০৯:১২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা সিনেমার কাহিনীকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে তিনি আট বছর ধরে নারীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তিনি ধরা পড়েছেন।
সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের অভিযানে তার পরিচয় শনাক্ত করা হয়। জানা গেছে, দীর্ঘ সময় ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন বাশার।
ঘটনার শুরু ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাঁকে কারাদণ্ড দেন। সাজা এড়াতে ২০১৮ সাল থেকে তিনি আত্মগোপনে চলে যান। এরপর পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।
পুলিশের নজরদারিতে একসময় তার ছদ্মপরিচয়ের বিষয়টি সামনে আসে। চেহারায় ব্যাপক পরিবর্তন আনার কারণে পুরোনো ছবির সঙ্গে তার বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, বোনের পরিচয়ে বসবাসকারী ওই ব্যক্তি আসলে পলাতক বাশার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয় গোপনের বিষয়টি ধরা পড়ার পর তাকে পুরুষদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ৩০ আগস্ট একদিনের মধ্যে এক্সিম ব্যাংকের মাধ্যমে এই অস্বাভাবিক লেনদেনটি সম্পন্ন হয়।
তবে এত বিপুল পরিমাণ অর্থের উৎস কী এবং কেনই বা তা কোচিং সেন্টারের হিসাব ঘুরে একজন পুলিশ সদস্যের কাছে গেল—এর কোনো স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
ব্যাংক সংক্রান্ত নথি থেকে জানা যায়, ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত ব্যাংক হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা হয়। জমা হওয়ার পরপরই একই দিনে ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা আরএমপির ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়।
উক্ত কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।
টাকা স্থানান্তরের উদ্দেশ্য ও উৎস সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার কোনো স্পষ্ট জবাব দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উদ্ধত কণ্ঠে বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সাইফুলের সঙ্গে সাবিহাকে গোপনে বৈঠক করতে দেখা যায়।
অন্যদিকে, কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম জানান, ‘সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। সরাসরি না নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নগদ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে সাবিহার হিসাবে পাঠাতে বলা হয়েছিল। আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’
তবে সেই রহস্যময় ‘তৃতীয় ব্যক্তির’ পরিচয় বা কেনই বা এ প্রক্রিয়ায় টাকা পাঠানো হলো, তা স্পষ্ট করেননি সাইফুল।
একজন পুলিশ সদস্যের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সন্দেহজনক এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে তারা নিজস্ব উদ্যোগে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য ‘সবর’ (ধৈর্য) এবং ‘শুকর’ (কৃতজ্ঞতা)—এই দুটি গুণকে অপরিহার্য মূলমন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি উল্লেখ করেন, যাদের মধ্যে ধৈর্য এবং কৃতজ্ঞতাবোধের অভাব রয়েছে, তারা কখনোই দাম্পত্য জীবনে প্রকৃত সুখী হতে সক্ষম হবেন না।
একটি আলোচনায় দাম্পত্য জীবন নিয়ে দিকনির্দেশনা প্রদান করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, দুটি ভিন্ন পারিবারিক পরিবেশ থেকে আসা দুইজন ব্যক্তি যখন এক ছাদের নিচে একসঙ্গে সংসার জীবন যাপন করেন, তখন সব বিষয়ে শতভাগ মিল হওয়া কিয়ামত পর্যন্ত কখনোই সম্ভব নয়। স্বামী-স্ত্রীর বোঝাপড়ার মধ্যে গরমিল বা মতপার্থক্য সৃষ্টি হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়।
ইতিহাসের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনেও উম্মুল মুমিনিনদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মান-অভিমান হয়েছিল। তাই সাধারণ মানুষের সংসারে মতদ্বৈততা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক, এবং এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের পরিচয় দেওয়া।
ধৈর্যকে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান দেবেন। তাই দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রী উভয়কেই একে অপরের ভুলত্রুটি বা প্রতিকূল আচরণের মুখে ধৈর্য ধারণ করতে হবে। স্বামী যদি কোনো ভুল করেন, তাহলে স্ত্রীকে ভাবতে হবে যে এর চেয়েও কঠিন পরিস্থিতির মানুষ পৃথিবীতে রয়েছে; একইভাবে স্ত্রীর কোনো ত্রুটিতে স্বামীরও উচিত ধৈর্যশীল হওয়া।
তিনি আরও পরামর্শ দিয়ে বলেন, দাম্পত্য জীবনে কৌশল ও বুদ্ধিমত্তা ছাড়া সুখী হওয়া কঠিন। রাগের বিপরীতে পাল্টা রাগ দেখালে সংসারে কখনোই সুখ আসে না। স্বামী কিংবা স্ত্রী—উভয়ের যেকোনো একজন যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তবে পরিবারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পারস্পরিক মান-অভিমান ভুলে ধৈর্যশীল আচরণ ও কৃতজ্ঞতাবোধ চর্চা করার জন্য তিনি আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পো।
বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা পার হয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুজনকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ