০৮:৫৯ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের ফাঁপে ফেলে নগ্ন ছবি ও ভিডিও ধারণের পর সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আলিফ হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর নগ্ন ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত ব্যক্তিরা ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তে নামেন। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং সাইবার অ্যানালাইসিস ব্যবহারের মাধ্যমে অভিযুক্ত আলিফের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে টাঙ্গাইলের গোপালপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এদিকে, গ্রেপ্তারের পর আলিফের ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেছে। এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তল্লাশিতে মোবাইলটিতে ধামইরহাটের ওই তরুণী ছাড়াও আরও তিন মেয়ের আপত্তিকর ভিডিও এবং ছবি পাওয়া গেছে। এমনকি নিজের স্ত্রীর নগ্ন ভিডিওও তিনি মোবাইলে সংরক্ষণ করে রেখেছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে আলিফ স্বীকার করেছেন যে, তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মেয়েদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে তুলতেন। এরপর তিনি কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা মোবাইলে জমিয়ে রাখতেন। পরবর্তীতে এসব ছবি দিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল বা জিম্মি করে বিভিন্ন ফায়দা নেওয়ার চেষ্টা করতেন। মূলত এই ঘৃণ্য অপরাধের মাধ্যমে তিনি এক ধরনের বিকৃত আনন্দ পেতেন।
গ্রেপ্তার আসামিকে ইতোমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজৈরে পরকীয়ায় বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন