ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ হোন: প্রধানমন্ত্রীর আহ্বান


ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ হোন: প্রধানমন্ত্রীর আহ্বান

অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশের সার্বভৌমত্বকে তারা দাবিয়ে রাখতে চায়। এ প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ৭১, ৭ নভেম্বর এবং ২৪-এর মতো ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, ৭১-এ অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল, যা ৭ নভেম্বর সিপাহি-জনতা পরাজিত করেছিল।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

দুপুর পৌনে ৩টায় লাখো জনতার মধ্যে ৭ নভেম্বরে সিপাহি জনতার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান উপস্থিত হন। তিনি উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন এবং জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। পরে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘সার্বভৌমত্ব’ র‍্যালি শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান; হুইপ দুলুর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান; হুইপ দুলুর দাবি

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, "আজকের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান।" তিনি উল্লেখ করেছেন, ৭ নভেম্বরই এই ভিত্তি স্থাপিত হয়।

তিনি আরও বলেন, "বাংলাদেশের এগিয়ে যাওয়া পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে।" এদেশের জন্য এজি ওসমানি, জিয়াউর রহমান, মওলানা ভাসানি এবং শেখ মুজিবুর রহমানের যে অবদান রয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "সত্যিকারের ইতিহাস লিখতে হবে।" তিনি উল্লেখ করেন, বারবার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে, যা জাতি হিসেবে আমাদের জন্য ক্ষতিকর। তিনি বলেন, "তাই আমাদের পেছনে তাকানোর সুযোগ নাই।" তিনি প্রতিহিংসার রাজনীতি এবং আক্রমণের রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।

অপরদিকে, সকালে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা।

পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতা, বাবুল চেীধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসসহ দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসসহ দুইজন আটক

হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকা থেকে পুলিশ ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকসহ তাদের আটক করা হয়। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

আটককৃতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক সেলিম এবং তার সহকারী শিপন।

পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে র‌্যাব, বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। শুক্রবার রাতে ভারতীয় কসমেটিকস বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ গোপন সূত্রে খবর পায়। এরপর ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাক থেকে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক ট্রাকচালকদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, জব্দ করা মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক মন্তব্য করেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনেমাটির কাজ শেষ করে যেতে পারলেন না অস্কারজয়ী নির্মাতা সেবাস্টিয়ান লেলিও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


সিনেমাটির কাজ শেষ করে যেতে পারলেন না অস্কারজয়ী নির্মাতা সেবাস্টিয়ান লেলিও

বিশ্ব চলচ্চিত্রে মানবিক গল্প বলার এবং স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য পরিচিত ছিলেন চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও। তার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে চিলির সিনেমা নতুন পরিচিতি লাভ করেছিল। শুক্রবার (৬ নভেম্বর) চিলির রাজধানী সান্তিয়াগোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫২ বছর।

লেলিওর মৃত্যুর খবর তার পরিবার স্থানীয় সময় শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। পোস্টে তার শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে উল্লেখ করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তার স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন, যিনি চিলির সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।’

২০১৮ সালে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার বা অস্কার অর্জন করেন লেলিও। এই বিভাগটি আগে বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত ছিল। সিনেমাটিতে একজন ট্রান্সজেন্ডার নারীর জীবনসংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরে নির্মাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ প্রশংসা অর্জন করেন।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী ড্যানিয়েলা ভেগা। তিনি একজন ওয়েট্রেস ও নাইটক্লাবের গায়িকার চরিত্রে অভিনয় করেন, যার প্রেমিকের আকস্মিক মৃত্যুর পর জীবন নানা সংকটের মুখে পড়ে। সিনেমাটি চিলির চলচ্চিত্র ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে এবং এটি ছিল দেশটির দ্বিতীয় অস্কার জয়। এর আগে ২০১৬ সালে ‘বিয়ার স্টোরি’ নামের একটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই সম্মান অর্জন করেছিল।

‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ ছাড়াও লেলিওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়েভ’, ‘দ্য ওয়ান্ডার’, ‘ডিসওবিডিয়েন্স’ ও ‘দ্য ইয়ার অব দ্য টাইগার’। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে কাজ করতে গিয়ে তিনি জুলিয়ান মুর, র‍্যাচেল ভাইস ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন।

মৃত্যুর আগে নতুন সিনেমা ‘পোয়েতা চিলেনো’ বা ‘চিলিয়ান পোয়েট’ নিয়ে ব্যস্ত ছিলেন এই নির্মাতা। আলেজান্দ্রো জামব্রার বই অবলম্বনে নির্মিতব্য ছবিটির শুটিং চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। তবে সিনেমাটির কাজ শেষ করে যেতে পারলেন না তিনি।

আর্জেন্টিনার মেনদোসায় জন্ম নেওয়া লেলিও মাত্র দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে আসেন। চিলির চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তিনি এক বছর সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে নিজের নির্মাণকর্মের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রে স্থান করে নেন এই নির্মাতা। তার মৃত্যুতে চিলির চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের সবুজ পল্লী কলেজে ৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


যশোরের সবুজ পল্লী কলেজে ৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল

যশোরের মণিরামপুর উপজেলার সবুজ পল্লী কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সাত শিক্ষার্থীর মধ্যে কেউই পাস করতে পারেনি। বর্তমানে কলেজটিতে শিক্ষক সংখ্যা মাত্র চারজন।

মণিরামপুর-খেদাপাড়া সড়কের পাশে ধানখেতের মধ্যে কলেজটির দুটি ছোট কাঁচা-পাকা ভবন দাঁড়িয়ে আছে। একটি ভবনের পলেস্তারা খসে পড়েছে, অন্যটি তুলনামূলক নতুন। কলেজের শিক্ষক-কর্মচারীরা কখনো বেতন-ভাতা পাননি। দীর্ঘকাল ধরে কলেজের কার্যক্রম এমন পরিস্থিতিতে চলছে।

স্থানীয়দের প্রশ্ন, যেখানে শিক্ষক নেই এবং নিয়মিত পাঠদান নেই, সেখানে শিক্ষার্থীরা কিভাবে ভালো ফলাফল করতে পারে?

খেদাপাড়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জিএম ওমর ফারুকের উদ্যোগে ২০০৩ সালে সবুজ পল্লী কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানের শুরুতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাঠদানের অনুমোদন পেয়েছিল। তখন শিক্ষক ছিলেন ১৫ জন। কিন্তু বেতন-ভাতা না পাওয়ার কারণে ধীরে ধীরে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষকরা কলেজ ছেড়ে চলে যান। একসময় শিক্ষার্থীরাও কলেজ থেকে মুখ ফিরিয়ে নেয়। পরে মানবিক বিভাগের পাঁচজন প্রভাষক দিয়ে পাঠদান চলছিল। ২০২৫ সালের ৪ মার্চ ইংরেজি বিভাগের একমাত্র প্রভাষক এস আলমের মৃত্যুর পর বর্তমানে কলেজটি চারজন শিক্ষক দিয়ে চলছে।

নন-এমপিও হওয়ায় কলেজের শিক্ষকদের সরকারি বেতন-ভাতার কোনো নিশ্চয়তা নেই। এ কারণে ইংরেজি প্রভাষকের পদ শূন্য থাকায় নতুন কেউ চাকরির আগ্রহ দেখাননি। এমনকি এ পদে আবেদনও করেনি কেউ। ফলে শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ইংরেজি শিক্ষক ছাড়াই অংশ নিতে হচ্ছে।

কলেজটির গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২২ সালে ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯ জন পাস করেন। ২০২৩ সালে ২৭ জনের মধ্যে ২৬ জন পাস করেন। ২০২৪ সালে ১০ জন পরীক্ষার্থী পাস করেন আটজন। ২০২৫ সালে পাঁচজনের মধ্যে তিনজন পাস করেন। তবে এবার সাতজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি কেউ। তাদের মধ্যে তিনজন একটি বিষয়ে এবং দুজন দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

কলেজ মোড়ের দোকানি আবু রহিম বলেন, "এলাকার অধিকাংশ ছেলেমেয়ে কলেজটিতে পড়তো। কয়েক বছর পর শিক্ষকরা চলে যেতে থাকেন। একসময় শিক্ষার্থীরাও আসা বন্ধ করে দেয়।"

খেদাপাড়া বাজারের এক ব্যবসায়ী জানান, ২০০৬ সালের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল হক সবুজ পল্লী কলেজের কাছেই ‘মাতৃভাষা কলেজ’ নামে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই কলেজটি দ্রুত এমপিওভুক্ত করাতে সক্ষম হন। অথচ আগে প্রতিষ্ঠিত সবুজ পল্লী কলেজটি এমপিওভুক্তি থেকে বঞ্চিত হয়। এর মধ্যে ইংরেজি শিক্ষকও মারা যান। অর্থনীতির শিক্ষক রমজান আলী একসময় ইংরেজি ক্লাস নিতেন। শিক্ষকসংকটের কারণে ধীরে ধীরে শিক্ষার্থীরাও কলেজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম হোসেন বলেন, "২৩ বছর ধরে কলেজে শিক্ষকতা করছি। এক পয়সাও পাইনি। ছেলেমেয়ে, ঘর সংসার তো রয়েছে।"

বর্তমানে একাদশ শ্রেণিতে ৩১ জন এবং দ্বাদশ শ্রেণিতে ৪১ জন শিক্ষার্থী রয়েছে বলে দাবি করেন তিনি। ইব্রাহিম হোসেন বলেন, "ছেলেমেয়েদের মুখের তাকিয়ে এখনও আছি।"

কলেজটি এমপিওভুক্ত না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, "এমপিওভুক্তির জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, সেগুলো কলেজে সবসময়ই ছিল। কিন্তু রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত হতে বাধা দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "কলেজটির প্রতিষ্ঠাতা খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিএম ওমর ফারুক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। কলেজ প্রতিষ্ঠার কিছুদিন পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। মণিরামপুরের তৎকালীন সংসদ সদস্য খান টিপু সুলতান এমপিওভুক্তিতে কোনো বাধা না দিলেও স্বপন ভট্টাচার্য সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। একপর্যায়ে কলেজের একমাত্র কাঁচা-পাকা ভবনটির পলেস্তারা খসে পড়তে থাকে। পরে ২০২৫ সালে সংসদ সদস্য ইয়াকুব আলী কলেজে একটি ভবন নির্মাণের ব্যবস্থা করে দেন।"

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কলেজের এক প্রতিষ্ঠাতা সদস্য বলেন, "চেয়ারম্যানের সাথে থেকে অনেক আশা নিয়ে আমরা কলেজটি করেছিলাম। কিন্তু কয়েক বছর পার হলেও এমপিও না হওয়ায় বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষকরা চলে যান। শিক্ষার্থীদের কলকাকলীমুখর কলেজটি এখন কোনোরকমে টিকে আছে। কলেজটি এমপিওভুক্ত হলে পাসের হার বাড়বে।"

খেদাপাড়ার স্কুলশিক্ষক মতিয়ার রহমান বলেন, "ভূগোল শিক্ষক দিয়ে ইংরেজি পড়ালে শিক্ষার্থীরা কেউ পাস করবে না— এটাই স্বাভাবিক। তবে, পুরনো প্রতিষ্ঠান। এমপিওভুক্ত হলে শিক্ষক পাওয়া যাবে। তখন এ সমস্যা থাকবে না।"

খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্না বলেন, "কলেজটি খুব দুরবস্থার মধ্যে আছে। এ বছর কেউ পরীক্ষা দিয়েছিল কি না জানি না। তবে এমপিওভুক্ত হলে এ প্রতিষ্ঠান প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। এলাকার স্বার্থে, আমাদের ছেলে-মেয়েদের স্বার্থে কলেজটি এমপিওভুক্তির দাবি করছি।"

এদিকে শূন্য পাসের প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড। বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, "সবুজ পল্লী কলেজের প্রধানকে ডেকে স্বীকৃতি নবায়ন করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শূন্য পাস প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বোর্ড অত্যন্ত কঠিন অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুকে আযম মু. আব্দুস ছালাম ও সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিনের সতর্কতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "বোর্ড থেকে বারবার সতর্ক করা হয়েছে। তবে চলতি বছর কলেজটির স্বীকৃতি নবায়ন হবে না— এমন কোনো নির্দেশনার কথা তিনি অস্বীকার করেন।"

কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, "আগের বছরগুলোতে পরীক্ষার ফলাফল সন্তোষজনক ছিল। কিন্তু এবার কেউ পাস করেনি। ইংরেজি বিষয়ের প্রভাষক না থাকায় এ বিপর্যয় ঘটেছে।"

তিনি বলেন, "একজন খণ্ডকালীন ইংরেজি শিক্ষক দিয়ে ক্লাস করানোর ব্যবস্থা করা হয়েছিল। তাকে বেতন না দেওয়ায় তিনি মাস দুয়েক পর আর আসেননি। স্কুল হলে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে ইংরেজি পড়ানো যেত। কিন্তু কলেজে সেটি সম্ভব হচ্ছে না।"

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কবীর হোসেন বলেন, "এলাকার শিক্ষার্থীদের সুবিধার জন্য কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠার পর নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও প্রতিষ্ঠানটি টিকে আছে। তবে এবারই প্রথম পাসের হার শূন্য হয়েছে। ইংরেজি শিক্ষক থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আগামীতে যাতে এ অবস্থার পুনরাবৃত্তি না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%