০৭:৫২ এম
নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট (আরইসি) উন্নয়নের সম্ভাবনা অনুসন্ধানে এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড এবং গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনস কো. লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকটি চট্টগ্রামের বারকোড ফুড জাঙ্কশনে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে একটি অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে পিডব্লিউসি জাপান, গ্রিন এন্ড ব্লু প্লানেট সল্যুশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জেআইসিএ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য একটি মতবিনিময় সভা এবং শিল্পকারখানা পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা এন. মোহাম্মদ গ্রুপ-এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিশেষভাবে প্লাস্টিক ক্রেডিট, এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ (সোলার পিভি) প্রকল্প থেকে নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট (আরইসি) উন্নয়নের সম্ভাবনা এবং পরিমাপযোগ্য কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনের বিভিন্ন সুযোগগুলো নিয়ে এসময় বিস্তারিত আলোচনা হয়।
এন. মোহাম্মদ গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. মনজুরুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হকসহ এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।
অন্যদিকে, সফরকারী প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইউজি ইয়োশিদা, পিডব্লিউসি জাপান এবং কেনইচি উয়েয়ামা, গ্রিন অ্যান্ড ব্লু প্লানেট সল্যুশন ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জেআইসিএ) একজন প্রতিনিধি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এন. মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. মনজুরুল হক বলেন, দায়িত্বশীল শিল্পায়ন ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এই সমঝোতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই চর্চাকে গ্রুপের উৎপাদন ও জ্বালানি কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে একীভূত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক মন্তব্য করেন, এন. মোহাম্মদ গ্রুপ ধারাবাহিকভাবে পুনর্ব্যবহার (রিসাইক্লিং), নবায়নযোগ্য জ্বালানি, সম্পদের দক্ষ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগ করে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন গ্রিন অ্যান্ড ব্লু প্লানেট সল্যুশন-এর কারিগরি দক্ষতা এবং পিডব্লিউসি জাপান ও জেআইসিএ-এর প্রতিনিধিদের সম্পৃক্ততা গ্রুপকে তাদের টেকসই উদ্যোগের মাধ্যমে পরিবেশগত মূল্য সৃষ্টি করতে সাহায্য করবে।
জানা গেছে, স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান কারিগরি আলোচনা, সম্ভাব্যতা যাচাই এবং পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষভাবে এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে আরইসি উন্নয়নের সম্ভাবনা মূল্যায়ন এবং প্লাস্টিক ক্রেডিট ও কার্বন ক্রেডিট-সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সুযোগগুলো যৌথভাবে অনুসন্ধান করা হবে।
এই অংশীদারত্বের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ পরিবেশগত প্রভাব হ্রাস, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বাংলাদেশে আরও একটি টেকসই ও স্বল্প-কার্বনভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন