০১:৫৫ পি.এম
বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। শাহরুখ খানের এই নতুন সিনেমায় অ্যাকশন, নাটকীয়তা, আবেগ এবং তারকাদের সমাগম—সবকিছুই বিদ্যমান। তবে, বাণিজ্যিক ঘরানার সিনেমা হওয়ার কারণে গল্পের প্রতিটি বিষয় নিয়ে যুক্তি খুঁজতে গেলে দর্শকদের কিছুটা ছাড় দিতে হবে বলে মনে করেন বলিউড বাদশাহ।
সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে শাহরুখ তার আগামী সিনেমা ‘কিং’ সম্পর্কে কথা বলেন। অনুষ্ঠানে করণ জোহর এবং কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সিনেমাটি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় তিনি ‘কিং’-এর দ্বিতীয় গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ প্রকাশ করেন।
সিনেমাটি থেকে দর্শক কী প্রত্যাশা করতে পারেন, এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখতে যেতে পারবেন। এতে অনেক নাটকীয়তা ও প্রচুর অ্যাকশন রয়েছে, যার কিছুই এখনো দেখাইনি। আপনারা গানগুলো শুনেছেন। সিনেমায় অনেক তারকা রয়েছেন। তাদের নাম এখনই বলছি না।’
আরও পড়ুন: ‘রকস্টার’-এর গান পছন্দ না হওয়ায় ৮ মাস পারিশ্রমিক পাননি এ আর রহমান
‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শাহরুখ বলেন, সিদ্ধার্থের সঙ্গে তিনি দারুণ কিছু সিনেমা করেছেন। তিনি আশা করছেন, ‘কিং’ও দর্শকদের ভালো লাগবে।
শাহরুখের কথায়, এটি একটি ভালো সিনেমা, যা দেখে দর্শক আনন্দ পাবেন। তবে বাণিজ্যিক সিনেমা হওয়ার কারণে গল্পের যুক্তি কিছুটা এদিক-সেদিক হলেও সমস্যা নেই। এর বাইরেও সিনেমাটিতে বেশ কিছু ভালো বিষয় রয়েছে।
‘কিং’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন শাহরুখ। প্রথম কারণটি তার অভিনয়জীবনের শুরুর সময়ের সঙ্গে জড়িত। অভিনেতা জানান, ইন্ডাস্ট্রিতে আসার সময় তিনি নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না। সে সময় নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াকে তিনি ব্যক্তিগতভাবে বড় প্রাপ্তি হিসেবে দেখেছিলেন। নিজের মতো সাধারণ চেহারার একজন মানুষও নায়ক হতে পারেন—এই ভাবনা তাকে অনুপ্রাণিত করেছিল।
শাহরুখ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আসার সময় আমি ভাবতাম, আমি দেখতে ভালো নই। তখন নায়ক হওয়ার প্রস্তাব পেয়ে বিষয়টি আমি খুব ব্যক্তিগতভাবে নিয়েছিলাম। আমার মতো সাদামাটা চেহারার কেউ নায়ক হতে পারে! তাই এটাকে আমি খুব যত্ন করে আগলে রাখি। আমি সব সময় নায়কের মতো করেই নায়কের চরিত্রে অভিনয় করতে চাই।’
আরও পড়ুন: ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ ২০২৬: ‘সমাজ পরিবর্তনের মূল শক্তি তরুণ’
দ্বিতীয় কারণ হিসেবে সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধানের কথা তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে একটি সিনেমার শুটিংয়ের মজার ঘটনা স্মরণ করেন শাহরুখ। সিনেমার নাম কিংবা নায়িকার পরিচয় প্রকাশ না করে জানান, একটি দৃশ্যে নায়িকার কাছে ভালোবাসার কথা বলছিলেন তিনি। ঠিক সেই সময় মনে মনে প্রশ্ন জাগে, ‘কাল সকালের গণিতের বাড়ির কাজ শেষ করেছ তো, মা?’
ঘটনাটি বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন অভিনেতা। তিনি বলেন, ‘যেসব মেয়ের সঙ্গে অভিনয় করছিলাম, তাদের সঙ্গে আমার বয়সের ব্যবধান এত বেড়ে গিয়েছিল যে আমার মনে হলো, নিজের বয়সের চরিত্রেই অভিনয় করা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন