প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরো সুসংহত, আধুনিক ও অধিকারভিত্তিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে একটি মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ অভিবাসন বিষয়ে বাংলাদেশের নেতৃত্ব, জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি আরও জানান, বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের বহুমুখীকরণ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা ও অভিবাসনের চিত্র উল্লেখ করে তিনি অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালানের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। শামা ওবায়েদ বলেন, দেশের অভ্যন্তরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে থাকা অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সম্মিলিতভাবে অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও প্রত্যাগত অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করা প্রয়োজন।
সভায় অংশ নেওয়া অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসকেরা তাদের এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং এ-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ বিষয়গুলো তুলে ধরেন।
বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী চলতি বছরের জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের উপস্থাপিত বক্তব্য ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ে বিভিন্ন গন্তব্য দেশের অবস্থান নিয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সভায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রতিনিধি, অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসক, ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন