ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ


নোয়াখালীতে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ৪ বছর ধরে জোরপূর্বক দোকান দখল, ভাড়া না দেওয়া এবং উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাজী আবুল খায়ের।

তিনি বসুরহাট পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বুধবার (৮ জুলাই) দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল খায়ের উল্লেখ করেন, বিগত ২০২২ সালের ১৫ নভেম্বর তিনি ওয়ারিশসূত্রে মালিক দুই ভাইয়ের ওয়ারিশ ও তিন বোনের কাছ থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত 'ছেরাজ প্লাজা' এবং 'হাজী মার্কেটের ৪ শতাংশ ৮০ পয়েন্ট সম্পত্তি ক্রয় করেন। উক্ত মার্কেটে দুটিতে মোট ২০টি দোকান ঘর রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে, মার্কেটের দোকানের ভাড়াটিয়া খায়রুল বাশারসহ অন্যান্য ভাড়াটিয়ারা বিগত চার বছর ধরে কোনো প্রকার ভাড়া পরিশোধ না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

আবুল খায়ের অভিযোগ করেন, একজন বৈধ মালিক হিসেবে তিনি যখনই তাদের কাছে ন্যায্য ভাড়া দাবি করেছেন, তখনই তারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এবং ক্ষমতার দাপট দেখিয়ে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এই সংকটের সমাধানের জন্য বসুরহাট ব্যবসায়ী সমিতি কার্যালয়ে একাধিকবার শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এর মাধ্যমে কোনো প্রতিকার মেলেনি। নিরুপায় হয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। দোকান ছেড়ে দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানোর পরও তারা দোকান খালি করেনি। উল্টো তারা তাঁকে মারধরের চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ৬ জুলাই ‍তিনি আদালতে ৩০ লাখ টাকা চাঁদা দাবির একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে আবুল খায়ের আবেগঘন কণ্ঠে বলেন, ‘অনেক কষ্টার্জিত উপার্জনে কেনা সম্পত্তি আজ অবৈধ দখলদারদের হাতে। বছরের পর বছর ভাড়া না পেয়ে এবং প্রতিনিয়ত হুমকির শিকার হয়ে আমি আজ প্রায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন। আমার পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।’

তাহলে তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দোকান দখল করে রাখা ও ভাড়া পরিশোধ না করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মার্কেটের ভাড়াটিয়া এবং আদালতে দায়ের করা মামলার আসামী খায়রুল বাশার বলেন, অভিযোগকারী আবুল খায়ের যে ওয়ারিশদের কাছ থেকে মার্কেটের সম্পত্তি ক্রয় করার দাবি করছেন, তারা সেখানে মালিক নন। তিনি ভুয়া দলিল ও কাগজপত্র তৈরী করে নিজেই অবৈধভাবে মার্কেট দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং একের পর এক মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। তারা মার্কেটের প্রকৃত মালিকের কাছে নিয়মিত ভাটা টাকা পরিশোধ করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ৮ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে।

সংগৃহীত ছবির সঙ্গে জানানো যাচ্ছে, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বাংলাদেশের মধ্যে ক্রমাগত বিস্তৃত হচ্ছে। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে, বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে যাতে মুদ্রার চাহিদা এবং যোগান স্থিতিশীল থাকে।

নতুন তথ্যে দেখা যাচ্ছে, দেশীয় বাজারে মার্কিন ডলারসহ আন্তর্জাতিদের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, আজকের ০৮ জুলাই ২০২৬ তারিখে মুদ্রা বিনিময় হারের সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম: বাংলাদেশি টাকা

ইউএস ডলার: ১২২ টাকা ৮৫ পয়সা

ইউরো: ১৪০ টাকা ১৮ পয়সা

পাউন্ড: ১৬৪ টাকা ০২ পয়সা

কানাডিয়ান ডলার: ৮৬ টাকা ৫০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার: ৮৫ টাকা ১১ পয়সা

চাইনিজ ইয়েন: ১৮ টাকা ০৫ পয়সা

সিঙ্গাপুরি ডলার: ৯৪ টাকা ৯৯ পয়সা

ভারতীয় রুপি: ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ৩৩ পয়সা

সৌদি রিয়াল: ৩৩ টাকা ১২ পয়সা

কাতারি রিয়াল: ৩৩ টাকা ৮১ পয়সা

কুয়েতি দিনার: ৩৯৮ টাকা ৫৬ পয়সা

আরব আমিরাতের দিরহাম: ৩৩ টাকা ৬৪ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায়, খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান কমে এসেছে। বিগত এক মাসে, ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব: খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেফতার করা হবে। এ নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনের জন্য এবং শান্তিতে জীবনযাপন করার জন্য মাদক নিয়ন্ত্রণে রাখা আমাদের অগ্রাধিকার ও নৈতিক দায়িত্ব। এলাকার মাদক কারবারি এবং মাদকসেবীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হবে। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেয়া হবে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরসহ গ্রেপ্তার করা হবে।

তিনি আরো বলেন, বর্তমানে সমাজের জন্য মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মাদক আসলে দেশের যুবসমাজ ও তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো এবং জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল­াহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল­াহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান এবং সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে সমর্থনের অভিযোগে স্পেনের বিরুদ্ধে কড়া অবস্থানে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


ইরানকে সমর্থনের অভিযোগে স্পেনের বিরুদ্ধে কড়া অবস্থানে ট্রাম্প

ইরানের পক্ষ নেওয়ার কারণে ইউরোপের ন্যাটোভুক্ত দেশ স্পেনের সঙ্গে সকল ধরণের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি ন্যাটোর অন্য জোটসঙ্গীদেরও এই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে বলেছেন।

বুধবার (৮ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিন, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন, স্পেনের সঙ্গে সকল বাণিজ্যিক সম্পর্ক তাৎক্ষণিকভাবে বন্ধ করতে।

সম্মেলনে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটকে ট্রাম্প বলেন, ন্যাটোর মধ্যে একটি ‘ভয়ানক অংশীদার’ হচ্ছে স্পেন। তারা ন্যাটোর জিডিপির ৫% নতুন প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রায় রাজি হয়নি। এমনকি, ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা এবং ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি দেশটির সমাজতান্ত্রিক নেতৃত্ব। স্পেন কোনো কিছুতেই রাজি হয় না এবং আপনার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়।

এ সময়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমি স্পেনের সঙ্গে কোনো বাণিজ্য করতে চাই না, ঠিক আছে? এবিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত নিন, তাদের সঙ্গে কথাও বলবেন না। তারা অযোগ্য। তারা খারাপ লোক। আমি তাদের সঙ্গে কোনো ব্যবসা করতে চাই না।

স্পেনে যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে— রোটা নৌঘাঁটি এবং মোরোন বিমান ঘাঁটি। এপ্রিল মাসে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে ন্যাটো মিত্রদের শাস্তি দেওয়ার নানা বিকল্পের রূপরেখা দেওয়া হয়েছে, যাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিশ্বাস যে তারা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে জোট থেকে স্পেনকে স্থগিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

গত মার্চে, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এমনকি, মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল দেশটি। এই ঘটনার জেরেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

শীর্ষ সম্মেলনে ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি নিয়েও বক্তব্য রাখেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার ধারণা, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে।’

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সবশেষ দফার হামলায় ইরানের সুনির্দিষ্টভাবে ৮০টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিশানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাসের লক্ষ্যে প্রণালির ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌকায়ও হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

ইতোমধ্যে, মার্কিন এই হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের দুই দেশে মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ সব মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে।

পাল্টাপাল্টি এসব হামলার ফলে আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি; নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ

বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জন জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনও ২ জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- কালাম পাইকার এবং শহীদ। তারা দুজনেই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- খলিল মাস্টার, হৃদয় জোমাদ্দার, দুলাল, ইমরান, ফারুক, আল-আমিন, মনির, আশরাফুল, জামাল, ইমরান, শামিম, নাসির, সাগর, আছিফ, নাসির এবং নুরুজ্জামান। তারা সবাই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার সকালে তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুটি মাছ ধরার ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে তপন জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারে ৫ জন জেলে ছিলেন।

রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠার ফলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারদুটি দুর্ঘটনার শিকার হয়। ঢেউয়ের তোড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারটি ডুবে গেলে ওই ট্রলের জেলেরা জীবন বাঁচাতে তপন জোমাদ্দারের ট্রলারে গিয়ে ওঠেন। কিন্তু একপর্যায়ে প্রচণ্ড ঢেউয়ে দ্বিতীয় ট্রলারটিও ডুবে যায় এবং জেলেরা সাগরে ভাসতে শুরু করেন। পরে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালী জেলার মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে বাকি ২ জনের এখনও কোনো সন্ধান মেলেনি।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, গতকাল ১৮ জন জেলেসহ দুটি ট্রলার সাগরে ডুবে যায়। আজ সকালে ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের পটুয়াখালীতে মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অন্য ২ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। প্রশাসনের পাশাপাশি আমাদের সমিতির পক্ষ থেকেও নিখোঁজ জেলেদের উদ্ধার করতে সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%