০২:১৩ পি.এম
শিশুর অপুষ্টিজনিত অনন্ধত্ব প্রতিরোধ, শারিরীক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যু ঝুঁকি হ্রাস ও রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছরে চাঁদপুর জেলায় ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে একটি প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি প্রয়োজন মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়টি জরুরি।
তিনি আরও জানান, জেলার ৮ উপজেলার দু’টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম বাস্তবায়িত হবে।
আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
এই প্রক্রিয়াটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন