ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সাভারের ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, লাখ লাখ টাকা আত্মসাৎ!


সাভারের ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, লাখ লাখ টাকা আত্মসাৎ!

ডিজিটাল এবং অনলাইন সেবার যুগে এসেও হাতে লেখা ‘ম্যানুয়াল’ রশিদের আড়ালে সরকারি রাজস্ব আত্মসাতের একটি অভিনব সিন্ডিকেট গড়ে তুলেছেন সাভার উপজেলার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেন। ২০২৫-২৬ অর্থবছর থেকে শুরু করে চলতি ২০২৬-২৭ অর্থবছরেও উন্নয়ন প্রকল্পের নামে ভুয়া বিল-ভাউচার এবং শিল্পকারখানার হোল্ডিং ট্যাক্সের লাখ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।

ইউপি সচিবের এই অনিয়মের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন মিরাজ মিয়া ও আনোয়ার হোসেন নামের দুই বহিরাগত ব্যক্তি। ইউনিয়ন পরিষদের কোনো বৈধ কর্মচারী না হয়েও, সচিবের পাশেই চেয়ার-টেবিল বসিয়ে দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ নথি গায়েব করার অভিযোগ উঠেছে মিরাজের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আরএফকিউ প্রকল্পের আওতায় ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার খলিল প্রধানের বাড়ি থেকে পূর্ব দিকের রাস্তার ড্রেন নির্মাণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো ড্রেন নির্মাণ করা হয়নি। কাজ না করেই ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রকল্পের পুরো ৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি সচিব মোঃ আফজাল হোসেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুর জামায়াতের নতুন কমিটিতে আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

সরকারি নিয়ম অনুযায়ী হোল্ডিং ট্যাক্স অনলাইন সিস্টেমে আদায় ও জমা দেওয়ার কথা থাকলেও, সচিব আফজাল হোসেন ম্যানুয়াল পদ্ধতি বেছে নিয়েছেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাতে লেখা রশিদ ধরিয়ে দিলেও, সরকারি অনলাইন সার্ভারে সেই টাকার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

নথিপত্র যাচাই করে ২০২৫-২৬ অর্থবছরের চারটি বড় কারখানার ট্যাক্স জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য মিলেছে। ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর): ২০২৫-২৬ অর্থবছরে ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড থেকে ২ লাখ ৪০ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করে হাতে লেখা রশিদ দেওয়া হয়। তবে অনলাইনে এই প্রতিষ্ঠানের নামে কোনো ট্যাক্স জমার তথ্য পাওয়া যায়নি।

হলিউড গার্মেন্টস থেকে ২ লাখ ১০ হাজার টাকা আদায় করে ম্যানুয়াল রশিদ দেওয়া হলেও, অনলাইনে মাত্র ১০ হাজার টাকা জমা দেখানো হয়েছে। বাকি ২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ইসলাম গার্মেন্টস লিমিটেড থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা আদায় করা হলেও, অনলাইনে এর কোনো নথি নেই। দি রোজ ড্রেসেস লিমিটেড থেকে ৩ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা হোল্ডিং ট্যাক্স নেওয়া হলেও, সরকারি অনলাইন সার্ভারে এই অর্থের কোনো হদিস মেলেনি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলোর দাবি, শুধু গত অর্থবছরেই নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরেও একই কায়দায় হাতে লেখা রশিদ দিয়ে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ অব্যাহত রেখেছেন এই সচিব। ইউপি সচিব আফজাল হোসেনের এই দুর্নীতির মূল কারিগর হিসেবে কাজ করছেন তার তথাকথিত ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়া এবং সহযোগী আনোয়ার হোসেন। ইউনিয়ন পরিষদের নথিপত্রে মিরাজ মিয়ার কোনো নিয়োগ বা পদবি না থাকলেও, সচিব তাকে নিজের কক্ষেই আলাদা চেয়ার-টেবিল বসিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে, দুর্নীতির প্রমাণ আড়াল করতে মিরাজ পরিষদের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, তদন্ত শুরু

এখানেই শেষ নয়, ক্ষমতার অপব্যবহার করে মিরাজ মিয়া তার ফুফাতো ভাই মোঃ মঈন উদ্দিনকে অবৈধ প্রক্রিয়ায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) হিসেবে নিয়োগ পাইয়ে দিয়েছেন বলেও স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ রয়েছে।

এদিকে সচিবের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দীর্ঘদিনের উদ্যোক্তা মোঃ সাদ্দাম মোল্লা। কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ বা অভিযোগ ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই শূন্য পদে নিয়মবহির্ভূতভাবে নিজের ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়াকে বসিয়ে দিয়েছেন সচিব আফজাল হোসেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাদ্দাম মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি দীর্ঘ ১৪ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে এই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে জনগণকে সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই ইউপি সচিব তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়েছেন। সেখানে নিজের লোক বসিয়ে তিনি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।"

এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ইয়ারপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটস অ্যাপে খুদেবার্তা পাঠালেও তিনি তার কোন জবাব দেননি।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদে চলমান এই লুটপাট ও নথি গায়েবের ঘটনা দ্রুত নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপে অডিট বা তদন্ত পরিচালনা করলে আরও ভয়াবহ দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন এলাকাবাসী।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর রহমান বলেন, প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি পরামর্শ দেন যে, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ রবিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা জাতীয় সংসদ পরিদর্শনে আসলে প্রধানমন্ত্রী তাদের এই পরামর্শ প্রদান করেন। সংসদ অধিবেশনের বিরতিকালে, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতীয় সংসদ ভবনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক পরিদর্শন করেন। এছাড়া, দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকও এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ পরামর্শ দেন।

পরিচ্ছন্নতা: তিনি আহ্বান জানান, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

বৃক্ষরোপণ: বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রাণীর প্রতি সদয় আচরণ: তিনি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে রসিকের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে রসিকের সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। শনিবার রংপুর গ্রুপের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "বড় স্বপ্ন দেখতে হবে এবং বড় মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।" তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের সাফল্যে রংপুর ও তাদের পরিবার গর্বিত। তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশের উজ্জ্বল মানুষ তৈরি হবে।

তিনি আরও বলেন, "আজকের এই সংবর্ধনা অনুপ্রেরণার সিঁড়ি।" শিক্ষার্থীদের স্বপ্নজয়ে এই সিঁড়ি সবসময় অনুপ্রাণিত করবে। তিনি বলেন, "মেধার সঙ্গে সাহস যুক্ত হলে ইতিহাস তৈরি হয়।" সুন্দর বাংলাদেশের জন্য শিক্ষার্থীরা তেমনই ইতিহাস গড়বে, এটাই প্রত্যাশা।

মাহফুজ উন-নবী বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।" তাদেরকে মাদকমুক্ত, সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রংপুর মহানগরী গড়ার প্রচেষ্টায় এগিয়ে আসার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, বর্তমানে অনেক অভিভাবক শিক্ষার্থীদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। তিনি মনে করেন, এ ধরনের মানসিকতা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ধরনের সৃজনশীল চিন্তাভাবনা থাকলে তার মধ্য থেকেই চূড়ান্ত সফলতা আসা সম্ভব।

অনুষ্ঠানে সংবর্ধিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরণ্যক পাল প্রাচুর্য জানান, এমন আয়োজনে তারা আবেগে আপ্লুত। রংপুর মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠান আয়োজন করায় তাদের মনে মেডিকেলে পড়ার স্বপ্ন উঁকি দিচ্ছে। তিনি বলেন, "এ আয়োজন ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনে অনুপ্রাণিত করবে।"

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান বলেন, এত বড় আয়োজনে সংবর্ধনা পেয়ে তারা গর্বিত। বিশেষ করে সিটি করপোরেশনের এ উদ্যোগ তাদের ভালো লেগেছে। পড়ালেখার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণে সিটি করপোরেশনের প্রশাসকের আহ্বানে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে চালের ঘাটতি নেই, মজুদ চাহিদার চেয়ে বেশি: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


দেশে চালের ঘাটতি নেই, মজুদ চাহিদার চেয়ে বেশি: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। তিনি উল্লেখ করেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের মোট মজুদ ২১ লাখ ৪৭ হাজার মেট্রিক টন। এই মজুদ সরকারি নির্ধারিত নিরাপত্তা মজুদের চেয়ে ৭ লাখ ১২ হাজার মেট্রিক টন বেশি।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য প্রকাশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল উৎপাদন হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন এবং গমের উৎপাদন ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে চাল ও গম মিলিয়ে মোট ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৪২ দশমিক ০৯ লাখ মেট্রিক টন এবং গমের লক্ষ্যমাত্রা ১১ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন।

খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড আউটলুকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে চালের চাহিদা বা ব্যবহার ছিল ৪২৩ লাখ মেট্রিক টন। ওই অর্থবছরে দেশে চাল উৎপাদিত হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সব মিলিয়ে ওই সময়ে দেশে চালের মোট লভ্যতা ছিল ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে দেশে চালের চাহিদা ৪২৬ লাখ মেট্রিক টন হতে পারে বলে এফএও প্রাক্কলন করেছে।

গমের ক্ষেত্রেও চাহিদার তুলনায় সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক বলে খাদ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে গমের চাহিদা বা ব্যবহার ছিল ৮২ লাখ মেট্রিক টন। ওই সময়ে দেশে গম উৎপাদিত হয়েছে ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে ৭৩ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এতে দেশে গমের মোট লভ্যতা দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৩ লাখ মেট্রিক টন।

খাদ্যমন্ত্রী আরো জানান, জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুদের পরিমাণ আগে স্বাভাবিক সময়ের জন্য ১৩ লাখ মেট্রিক টন এবং সংকটকালীন সময়ের জন্য ১৪ লাখ মেট্রিক টন নির্ধারিত ছিল।

তবে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা বিবেচনায় গত ৬ আগস্ট অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় নিরাপত্তা মজুদের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়। এতে স্বাভাবিক সময়ের জন্য ১৪ লাখ মেট্রিক টন এবং সংকটকালীন সময়ের জন্য ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের সুপারিশ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, গত ১০ নভেম্বর পর্যন্ত দেশে খাদ্যশস্যের মোট মজুদ ছিল ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। নতুন নির্ধারিত নিরাপত্তা মজুদের পরিমাণের তুলনায়ও এই মজুদ ৭ দশমিক ১২ লাখ মেট্রিক টন বেশি। ফলে বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোমরে-পায়ে শিকল, শীতলক্ষ্যায় মিলল যুবক ওসমান গনির নিথর দেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


কোমরে-পায়ে শিকল, শীতলক্ষ্যায় মিলল যুবক ওসমান গনির নিথর দেহ

বাবা-মা কেউই জীবিত নেই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধের কারণে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হলো ওসমান গনি (৩০) নামের এক যুবকের নিথর দেহ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হওয়ার পর প্রায় এক দিন ধরে নদীতে উদ্ধার অভিযান চলছিল।

নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র। স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে বিরোধের কারণে প্রায় ১৫ দিন আগে তার ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন। অভিযোগ রয়েছে যে, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখল ও আত্মসাতের চেষ্টা নিয়ে তাকে নির্যাতন করা হতো।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ নভেম্বর) দুপুরের পর বাবুল হোসেনের মনোনীত একজন ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এ সময় প্রাণভয়ে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম শুরু না করার অভিযোগও উঠেছে।

তবে বাবুল হোসেনের দাবি, ওসমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। আশপাশের লোকজনকে বিরক্ত করার কারণে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন। তার মানসিক অসুস্থতার বিষয়ে হাসপাতালের কাগজপত্রও রয়েছে বলে তিনি দাবি করেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ জানান, শনিবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করা হলেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে পুনরায় অভিযান চালিয়ে দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%