০৩:০৫ পি.এম
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে নিষিদ্ধ তিন চাকার যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে। হাইওয়ে পুলিশের সামনেই বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব সিএনজি ও অটোরিকশা। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং অকালে তাজা প্রাণ ঝরে যাচ্ছে।
স্থানীয় সংবাদদাতার রিপোর্ট অনুযায়ী, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে একটি দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হয়েছে এবং লোকজনের ভিড় জমে গেছে। ছবি: সংগৃহীত।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ছোট ও অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দূরপাল্লার যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং নিরাপদ সড়কের দাবি জানিয়ে বৈধ যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীরা এসব নিষিদ্ধ তিন চাকার যান বন্ধের জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরিবহন শ্রমিক আলতাব হোসেন জানান, মহাসড়কে তিন চাকার যান বাড়ানোর ফলে বড় গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বাসচালক মো. শহীদ বলেন, ‘ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা ও সিএনজির মত বিভিন্ন অবৈধ যানবাহন। হঠাৎ করেই তারা বড় গাড়ির সামনে চলে আসে। এতে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং বড় যানবাহনের শ্রমিক ও যাত্রীরা মারা যাচ্ছেন।’
বড় যানবাহনের মালিক সিদ্দিক জানান, মহাসড়কে চলাচল করতে গিয়ে নিয়মিতই তাদের গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ছে। তিনি বলেন, ‘এতে আমাদের বড় গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোকসান গুনতে গুনতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, কিন্তু পুলিশ কার্যকর কিছুই করতে পারছে না।’
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন আর রশিদ সময় সংবাদকে জানিয়েছেন, ‘মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন সরাতে আমরা প্রতিদিন কাজ করছি, কিন্তু তাতে লাভ হচ্ছে না। মামলা এবং বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এরপরও বিভিন্ন অজুহাতে চালকরা আবারও মহাসড়কে তিন চাকার যান নিয়ে আসছেন।’
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
ওসি আরও জানান, মহাসড়কে এসব যানবাহনের কারণে চলতি বছরে ৩০টি দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর মধ্যে ৮০ জন আহত এবং ১৫ জন নিহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন