০২:৪২ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএমএনটি) বিশ্বকাপের মঞ্চে একটি শুভসূচনা করেছে। তারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তবে দলের এই দারুণ পারফরম্যান্সের পেছনে কেবল মাঠের কৌশলই নয়, বরং বড় স্বপ্ন দেখার মানসিকতার কাজ করেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মারিসিও পচেত্তিনো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পচেত্তিনো জানিয়েছেন যে, এই জয় তার দলের খেলোয়াড়দের উচ্চাকাঙ্ক্ষা, অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং আত্মবিশ্বাসের ফল।
দ্য অ্যাথলেটিক-কে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে পচেত্তিনো যোগ করেন, পরাগুয়ের বিপক্ষে ম্যাচটি প্রমাণ করেছে যে এই দলে প্রতিভার কোনো অভাব নেই। যখন দলের শক্তি ও সম্পদের সঠিক ভারসাম্য বজায় থাকে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো দলের জন্যই একটি ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে ওঠে। তবে এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব তিনি খেলোয়াড়দের দিয়েছেন। কোচের মতে, কোচিং স্টাফের কাজ হলো শুধু দলকে সঠিক পথ দেখানো, আসল কাজটা মাঠে ফুটবলাররাই করে দেখিয়েছেন।
পোচেত্তিনো খেলার ফর্মেশন বা ট্যাকটিকসের চেয়েও খেলোয়াড়দের মানসিকতায় বড় পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে, বিশ্বাসই মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যায়। নিজের এই চিন্তাভাবনা প্রকাশ করতে গিয়ে পোচেত্তিনো বলেন, আমাদের উচিত সীমা না রেখে বড় স্বপ্ন দেখা। কেউ যদি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, তবে হয়তো সে চাঁদের কাছাকাছি পৌঁছাতে পারবে। তবে কেউ যদি শুধু চাঁদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে সে চিরকাল পৃথিবীতেই আটকে থাকবে। এই ইতিবাচক শক্তি এবং আত্মবিশ্বাসই খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে সাহায্য করছে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন: ফেডারেশন কাপের ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস
দলকে আরও শক্তিশালী করতে স্কোয়াডের ভেতর সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চান এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, দলে কারও জায়গাই চিরস্থায়ী বা নিশ্চিত নয়। প্রতিটি খেলোয়াড়কে প্রতিদিন অনুশীলনে এবং ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করেই দলে জায়গা ধরে রাখতে হবে। বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং প্রতিযোগিতা; এই তিনের সমন্বয়ে মার্কিন ফুটবলকে তিনি এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
সূত্র: গোল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন