ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পানিবন্দি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


পানিবন্দি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

আজ রোববার দুপরের সময় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী পরিদর্শন করেন

তিনি জানান, সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সেইসঙ্গে তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

সুজন মাহমুদ জানান, সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্তব্য করেন, দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: ১ ডিসেম্বর ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, স্থানীয় প্রশাসনের কার্যক্রম, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে, সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব তথ্য জানার পর প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব সুজন মাহমুদ।

আরও পড়ুন: মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ: শিক্ষামন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১২ জুলাই) বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।

জানাজায় অংশ নেন আত্মীয়-স্বজন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্থানীয় মানুষ।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে রবিবার ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর।

সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হৃদয় ভাঙলেও দলের সঙ্গ ছাড়িনি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


‘হৃদয় ভাঙলেও দলের সঙ্গ ছাড়িনি’

 

প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার খবরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে পরাজিত করে শেষ চারে যাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তুলে ধরেছেন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা সমর্থকের অনুভূতি, অপেক্ষা এবং ভালোবাসার গল্প।

তার স্বামী এফ এস নাঈমকে সঙ্গে নিয়ে কানসাস স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন নাদিয়া। স্টেডিয়াম থেকে তোলা ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা।’

একই পোস্টের মধ্যে স্টেডিয়ামটির বিশেষ স্মৃতির কথাও উল্লেখ করেন তিনি। জানান, এই মাঠেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা।

ম্যাচের আগে দেওয়া আরেকটি দীর্ঘ পোস্টে নাদিয়া স্মরণ করেন আর্জেন্টিনা সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষা ও হতাশার দিনগুলোর কথা।

তিনি লেখেন, ‘২০২২ সালের আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে। তাই এই দলের সমর্থক হতে হলে মনোবল সত্যিই শক্ত হতে হয়।’

এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপের তিক্ত স্মৃতিগুলো একে একে তুলে ধরে তিনি লেখেন, ‘আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তার পরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা।’

‘এসব দেখেছি, তবু কখনো দল ছাড়িনি। বছরের পর বছর ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’ বললেন actress নাদিয়া আহমেদ।

নাদিয়ার কথায়, আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা কখনোই শুধু শিরোপানির্ভর ছিল না। তার কাছে এই দল ইতিহাস, ঐতিহ্য, জার্সি এবং আবেগের প্রতীক। তাই একটি দলের প্রতি সমর্থনকে কেবল ট্রফির সংখ্যায় মূল্যায়ন করা যায় না।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই আমাদের ভেঙে দেওয়া এত সহজ নয়।’

পোস্টের শেষ অংশে বর্তমান সময়ের আর্জেন্টিনা দলকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের সাফল্য সমর্থকদের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করেছে। ফলে সমালোচনা কিংবা বিদ্রূপ এখন আর তাদের বিশ্বাসকে নড়বড়ে করতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ব্যক্ত করেছেন, আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মানসম্মত, প্রাণবন্ত এবং আকর্ষণীয় পাঠ্যপুস্তক উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয়।

আজ দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আরম্ভ হওয়া ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনসহ শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, ‘বিগত বছরগুলোতে পাঠ্যপুস্তকের পান্ডুলিপিতে অসংখ্য বানান ভুল এবং যাচ্ছেতাই বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল, যা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। আমরা এবার শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপভিত্তিক নিবিড় কাজ করছি।’

তিনি আরও বলেছেন, অতীতের সেই আবর্জনা পরিষ্কার করে, এবার শতভাগ নির্ভুল বই তৈরি করা হচ্ছে। মানসম্মত প্রিন্টিং ও কাগজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

এ সময় ড. এহছানুল হক মিলন আরও বলেন, বইয়ের প্রচ্ছদ ও ভেতরের ছবিগুলো এমন প্রাণবন্ত হতে হবে, যাতে তা কোমলমতি শিক্ষার্থীদেরকে আকর্ষণ করতে পারে; ছবি যেন নিজেই কথা বলে।

ছবি: বাসস

তিনি জানিয়েছেন, নতুন এই চারটি বইয়ের পান্ডুলিপি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখার সুযোগ দেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গঠিত বিশেষজ্ঞ দলকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে ক্রীড়া বিষয়ক অধ্যায়ের কনক্লুসিভ স্টেটমেন্ট জমা দিতে হবে এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন সাব-কমিটিও তাদের মতামত আগামী ৫ দিনের মধ্যে দিবে। এরপরই এই পান্ডুলিপি চূড়ান্ত অনুমোদন পাবে।

ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘২০২৭ সালের কাজ শেষ করেই আমরা বসে থাকব না। ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলাম করার জন্য আগামী ১ আগস্ট থেকেই আমরা নতুন বইয়ের কাজে হাত দিব, যাতে হাতে পর্যাপ্ত সময় থাকে এবং কোনো তাড়াহুড়ো না হয়।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতের উন্নয়নকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। তাঁর ভিশন বাস্তবায়নে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চমৎকার ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্ষণাবেক্ষণের সংকটে শিক্ষার্থীদের ট্রলার সেবা, বাড়ছে দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


রক্ষণাবেক্ষণের সংকটে শিক্ষার্থীদের ট্রলার সেবা, বাড়ছে দুর্ভোগ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলার দেওয়া হয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে ট্রলারটি প্রদান করা হয়েছিল।

বর্তমানে ট্রলারটি প্রায় অকেজো হয়ে পড়েছে। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।

২০২৩ সালের ১৩ নভেম্বর, তৎকালীন জেলা প্রশাসক ট্রলারটি উপহার দেন। চরহরিরামপুর ইউনিয়নে ট্রলারটি হস্তান্তর করা হয়।

এটি মূলত চরাঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদে নদীপথে যাতায়াতের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রলারটির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এরপরেই ইঞ্জিন নষ্ট হচ্ছে এবং ট্রলারের কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

দ্রুত সংস্কার করা না হলে সম্পূর্ণভাবে এটি নষ্ট হয়ে যেতে পারে।

পশ্চিম শালিপুর হাই খানের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির বেপারী বলেন, ট্রলারটি অচল হয়ে আছে। এতে সময়মতো খেয়া পাওয়া যায় না এবং অনেক সময় বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়।

শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা দ্রুত ট্রলারটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, ট্রলারটি চালু হলে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং সাধারণ মানুষও উপকৃত হবে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ট্রলারটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে ফলে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%