০৪:৩৩ পি.এম
ঢাকা, ৮ আগস্ট ২০২৬ : বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। দলের বাজে ব্যাটিংয়ের জন্য পরে ইনিংস ও ৩৮ রানে পরাজয়ের হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।
সিমন্স বলেন, টেস্ট ম্যাচের আগে এখনও তিনদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে নিজেদের প্রস্তুত করে নিতে হবে।
প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরির ফলে বাংলাদেশ ২৬৩ রানের পুঁজি গড়েছিল। মিরাজের অপরাজিত ১০৯ রানের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ এবং সাদমান ইসলাম ৩১ রান করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তুললে বাংলাদেশ ৯২ রানে পিছিয়ে পড়ে। দ্বিতীয় দিনের শেষ সেশনে ৫ ওভার ব্যাট করে মাত্র ১৯ রানই তুলতে পারে টাইগাররা। তাদের হাতে তখন ৮ উইকেট ছিল এবং ৭৩ রানে তারা পিছিয়ে ছিল।
তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসার ক্যাম্পবেল থমসনের তোপে বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। প্রথম সেশনের আগেই ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায়। ওপেনার তানজিদ হাসানের ২২ রান ছাড়া অন্য কোন ব্যাটার দুই অংকের রান স্পর্শ করতে পারেনি।
সিমন্স মাঠে বাংলাদেশের ব্যাটারদের এমন বাজে পারফরমেন্সে হতাশ হয়েছেন। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচের আগে যে তিন দিন আমাদের সময় ছিল, সেখানে কিছু ভালো কাজ করেছি। কিন্তু প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নিজেদের হতাশ করেছি। যেভাবে আউট হয়ে যাচ্ছি, তা মোটেই ভালো নয়।’
তবে টেস্ট ম্যাচের আগে সিমন্স নিজেদের ভুল কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মন্তব্য করেন, ‘টেস্ট ম্যাচে যা করতে হবে, সেসব কাজের জন্য আমাদের তিন দিন সময় রয়েছে। আমি ছেলেদের ওপর বিশ্বাস রাখি। আমরা সামনের দিকে তাকাচ্ছি এবং টেস্ট ম্যাচের জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
অস্ট্রেলিয়া একাদশের ক্যাম্পবেল ২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে পরাস্ত করেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ তিনটি অনুশীলন সেশন পাবে। টাইগাররা ১৩ আগস্ট থেকে ডারউইনে প্রথম টেস্ট খেলতে নামবে। দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে। শেষবার টাইগাররা ২০০৩ সালে ডারউইনেই টেস্ট খেলেছিল।
ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট থেকে শুরু হবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন