০২:৪৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর সীমান্ত এলাকায় অনুমোদিত শর্তের বাইরে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের নেতৃত্বে মেঘনা নদীর আশুগঞ্জ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসানসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে আটক ও সাজাপ্রাপ্তরা হলেন—ড্রেজিংয়ের স্টাফ মো. সিরাজ (৪০), পিতা লোকমান, গ্রাম উত্তর দগলদী, থানা ও জেলা ভোলা; মো. দ্বীন ইসলাম (৩৪), পিতা গোলাপ মিয়া, গ্রাম আব্দুল্লাহরচর, থানা রায়পুরা, জেলা নরসিংদী; এবং রাকিবুল (২২), পিতা বাচ্চু তালুকদার, গ্রাম চর ডাইয়া, থানা মেহেন্দীগঞ্জ, জেলা বরিশাল।
অভিযানে একটি ড্রেজার জব্দ করা হয়েছে। নদীতে অনুমোদিত শর্তের বাইরে বালু উত্তোলন ও অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন