শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৫ এম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। সর্বশেষ ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
এ বছরের মধ্যে দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বৃদ্ধি করা হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বায়ুদূষণের তালিকায় বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আজ ছুটির দিনে ঢাকা বায়ুদূষণের তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরের মধ্যে অবস্থান করলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে থাকলে সেটি অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। ৩০১-এর বেশি স্কোর হলে সেটি দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার দূষণ স্কোর ১৮৯, যা নির্দেশ করে যে এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, কাবুলের দূষণ স্কোর ২৯৭, যা সেখানকার বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করে।
বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা, দিল্লি এবং লাহোরের নাম বারবার উঠে আসে। এসব শহরের দূষণের কারণে প্রতিবছর বহু মানুষ প্রাণ হারাচ্ছে এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।
পরিবেশবাদীরা বারবার এ বিষয়ে সতর্ক করলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে এবং তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশনা দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ