০৫:২৫ পি.এম
শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু, রিদম ফকির (৮) ও রিফাত শেখ (৭) নামে। এই শিশু দুটি মামাতো-ফুফাতো ভাই।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রিদম ফকির পাপরাইল গ্রামের বাবুল ফকিরের ছেলে। অন্যদিকে, রিফাত শেখের বাবার বাড়ি বরিশালের পিরোজপুর হলেও সে তার মায়ের সঙ্গে মামাবাড়ি পাপরাইল গ্রামে বেড়াতে গিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় রিদম ও রিফাত একসঙ্গে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় তারা। দুপুর হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
একপর্যায়ে পুকুরের পানিতে তারা একজনকে ভাসতে দেখেন। পরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনকেও ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশু দুটি খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পরে যায় বলে ধারণা করা হচ্ছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাশার মিয়া বলেন, দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন