ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে নার্সিং কোচিং সেন্টারের হিসাব থেকে নারী সার্জেন্টের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর


রাজশাহীতে নার্সিং কোচিং সেন্টারের হিসাব থেকে নারী সার্জেন্টের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর

রাজশাহীতে একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ৩০ আগস্ট একদিনের মধ্যে এক্সিম ব্যাংকের মাধ্যমে এই অস্বাভাবিক লেনদেনটি সম্পন্ন হয়।

তবে এত বিপুল পরিমাণ অর্থের উৎস কী এবং কেনই বা তা কোচিং সেন্টারের হিসাব ঘুরে একজন পুলিশ সদস্যের কাছে গেল—এর কোনো স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ব্যাংক সংক্রান্ত নথি থেকে জানা যায়, ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত ব্যাংক হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা হয়। জমা হওয়ার পরপরই একই দিনে ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা আরএমপির ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে

উক্ত কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

টাকা স্থানান্তরের উদ্দেশ্য ও উৎস সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার কোনো স্পষ্ট জবাব দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উদ্ধত কণ্ঠে বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সাইফুলের সঙ্গে সাবিহাকে গোপনে বৈঠক করতে দেখা যায়।

অন্যদিকে, কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম জানান, ‘সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। সরাসরি না নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নগদ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে সাবিহার হিসাবে পাঠাতে বলা হয়েছিল। আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’

আরও পড়ুন: ফরিদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬২ বছরের বৃদ্ধ, স্ত্রী বাধা হয়ে দাঁড়ালেন

তবে সেই রহস্যময় ‘তৃতীয় ব্যক্তির’ পরিচয় বা কেনই বা এ প্রক্রিয়ায় টাকা পাঠানো হলো, তা স্পষ্ট করেননি সাইফুল।

একজন পুলিশ সদস্যের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সন্দেহজনক এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে তারা নিজস্ব উদ্যোগে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করেন না।

আরও পড়ুন: নোয়াখালীতে মনা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সৃষ্টি হয় দীর্ঘ যানজট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য ‘সবর’ (ধৈর্য) এবং ‘শুকর’ (কৃতজ্ঞতা)—এই দুটি গুণকে অপরিহার্য মূলমন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি উল্লেখ করেন, যাদের মধ্যে ধৈর্য এবং কৃতজ্ঞতাবোধের অভাব রয়েছে, তারা কখনোই দাম্পত্য জীবনে প্রকৃত সুখী হতে সক্ষম হবেন না।

একটি আলোচনায় দাম্পত্য জীবন নিয়ে দিকনির্দেশনা প্রদান করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, দুটি ভিন্ন পারিবারিক পরিবেশ থেকে আসা দুইজন ব্যক্তি যখন এক ছাদের নিচে একসঙ্গে সংসার জীবন যাপন করেন, তখন সব বিষয়ে শতভাগ মিল হওয়া কিয়ামত পর্যন্ত কখনোই সম্ভব নয়। স্বামী-স্ত্রীর বোঝাপড়ার মধ্যে গরমিল বা মতপার্থক্য সৃষ্টি হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়।

ইতিহাসের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনেও উম্মুল মুমিনিনদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মান-অভিমান হয়েছিল। তাই সাধারণ মানুষের সংসারে মতদ্বৈততা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক, এবং এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের পরিচয় দেওয়া।

ধৈর্যকে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান দেবেন। তাই দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রী উভয়কেই একে অপরের ভুলত্রুটি বা প্রতিকূল আচরণের মুখে ধৈর্য ধারণ করতে হবে। স্বামী যদি কোনো ভুল করেন, তাহলে স্ত্রীকে ভাবতে হবে যে এর চেয়েও কঠিন পরিস্থিতির মানুষ পৃথিবীতে রয়েছে; একইভাবে স্ত্রীর কোনো ত্রুটিতে স্বামীরও উচিত ধৈর্যশীল হওয়া।

তিনি আরও পরামর্শ দিয়ে বলেন, দাম্পত্য জীবনে কৌশল ও বুদ্ধিমত্তা ছাড়া সুখী হওয়া কঠিন। রাগের বিপরীতে পাল্টা রাগ দেখালে সংসারে কখনোই সুখ আসে না। স্বামী কিংবা স্ত্রী—উভয়ের যেকোনো একজন যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তবে পরিবারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পারস্পরিক মান-অভিমান ভুলে ধৈর্যশীল আচরণ ও কৃতজ্ঞতাবোধ চর্চা করার জন্য তিনি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পো।

বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা পার হয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুজনকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অসামান্য অবদানের জন্য ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (সিবিই) সম্মাননা লাভ করেছেন।

আজ ব্রিটিশ হাই কমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই রাজকীয় সম্মাননার প্রতীক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে সফরে আসা ডাচেস অব এডিনবরা উপস্থিত ছিলেন।

ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি টেইলর বাংলাদেশে কাজের স্বীকৃতিস্বরূপ ‘কিং’স বার্থডে অনার্স ২০২৫’-এ সিবিই খেতাবে ভূষিত হন।

তিনি ১৯৭৯ সালে সিআরপি প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে দেশে প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য তার দশকের পর দশক ধরে সেবার যাত্রা শুরু হয়।

মানবতায় অবদানের জন্য এর আগেও ১৯৯৫ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) সম্মাননা লাভ করেছিলেন তিনি।

পুনর্বাসন সেবায় এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে টেইলরের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাকে এ সম্মাননা দেওয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (সন্ধ্যায়) জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. আকরাম হোসেন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার পদোন্নতি পেয়ে সিলেট বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন। তাঁর এ পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%