০২:৪৬ পি.এম
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সাহাব উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপরাধ প্রতিরোধমূলক অভিযানের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব পরাগলপুর ছোট মসজিদ নাহেরপুর রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাকা রাস্তার ওপর থেকে সাহাব উদ্দিনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাহাব উদ্দিন পরাগলপুর এলাকার ৪নং ওয়ার্ডের নুর ইসলাম সওদাগর বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্য এক অভিযানে এসআই মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মূলে তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—উত্তর কাটাছড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৯) ও আরাফাত হোসেন (১৭) এবং মুহুরী প্রজেক্ট এলাকার হারুনুর রশিদ সুমনের ছেলে মোঃ জাহেদ (১৭)।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন