক আমরা জিতে গেছি।"

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ সংগঠনটির শীর্ষ নেতারা আটক থাকায় শিন্ডে বর্তমানে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। শনিবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিল সিজেপি। তবে সমাবেশের অনুমতি না থাকায় পুলিশের অভিযানে অন্তত তিন হাজার মানুষকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সিজেপির নেতারা বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন। তাদের দাবি, শনিবার বেলা ১১টার দিকে দিল্লিতে একটি উড়োজাহাজ অবতরণের পরপরই অভিজিৎ দীপকে ও অন্যান্য নেতাদের পুলিশ আটক করে। এরপর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

দলটি অভিযোগ করেছে, দীপকের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করা হচ্ছে। মহারাষ্ট্রে তার নিজ শহরে শনিবার দাদি মারা গেলেও, শেষকৃত্যে অংশ নেয়ার সুযোগ তাকে দেয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে।

অজিঙ্কা শিন্ডে বলেন, "জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ না করা পর্যন্ত এখন থেকে প্রতিদিন যন্তর মন্তরে বিক্ষোভ হবে।"

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লক সোমবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, ওই দিন জোটের নেতারা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেবেন।

শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিল বিরোধী জোটটি। দাবিগুলোর মধ্যে রয়েছে—জ্ঞানেশ কুমারের পদত্যাগ; প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের আজীবন দায়মুক্তি দেয়া ২০২৩ সালের আইন বাতিল; ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) অবিলম্বে স্থগিত করে বাদ পড়া ১৩ কোটি ৩০ লাখ ভোটারের নাম পুনর্বহাল; সব নির্বাচনে কাগজের ব্যালট ফিরিয়ে আনা এবং গত দুই বছরে যেসব বিধানসভা নির্বাচনে ভোট চুরির অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, সেগুলো বাতিল করা।

দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তা

শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না থাকায় কর্মসূচি ঠেকাতে অভিযানে নামে পুলিশ। এ সময় দিল্লির বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে চার সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন। তারা হলেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থি নেতা পিনারাই বিজয়ন ও মানিক সরকার।

সিজেপির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দাদির শেষকৃত্যে অংশ নিতে অভিজিৎকে ছেড়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে মুক্তি দেয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর অন্তত ২৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখা হয়েছে, বাতিল করা হয়েছে ২৫০টির বেশি ট্রেন এবং যন্তর মন্তরের চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক নারীদের ও প্রবীণ নাগরিকদের আগেই ছেড়ে দেয়া হয়েছে। তবে রোববারও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন অব্যাহত থাকবে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ নিহত, নিন্দা জানালো জাতিসংঘসহ বিভিন্ন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০১ এম


রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ নিহত, নিন্দা জানালো জাতিসংঘসহ বিভিন্ন দেশ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হওয়ার ঘটনায় বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

সৌদি আরবের অভিযোগ, চলতি সপ্তাহে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি ছিল হুথিদের তৃতীয় হামলা। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইয়েমেনে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে হুথিরা। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর স্থলযুদ্ধে সহায়তা করতে সৌদি আরবও বিমান হামলা চালাচ্ছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শিগগিরই কথা বলবেন। একই সঙ্গে তিনি বলেছেন, হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া উচিত কি না, তা বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি আমরা বিবেচনা করব। সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নেব। খুব দ্রুত পদক্ষেপ নেব।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হুথিদের হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তিনি এসব ‘নিন্দনীয় হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে রুবিও লেখেন, ‘আমরা সৌদি আরব ও দেশটির জনগণের পাশে আছি। নিহত ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জাতিসংঘের উদ্বেগ

ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরগুলোতে প্রাণঘাতী হামলাকে ‘সংঘাতের গুরুতর বিস্তার’ হিসেবে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে। পাশাপাশি সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করে এবং ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে।

মিসর, কাতার ও ফিলিস্তিনের নিন্দা

হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। একই সঙ্গে এতে নাগরিকদের নিরাপত্তার প্রতি চরম অবজ্ঞার প্রকাশ ঘটেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার নিন্দা জানিয়েছে। তাদের ভাষায়, এ হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। এটি আঞ্চলিক নিরাপত্তা, বেসামরিক মানুষের সুরক্ষা, বেসামরিক স্থাপনা ও বিমান চলাচলের জন্য সরাসরি হুমকি।

কাতার সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব যেসব বৈধ পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতিও সমর্থন জানিয়েছে দোহা।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে।

হুথিদের হামলা সহ্য করা যায় না: জাপান

সৌদি আরবে জাপানের দূতাবাস হুথিদের বারবার হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দূতাবাস বলেছে, বেসামরিক মানুষের ওপর হামলা কোনো পরিস্থিতিতেই সহ্য করা যায় না।

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বিভিন্ন দেশের এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সৌদি আরবের প্রতি আন্তর্জাতিক সমর্থন স্পষ্ট হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের চলমান সংঘাতের আরও বিস্তার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%