০৭:২৮ পি.এম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। তিনি উল্লেখ করেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের মোট মজুদ ২১ লাখ ৪৭ হাজার মেট্রিক টন। এই মজুদ সরকারি নির্ধারিত নিরাপত্তা মজুদের চেয়ে ৭ লাখ ১২ হাজার মেট্রিক টন বেশি।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য প্রকাশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল উৎপাদন হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন এবং গমের উৎপাদন ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন।
আরও পড়ুন: নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমান সুযোগের আহ্বান চসিক প্রশাসকের
চলতি ২০২৬-২৭ অর্থবছরে চাল ও গম মিলিয়ে মোট ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৪২ দশমিক ০৯ লাখ মেট্রিক টন এবং গমের লক্ষ্যমাত্রা ১১ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন।
খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড আউটলুকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে চালের চাহিদা বা ব্যবহার ছিল ৪২৩ লাখ মেট্রিক টন। ওই অর্থবছরে দেশে চাল উৎপাদিত হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সব মিলিয়ে ওই সময়ে দেশে চালের মোট লভ্যতা ছিল ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে দেশে চালের চাহিদা ৪২৬ লাখ মেট্রিক টন হতে পারে বলে এফএও প্রাক্কলন করেছে।
গমের ক্ষেত্রেও চাহিদার তুলনায় সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক বলে খাদ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে গমের চাহিদা বা ব্যবহার ছিল ৮২ লাখ মেট্রিক টন। ওই সময়ে দেশে গম উৎপাদিত হয়েছে ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে ৭৩ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এতে দেশে গমের মোট লভ্যতা দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৩ লাখ মেট্রিক টন।
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যমন্ত্রী আরো জানান, জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুদের পরিমাণ আগে স্বাভাবিক সময়ের জন্য ১৩ লাখ মেট্রিক টন এবং সংকটকালীন সময়ের জন্য ১৪ লাখ মেট্রিক টন নির্ধারিত ছিল।
তবে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা বিবেচনায় গত ৬ আগস্ট অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় নিরাপত্তা মজুদের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়। এতে স্বাভাবিক সময়ের জন্য ১৪ লাখ মেট্রিক টন এবং সংকটকালীন সময়ের জন্য ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের সুপারিশ করা হয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, গত ১০ নভেম্বর পর্যন্ত দেশে খাদ্যশস্যের মোট মজুদ ছিল ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। নতুন নির্ধারিত নিরাপত্তা মজুদের পরিমাণের তুলনায়ও এই মজুদ ৭ দশমিক ১২ লাখ মেট্রিক টন বেশি। ফলে বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।
আরও পড়ুন: কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন