আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি
০২:২৫ পি.এম
সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একাধিক ডিও লেটার দিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
ডিও লেটারগুলোর মাধ্যমে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা ও উন্নয়ন চাহিদা প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য তুলে ধরেছেন তিনি।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো জরুরি ভিত্তিতে উড়ির চরের দক্ষিণাংশে ভাঙ্গন রোদে স্থায়ী প্রকল্পের জন্য বরাদ্দ প্রদান, পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ, সন্দ্বীপের শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে ২০০ কোটি টাকা ব্যয়ে ‘সন্দ্বীপ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প’ গ্রহণের প্রস্তাব। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নতুন সাবস্টেশন নির্মাণ, নতুন বিতরণ লাইন স্থাপন, সোলার লাইন নির্মাণ এবং বিদ্যমান এনাম নাহার সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সন্দ্বীপের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে কুমিরা–সন্দ্বীপ জেলা মহাসড়ক (জেড-১০২৫)-এর অবশিষ্ট ৮.৫০ কিলোমিটার সড়কাংশ প্রশস্তকরণ ও সংস্কারের জন্যও প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এমপি মোস্তফা কামাল পাশা।
একই সঙ্গে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ, গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং অন্যান্য সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্যও পৃথক প্রস্তাব দিয়েছেন তিনি।
ডিও লেটারগুলোতে সংসদ সদস্য উল্লেখ করেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সামাজিক অবকাঠামো উন্নয়নে এসব প্রকল্প অত্যন্ত জরুরি।
সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আসলেন দেখলেন জয় করলেন’— বার্সেলোনায় লিওনেল মেসির কাহিনী এমন হলেও, আর্জেন্টিনার মানুষের হৃদয় জয় করা এই সর্বকালের অন্যতম সেরা মহাতারকার জন্য সহজ ছিল না। এক সময় তো তিনি দেশের সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথাও বলেছিলেন এলএম-টেন। তবে যখন ভাগ্য বিধাতা শেষের গল্পটি রূপকথার মতো লেখেন, তখন মর্ত্যের মানুষের পক্ষে সেই গল্প বদলানো সম্ভব নয়।
মেসির বিদায়ি ম্যাচের আয়োজনই প্রমাণ করে যে, তিনি অবসর ভেঙে ফিরে এসে দেশের জন্য কত কিছু করেছেন। তিনি জিতেছেন দুটি কোপা আমেরিকা, একটি ফিনালোসিমা এবং ফুটবলের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নের শিরোপা, বিশ্বকাপ।
এত কিছুর পরেও আর্জেন্টিনা ভক্তদের মনে হয়তো বাজছিল—‘এই পথ যদি না শেষ হয়…’। তবে সব পথেরই শেষ আছে। পাহাড় থেকে বয়ে চলা নদীও একসময় সাগরের বুকে মিলিত হয়। আর রোজারিওর মেসি আজ আর্জেন্টিনার জার্সি তুলে রেখে মহাকালের গল্পে মিশে যাবেন। সেই গল্পে রয়েছে উত্থান-পতন এবং ব্যর্থতার পর সাফল্যের শিখরে পৌঁছানোর কাহিনী।
আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মেসি শেষবারের মতো মাঠে নামবেন। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে লাখখানেক দর্শক উপস্থিত থাকবেন মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির বিদায়ি ম্যাচে এমন তিনটি স্টেডিয়ামের টিকিট সহজেই বিক্রি হয়ে যেত।
স্বপ্নের এই সমাপ্তির আগে, মেসির জন্মশহর রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মনুমেন্টে বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন রোজারিওবাসী। তারা বিশাল এক ১০ নাম্বার জার্সিতে সোনালি রঙে লিখেছেন, ‘ধন্যবাদ’।
মেসি আসলে আর্জেন্টিনাবাসীর জন্য যা করেছেন, তার জন্য আরও বড় করে ‘ধন্যবাদ’ লিখলেও তা কম হয়ে যায়। তবে দেশের ফুটবলের রাজাকে রাজকীয় বিদায় দেওয়ার বিষয়ে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দেশের জার্সিতে শেষবার মাঠে নামার আগে আবেগ ধরে রাখতে বেগ পাচ্ছেন মেসি, যিনি কঠিন মুহূর্তে ঠাণ্ডা মাথায় একের পর এক ডিফেন্ডারকে ধরাশায়ী করেছেন। আবেগ চেপে রাখতে না পেরে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, জানি এগুলো খুব মিস করব।’
রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকেও যে ভক্তরা মিস করবেন, তা নতুন করে বলার কিছু নেই। ইতিমধ্যে ভক্ত ও প্রতিদ্বন্দ্বী সবার মনে বিষণ্ণতার কালো মেঘ জেঁকে বসেছে।
এ কারণে কেউ স্টেডিয়ামে, আবার কেউ টিভির পর্দায় অশ্রুসিক্ত চোখ নিয়ে আগামীকাল ভোরে দেখতে বসবেন মেসির ‘লাস্ট ড্যান্স’। তাই স্বাভাবিক খেলার চেয়ে কাল আবেগই হয়তো বেশি ভেসে উঠবে মাঠে, যা ছড়িয়ে পড়বে কোটি ভক্তের হৃদয়ে। সবাই তখন একসঙ্গে চিৎকার করে উঠবে—‘গ্রাসিয়াস মেসি’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেল লাইনে একটি কুকুর প্রবেশ করার কারণে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (এমআরটি) এর পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনা ঘটে ১১টা ৫৪ মিনিটের দিকে।
তিনি আরও জানান, মেট্রো রেলের লাইনে কুকুর ঢুকে পড়ার কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল স্থগিত ছিল। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য তুলে ধরেন।
তিনি জানালেন, আগামী চার অর্থবছরে ধাপে ধাপে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৫৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান মেয়াদে তিন বছরের মধ্যে এই কর্মসূচিটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
সম্মানির হার অনুযায়ী, ইমামদের জন্য ৫ হাজার, মুয়াজ্জিনদের জন্য ৩ হাজার ও খাদেমদের জন্য ২ হাজার টাকা করে বরাদ্দ থাকবে। পুরোহিতদের জন্য ৫ হাজার এবং সেবাইতদের জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিহার অধ্যক্ষদের জন্য ৫ হাজার, উপাধ্যক্ষদের জন্য ৩ হাজার, যাজকদের জন্য ৫ হাজার ও সহকারী যাজকদের জন্য ৩ হাজার টাকা সম্মানি প্রদান করা হবে। ধর্মীয় উৎসব উপলক্ষে বার্ষিক উৎসব ভাতাও দেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিন মসজিদের ২২৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের ১০ জন পুরোহিত ও সেবাইতকে রাষ্ট্রীয় সম্মানি প্রদান করা হয়েছে।
দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতা বৃদ্ধি করে কার্ডধারীদের মাসে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।
বেকারদের কর্মসংস্থানের জন্য আগামী ডিসেম্বরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করার পরিকল্পনা রয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের ডাটাবেস তৈরি করা হবে। একই সঙ্গে শিল্প-কারখানার কর্মীর চাহিদার তথ্য নিয়ে অনলাইন ও অফলাইন ডাটাবেস তৈরি করা হবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।
এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রারম্ভিক জ্বালানি বহনকারী কার্গো বিমান গত ২ অক্টোবর রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে বলে জানান উপদেষ্টা।
তিনি জানান, সেপ্টেম্বরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান চালিয়ে এক হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানকে এক কোটি ৮১ লাখ পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। চলতি সপ্তাহে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৯ দশমিক ১৯ মেট্রিক টন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এছাড়া পরিবেশদূষণের ঘটনায় ১১২টি মামলা করে ১৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গত সাত মাসে প্রায় চার লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত বিশেষ নির্দেশনা প্রদান করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে যে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই-সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর বুকিং করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়, যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে নির্ধারিত।
আইভ্যাকের তথ্য অনুযায়ী, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্লট খোলা থাকে।
গাইডলাইনে আবারও উল্লেখ করা হয়েছে যে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই-সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুকিং করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ