০৪:৪০ পি.এম
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছে। এই ঘটনার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. মনোয়ার হোসেন খোকন (৪৫)। তিনি টঙ্গীর দাঁড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক।
পুলিশ আরও জানায়, সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় শ্রী নীল মোহন (৫০) নামে একজনের বাড়িতে হামলা এবং ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এরপর প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের মতে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিদ্যমান ছিল।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ জনের একটি দল নীল মোহনের বাড়িতে হামলা চালায়। হামলার সময় তাকে ঘর থেকে বের করে মারধর করা হয়। এ ঘটনায় নীল মোহনের স্ত্রী বৃষ্টি মণ্ডল (৪০), ছেলে বিজয় মণ্ডল (১৪) এবং ভাতিজি চায়না (২২) আহত হন। হামলার সময় বাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন