ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নকআউট পর্ব নিশ্চিতে অস্ট্রিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ


নকআউট পর্ব নিশ্চিতে অস্ট্রিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনা আজ (২২ জুন) রাতে আবার মাঠে নামছে। গ্রুপ জে'র দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও কোচ আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি রাউন্ড অব ৩২ নিশ্চিত করার লক্ষ্যে শুরুর একাদশে কিছু পরিবর্তনের কথা ভাবছেন।

তবে আপাতত একটি পরিবর্তনের ব্যাপারে নিশ্চিতভাবেই বলা যায়।

এই পরিবর্তনটি আসতে যাচ্ছে রাইট-ব্যাক পজিশনে। গনসালো মন্তিয়েল ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় তাকে বিশ্রাম দেওয়া হবে। তার জায়গায় খেলবেন নাহুয়েল মলিনা, যাকে স্ক্যালোনি এই পজিশনে দলের নিয়মিত প্রথম একাদশের খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আইসিইউতে

মন্তিয়েল একাদশে না থাকলেও বেঞ্চে বদলি খেলোয়াড় হিসেবে থাকবেন। এছাড়া আরও দুটি পজিশন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, যদিও প্রথম ম্যাচের শুরুর একাদশের দশজনকেই ধরে রাখার সম্ভাবনাই বেশি।

গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। শুরুর একাদশে জায়গা পেতে অ্যাতলেটিকো মাদ্রিদের এই তারকা লড়ছেন লাউতারো মার্টিনেজের সঙ্গে। তবে আলভারেজের ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে লাউতারোই এগিয়ে আছেন এবং সবকিছু ঠিক থাকলে স্কালোনি আবারও তার ওপরই আস্থা রাখবেন।

অন্যদিকে, থিয়াগো আলমাদা কি শুরুর একাদশে থাকবেন, নাকি তার জায়গায় নিকোলাস গঞ্জালেস সুযোগ পাবেন, সেটি নিয়েও কিছুটা দ্বিধায় আছেন স্ক্যালোনি। তবে আপাতত ধারণা করা হচ্ছে, আলমাদাই আবারও প্রথম একাদশে থাকবেন।

এদিকে লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। নিকোলাস তালিয়াফিকো এখনও বাম পায়ের কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেনি এবং তাকে শুরু থেকেই খেলিয়ে ঝুঁকি নিতে চায় না দল। দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য তাকে নামানো হতে পারে। একইভাবে লিয়ান্দ্রো পারেদেসও ম্যাচ ফিটনেস ফিরে পেতে কিছু সময় মাঠে থাকতে পারেন।

আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ যুব দলের নতুন কোচের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


বাংলাদেশ যুব দলের নতুন কোচের নাম ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও মাহমুদউল্লাহ রিয়াদ ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। নতুন ভূমিকায় কিংবদন্তি এই ক্রিকেটার যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি শুধু অনূর্ধ্ব-১৯ দলের নয়, ডেভেলপমেন্ট পর্যায়ে বিভিন্ন দলের পরামর্শক হিসেবে কাজ করবেন। বিসিবি অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখার পরিকল্পনা করছে। এছাড়া অস্ট্রেলিয়াতে বসবাসকারী সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও ঐ সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি। হান্নান সরকার বর্তমানে ক্লাব ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলা চলাকালীন তার যুব দলের সাথেই কাজ করতে হবে। বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তির আওতায় থাকা কোচরা ডিপিএল ও বিপিএলের যেকোনো একটি টুর্নামেন্টে কাজ করতে পারবেন। হান্নান সরকার মন্তব্য করে বলেছেন, 'স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।' আসন্ন ২০২৮ যুব বিশ্বকাপের জন্য কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে ইয়ুথ ক্রিকেট লিগ শেষ হয়েছে। খুলনায় বর্তমানে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশন চলছে। সেই লক্ষ্য উপলক্ষে নতুন কোচ ও পরামর্শক নিয়োগ দিয়েছে বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা

পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (এনআরজি) দেশে ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়মিত অভিবাসন মোকাবিলা করার উদ্দেশ্যে চিরুনি অভিযান শুরু করেছে। এই অভিযানের ফলে অনেক অভিবাসী শ্রমিকের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা বেড়ে গেছে।

সাম্প্রতিক একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এই চেষ্টা চলাকালীন স্থল, সমুদ্র, এবং আকাশপথে পরিচালিত বিভিন্ন যৌথ ও বিশেষ অভিযানে ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে, আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রায় ১৫০ জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, দেশের অর্থনৈতিক ও কৃষি কেন্দ্রগুলোর দিকে লক্ষ্য রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে পর্তুগালের বিভিন্ন অঞ্চলের স্ট্রবেরি খামার, প্রধান রেলওয়ে স্টেশন, আন্তঃদেশীয় সংযোগ সড়ক এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে নিয়মিত তদারকি ও তল্লাশি বহুগুণ জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ও শনাক্ত হওয়া অভিবাসীদের একটি বড় অংশ দক্ষিণ এশিয়া এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ভারত, নেপাল এবং গিনি বিসাউ থেকে আসা শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। ইউরোপ ও উন্নত বিশ্বের শ্রমবাজারে প্রবেশের মুখ হিসেবে পরিচিত এই অঞ্চলে এসে অনেকেই বৈধ নথিপত্রের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করছেন।

স্থানীয় কৃষি খামারের মালিকদের একাংশ জানিয়েছেন, মৌসুমি ফসলের সময় সস্তা শ্রমের ওপর তারা নির্ভর করতে বাধ্য হন। তবে প্রশাসনের কঠোর অভিযানের ফলে কৃষি খাতে শ্রমিক সংকট সৃষ্টি হতে পারে বলে ব্যবসায়ী সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছেন।

উন্নত জীবন, অর্থনৈতিক স্বচ্ছলতা এবং পরিবারের মুখে হাসি ফোটানোর এক বুক আশা নিয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া এই অভিবাসীরা, কিন্তু দেশ আসার পর অনেকের ভাগ্যে জুটছে চরম অনিশ্চয়তা এবং প্রতিকূল পরিস্থিতি।

পর্তুগালের তদন্তকারী কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের তথ্যানুসারে, অভিবাসীদের জীবনযাত্রার মান অত্যন্ত উদ্বেগজনক। তাদের যাপনচিত্রের প্রধান কয়েকটি সংকট হল:

ন্যূনতম মজুরি ও শোষণ: আইনি সুরক্ষার অভাবের কারণে বেশিরভাগ অনিয়মিত শ্রমিককে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়েও কম মূল্যে দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে।

বাসস্থান সংকট ও উচ্চ ভাড়া: সীমিত আয়ের বিপরীতে আবাসন খরচ আকাশচুম্বী হওয়ায়, তারা এক একটি ছোট ঘরে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন।

দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাতায়াত: প্রত্যন্ত কর্মস্থলে পৌঁছানোর জন্য তাদের প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যা শারীরিক এবং মানসিকভাবে তাদের বিপর্যস্ত করছে।

রেমিট্যান্সের চাপ: নিজের দেশে থাকা পরিবারের ভরণপোষণ ও অভিবাসনের জন্য নেওয়া ঋণ শোধ করার তীব্র মানসিক চাপ তাদের ওপর রয়েছে।

স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, অনেকেই আইনি বাধ্যবাধকতা এবং ভাষার দক্ষতার অভাবে স্থানীয় শ্রম আইনের সুবিধা নিতে পারেন না। ফলে তাদের এক প্রকার বাধ্য হয়ে মালিকপক্ষের চাপিয়ে দেওয়া অস্বাস্থ্যকর ও অবৈধ কর্মপরিবেশ মেনে নিতে হচ্ছে।

ন্যাশনাল রিপাবলিকান গার্ডের একজন মুখপাত্র বলেছেন, এই অভিযান কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের বিরুদ্ধে নয়, বরং মানবপাচার চক্র রুখতে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে নেওয়া আইনি পদক্ষেপ। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ কর্মসংস্থান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে আটক অনিয়মিত অভিবাসীদের আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। যাদেরকে স্বেচ্ছায় দেশত্যাগের জন্য নোটিশ দেওয়া হয়েছে, তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ না ছাড়েন, তবে তাদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ প্রতিনিধিদল

সুইজারল্যান্ডে ১৮ ঘণ্টার টানা বৈঠক শেষে ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকরা দেশে ফিরছেন।

সোমবার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে, প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক শেষ করে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলি বাকরি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এবং তাসনিমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের শীর্ষ প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করলেও কৌশলগত পর্যায়ের আলোচনা এখনও শেষ হয়নি।

উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বে একটি বিশেষ দল সুইজারল্যান্ডে অবস্থান করছে এবং তারা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী, এই দলটি ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কৌশলগত বিষয়গুলো নিয়ে কাজ করছে।

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা অংশ নেন।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানের পক্ষে সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনা করেন।

আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুইজারল্যান্ডে চলছে ওয়াশিংটন-তেহরানের দরকষাকষি। প্রথম ৮০ মিনিটের উদ্বোধনী সেশনের পর ট্রাম্পের হুমকির কারণে টেবিল ছাড়েন ইরানি প্রতিনিধিদল, যে কারণে আলোচনার গতি অনেকটাই থমকে গেছে। হরমুজ প্রণালী ও লেবানন সংকটসহ ইসরাইল ইস্যু এই শান্তি প্রক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলেছে।

তবে মধ্যস্থতাকারী দুটি দেশ পাকিস্তান ও কাতারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা একটি ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তারিত কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়াও প্রতিষ্ঠিত হয়েছে।

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে বিশেষজ্ঞ ও কারিগরি কর্মীদল গঠন করা হয়েছে। এসব দল সম্ভাব্য চূড়ান্ত চুক্তির খসড়া ও বাস্তবায়ন কাঠামো নিয়ে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে এই অভিযোগ উঠেছে। তার অফিসে কিছু প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের।

ভিডিওতে দেখা যায়, বাবুল চন্দ্র রায় ক্যালকুলেটরে হিসাব করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের পরিমাণের জন্য ১৫ শতাংশ কমিশন নির্ধারণ করছেন। এক পর্যায়ে তিনি একটি ইউপি সদস্যকে বলেন, ‘৩২ হাজার টাকা করে ৮ টন গম হলে মোট ২ লাখ ৫৬ হাজার টাকা। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়।’

উল্লেখ্য, ইউপি সদস্য সেই সময় জবাব দেন, ‘স্যার, ৩৮ হাজার টাকা একটু কম করে নেন। কাজেও তেমন লাভ হয়নি।’ তখন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ‘মেম্বারদের কোনো দিন লাভ হয় না। আমি এতদিন পিআইও হিসেবে কাজ করছি, কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে।’

ভিডিওর অন্য একটি অংশে একজন ব্যক্তি একটি টিআর প্রকল্পের বরাদ্দ ১ লাখ ৬২ হাজার টাকা উল্লেখ করলে পিআইও ক্যালকুলেটরে হিসাব করে ২৪ হাজার টাকা কমিশন জানান। ওই সদস্য শতভাগ কাজ সম্পন্ন করার দাবি জানালে বাবুল চন্দ্র রায় বলেন, ‘আগে আপনাদের পরিষদে আসতে দেয়নি, এরপর থেকে আপনারাও আসতে দেবেন না, শোধবোধ।’

এ ছাড়া একটি ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা এবং একাধিক প্রকল্পের জন্য অন্য একজনের কাছে ৫৬ হাজার টাকা দাবি করার কথাও ভিডিওতে শোনা যায়। ভিডিওর শেষদিকে দেখা যায়, কয়েকজন টাকা গুনতে এবং ফাইলের সামনে অর্থ রাখতে।

অবশ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সে কারণেই এ ধরনের কথা হয়েছে।’

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন, ‘বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%