ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে


সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনায় বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর পর দায়ের করা মামলায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।

 

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

আসামিদের মধ্যে রয়েছেন পনি গাজী, যিনি প্যারা পনি নামেও পরিচিত, সেড্রিক জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

 

পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এর আগে, গত ৩১ আগস্ট আসামিদের পাঁচদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট, স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের ডাক্তার দেখানোর জন্য ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

 

অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

পরবর্তীতে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

 

মামলার পর গত ৩০ আগস্ট র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : আজ বাঘারপাড়া উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮ বছর বয়সী মোটরসাইকেল চালক প্রতাপ পাল।

আজ শনিবার দুপুরের দিকে, আড়াইটার সময়, দুর্ঘটনাটি ঘটে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায়।

নিহত প্রতাপ পাল ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের পুত্র। তিনি স্থানীয় ছাতিয়ানতলা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন এবং পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে প্রতাপ পাল মোটরসাইকেল নিয়ে দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে তিনি আকস্মিকভাবে ব্রেক করেন, ফলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে একত্রিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে কারাভোগ শেষে শিশুসহ দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ভারতে কারাভোগ শেষে শিশুসহ দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

 

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ দেশে ফিরে এসেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারত সরকারের প্রদত্ত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।এই ফিরতি ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।এদের মধ্যে নড়াইলের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তার মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তার মেয়ে রুকসানা খাতুন (৫), বরিশাল জেলার খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৯), রাজবাড়ী জেলার নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা (২৮), খুলনা জেলার সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার (২৩) এবং একই জেলার বিধান চন্দ্র বাচ্চুর ছেলে রামকৃষ্ণ বাচ্চু (২০) অন্তর্ভুক্ত রয়েছেন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের আশায় দালাল চক্রের খপ্পরে পড়ে শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ তিন বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। শনিবার সন্ধ্যায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে ‍‍সিরাহ এক্সিবিশন ২০২৬‍‍

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে ‍‍সিরাহ এক্সিবিশন ২০২৬‍‍

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম, আদর্শ এবং তাঁর সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে রাজধানীর মিরপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও ইতিহাস চর্চাকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রদর্শনীতে কোমলমতি শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন মডেল ও প্রতিকৃতির মাধ্যমে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

যে ইতিহাস আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি কিংবা হৃদয়ে ধারণ করেছি, সেই ইতিহাস আজ যেন জীবন্ত ভেসে উঠলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের কোমলমতি শিক্ষার্থীদের নিপুণ হাতে। হযরত মুহাম্মদ (সাঃ) এর সময়কার ব্যবহৃত জিনিসপত্র কিংবা কাবার সেই প্রাচীন রূপ, ঠিক এমনই এক অলৌকিক অনুভূতি তৈরি করেছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের এই খুদে শিক্ষার্থীরা!

প্রদর্শনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত সামগ্রীর প্রতিরূপ হিসেবে বিভিন্ন মডেল স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে জুতা, লাঠি, পাগড়ি এবং সে সময়ের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর প্রতিকৃতি। এসব নিদর্শনের মাধ্যমে নবীজির সময়কার জীবনধারা ও ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনকাল নয়, প্রদর্শনীতে ইসলামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় ও ঘটনাও তুলে ধরা হয়েছে। হিজরতের আগের আরব সমাজ, তৎকালীন মানুষের জীবনযাপন, নবুয়তের পর ইসলামের বিস্তার এবং হিজরতের পরবর্তী সময়ের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট শিক্ষার্থীদের তৈরি মডেলে ফুটে উঠেছে।

বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পবিত্র মক্কার ঐতিহাসিক পরিবেশ। কাবা শরিফের বিভিন্ন সময়ের স্থাপত্য ও পরিবর্তনের ধারণা দিতে শিক্ষার্থীরা তৈরি করেছে একাধিক মডেল। এর মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোর অতীত ও বর্তমান সম্পর্কে একটি দৃশ্যমান ধারণা পাওয়ার সুযোগ পেয়েছেন।

প্রদর্শনীর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে ইতিহাসকে শুধু মুখস্থ করার বিষয় হিসেবে উপস্থাপন করা হয়নি। বরং শিক্ষার্থীদের নিজেদের হাতে বিভিন্ন মডেল তৈরির মাধ্যমে ইতিহাসকে জানার, বোঝার এবং উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। ফলে পাঠ্যবইয়ে পড়া বিষয়গুলো বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৃজনশীল চিন্তা ও অনুসন্ধানী মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে জানার ক্ষেত্রে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ তৈরি করতে পারে।

শিক্ষকদের প্রত্যাশা, শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তবধর্মী ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসের বিভিন্ন বিষয় আরও সহজে আয়ত্ত করতে পারবে। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে তাদের জানার পরিধিও বিস্তৃত হবে।

আয়োজকদের এই উদ্যোগে ইতিহাস চর্চার সঙ্গে সৃজনশীলতার একটি সুন্দর সমন্বয় ঘটেছে। শিক্ষার্থীদের তৈরি প্রতিটি মডেল যেন বইয়ের পাতায় থাকা একটি ঐতিহাসিক অধ্যায়কে চোখের সামনে তুলে ধরেছে। এমন আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতিহাসকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে শেখার এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেও ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%