১০:৪৬ পি.এম
বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই স্কুল শিশুর। রোববার (১৯ জুলাই) মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)।
তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানিয়েছেন, তারা প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হয়ে গেলে তারা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে স্থানীয়রা দুই শিশুর জুতা দেখতে পায়।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্লেষিংয়ের পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তাদের পানিতে ডুবে মারা যেতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেতো এবং বাড়ি ফিরতো। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিশুই বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা ছিল। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা খুবই মিশুক ও ভদ্র স্বভাবের ছিল।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন