০৯:৪৮ পি.এম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলা একাডেমিতে আইনবিদ গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্থপতি রফিক আজম ‘প্রত্যাবর্তন : স্থাপত্যে প্রকৃতি ও ভাব দর্শনের সংমিশ্রণ’ শীর্ষক বক্তৃতা করেন।
বরাবরের মতো বাংলা একাডেমির ফেলো ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
আরও পড়ুন: দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, গাজী শামছুর রহমান ছিলেন প্রথিতযশা আইনবিদ ও বাংলা একাডেমির এককালীন সভাপতি। মানব মঙ্গলের জন্যই আইনকানুন - এই মৌলিক বোধটি তিনি যে চিন্তা ও সক্রিয়তায় সবসময় তুলে ধরেছেন, তা আজকের স্মারক বক্তৃতার বিষয়েও প্রযোজ্য। স্থাপত্যকলায় মানবিক প্রকৃতিলগ্ন অঙ্গীকারের বিষয়টিকে বেছে নেয়া হয়েছে, যা এই পৃথিবীকে আরো বাসযোগ্য করে তুলতে সহায়ক হতে পারে।
স্থপতি রফিক আজম তার বক্তব্যে বলেন, প্রত্যাবর্তন মানে অতীতে ফিরে গিয়ে বসবাস করা নয়, বরং অতীতের কোনো স্থাপত্যের অবিকল অনুকরণও নয়। সোমপুর মহাবিহারের ইটের নকশা বা বাংলার কুটিরের চালার হুবহু নকল করলেই বাংলার সমকালীন স্থাপত্য তৈরী হবে না। প্রত্যাবর্তন হলো আমাদের হারিয়ে যাওয়া প্রশ্নগুলোর কাছে ফিরে যাওয়া। ওয়ারী-বটেশ্বর, পুণ্ড্রবর্ধন, সোমপুর মহাবিহার বা বিক্রমপুরের অতীশ-স্মৃতিবাহী ঐতিহাসিক ভূদৃশ্যের দিকে তাকানো, তা নিছক প্রত্নতাত্ত্বিক অতীতে ফিরে যাওয়া নয়। বাংলার কুটির, উঠান, পুকুর, ঘাট, বাগান বা চর্যার দেহরূপকের দিকে ফিরে তাকানোও কোনো নস্টালজিয়া নয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই ভূখণ্ডের বহু ঐতিহাসিক নির্মাণ ও ভাবচর্চায় প্রকৃতি, জীবন এবং দর্শনের মধ্যে গভীর যোগসূত্র ছিল।
তিনি আরও বলেন, আজকের স্থাপত্যবিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের অর্জনকে সঙ্গে নিয়ে যদি আমরা সেই অন্তর্দৃষ্টির দিকে আবার চোখ ফেরাতে পারি, তবে হয়তো আমাদের স্থাপত্য নতুন অর্থে আধুনিক হতে পারে। কারণ প্রকৃত আধুনিকতা স্মৃতিহীনতা নয়; বরং দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন জ্ঞানে রূপান্তর করার ক্ষমতা। এই প্রত্যাবর্তন কোনো নির্দিষ্ট সময়ে বা হারিয়ে যাওয়া স্থাপত্যরীতিতে ফিরে যাওয়া নয়। এটি হলো মাটির কাছে ফিরে যাওয়া, জলের কাছে ফিরে যাওয়া, আলো ও বাতাসের কাছে ফিরে যাওয়া; স্মৃতির কাছে, মানুষের কাছে এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে যাওয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি, তদন্ত চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন