রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৯ পি.এম
যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান এবং দুই শতাধিক মার্কিন সেনা ভারতে পৌঁছেছে।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন যে, তারা মূলত ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে দেশটিতে এসেছেন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গোর এক্সে একটি পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর বহুপাক্ষিক বিমান মহড়ায় অভিষেক হতে চলেছে, যা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি যুক্তরাষ্ট্রের স্টিলথ যুদ্ধবিমানগুলোর ছবি শেয়ার করেন।
তিনি লেখেন, ‘যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানশক্তি! তরঙ্গ শক্তি মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ এবং ২০০ বিমান বাহিনীর সদস্য এখন ভারতে। ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদারদের সাথে ভারতের আকাশে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর অভিষেক হতে দেখে আমি উচ্ছ্বসিত।’
এর আগে, গত মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় সংস্করণে সাতটি বিদেশি দেশ অংশ নেবে। এই বহুপাক্ষিক মহড়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।
মহড়ার সময় ভারত রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআইয়ের মতো যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে। এই মহড়ার উদ্দেশ্য হলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা এবং বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির একটি মঞ্চ তৈরি করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁয় পরিবহন শ্রমিকরা অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটটি বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। হঠাৎ করে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোর সময় অটোরিকশা (সিএনজি) চালক ও বাসশ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন এবং এক সুপারভাইজারকে সিএনজিচালকেরা অতর্কিত মারধর করেন। গুরুতর আহত অবস্থায় রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে শ্রমিক ইউনিয়নের নেতারা সকাল থেকে ধর্মঘটের ডাক দেন।
বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারবে না। কিন্তু এই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কেও অবাধে এসব অবৈধ যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে ক্ষুব্ধ শ্রমিকরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। বিকল্প বাহন হিসেবে অন্য যানবাহন ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছে।
সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে আসা আফসার আলী জানান, "বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। যেখানে ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা লেগেছে, আর সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।"
মান্দাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, "বাসশ্রমিক আর অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।"
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, "এ বিষয়ে অটোরিকশা (সিএনজি) মালিকদের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সুরাহা বা সমাধান হয়নি।"
তিনি আরও বলেন, "এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত দোষী আসামিরা গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।"
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী জানান, "বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
তিনি আরও জানান, "এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, অনুসন্ধানের সময় বিপ্লব কুমার সরকারের নামে এবং বেনামে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি চিহ্নিত হয়েছে।
পরে অনুসন্ধানকারী কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী নোটিশ জারির জন্য সুপারিশ করেন। কমিশন সেই সুপারিশটি অনুমোদন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) কর্তৃক পরিচালিত একটি অভিযানে কিশোরগঞ্জের ভৈরবের জে.আই. ইমপেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি প্রাথমিকভাবে উদঘাটিত হয়েছে।
আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা (পূর্ব) কমিশনারের নির্দেশে এবং যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রিভেন্টিভ দল ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত জে.আই. ইমপেক্স লিমিটেডে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে প্রতিষ্ঠান থেকে মূসক ১২.৩ এর মাধ্যমে বিপুল পরিমাণ বাণিজ্যিক নথিপত্র, বিক্রয় সংক্রান্ত দলিল, টালি খাতা, রেজিস্টার, ট্রাক রেন্ট ডকুমেন্টস, মেমো ফাইল, কম্পিউটার প্রিন্টেড বিক্রয় দলিলাদি এবং একটি সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের ৭২টি ফোল্ডার ও নথিতে কাঁচা চালান এবং বিক্রয়ের তথ্য পাওয়া গেছে।
এসব তথ্য যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানটির ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার বিক্রয় তথ্যের বিপরীতে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয় পিবিআই কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।
‘অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস : ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি (আইএফএসসিএস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রশিক্ষণে পিবিআইয়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
আজ রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মসূচিটি।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অপরাধস্থল ব্যবস্থাপনা, শারীরিক ও জৈবিক আলামত সংগ্রহ, সংরক্ষণ ও প্যাকেজিং, চেইন অব কাস্টডি, পরীক্ষাগারে আলামত পাঠানো ও ট্র্যাকিং, ফরেনসিক ডিএনএ, ফরেনসিক প্যাথলজি ও টক্সিকোলজি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের সীমাবদ্ধতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্রমাণ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো অপরাধ তদন্তে নির্ভুল, নির্ভরযোগ্য ও ব্যয়সাশ্রয়ী বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা। একই সঙ্গে শারীরিক ও ডিজিটাল প্রমাণ যথাযথভাবে শনাক্ত ও বিশ্লেষণ এবং তদন্ত থেকে আদালত পর্যন্ত এসব প্রমাণের গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়, পিবিআই, সিআইডি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন।
সাবেক সিনিয়র জেলা জজ আবু সায়েদ দিলজার হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. মো. মতিয়ার রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইএফএসসিএস-এর প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি জান্নাতুল হাসান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. উম্মে শারাবান তাহুরা, সিনিয়র সহকারী সচিব সাঈদ মো. সাফায়েত, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সিআইডির সাথী রানি শর্মা, ক্রাইম সিন ইউনিটের গাজী গোলাম দস্তগীর, সিআইডির ফরেনসিক ইউনিটের এ বি এম আতিকুর রহমান, সিআইডির ডিএনএ পরীক্ষক মো. আশরাফুল আলম এবং সিআইডির গোলাম আমবিয়া মাহমুদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসের ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন আরওয়াকার অনলাইনে ‘সিগনিফিকেন্স এন্ড ইমপ্যাক্ট অব ফরেনসিক ইভিডেন্স’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
প্রশিক্ষণে ‘ফরেনসিক ফাইন্ডিং থেকে জুডিশিয়াল ফাইন্ডিং’, ‘অপরাধ তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’, ‘ফরেনসিক রিপোর্ট ও বিশেষজ্ঞ সাক্ষ্য’, ‘ফরেনসিক প্রমাণের সীমাবদ্ধতা’ এবং ‘পুলিশি জিজ্ঞাসাবাদ ও মানবাধিকার’সহ বিভিন্ন বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইএফএসসিএস-এর প্রধান অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও আইএফএসসিএস-এর প্রভাষক খাতুনে জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশের ডিআইজি সুজায়েত ইসলাম, ডিআইজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডিআইজি আলিমুজ্জামান, কোর্স পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সামিরা সুলতানা, কোর্স সমন্বয়ক মো. আরিফুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পিবিআই কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ