বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
০১:০৭ পি.এম
গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১২ আগস্ট) থেকে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী মানুষ।
তবে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে কিছু ব্যক্তি মালিকানাধীন ট্রলার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল ও বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মাসুম বিল্লাহ।
উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় গতকাল (বুধবার) থেকে হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় যাত্রীরা নৌযানের অপেক্ষায় অবস্থান করছেন।
কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।
তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি ট্রলার ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে নদীতে চলাচল করছে বলে জানা গেছে।
এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে।
এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার নৌ যোগাযোগসহ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সতর্কতা সংকেত প্রত্যাহার করা হলে নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরি সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, যেখানে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য হলো সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘মানবজীবনের মূল্য সর্বাগ্রে’ এবং এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রেক্ষাপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়। সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার এবং প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম আরো জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও আলোচনায় বিশেষভাবে উঠে আসে। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের উদ্দেশ্য ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা সম্ভব বলে মত প্রকাশ করা হয়।
একই সঙ্গে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং সাইবার কার্যক্রমের ক্ষেত্রে মানবিক ও আইনগত বিষয় যথাযথভাবে বিবেচনায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষ আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষণা করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সভার পর প্রার্থীর নামটি ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
অন্যদিকে, সংসদে বিরোধী দল, অর্থাৎ ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আজ দুপুর ১২টা পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে জোটের নেতারা মনোনয়নপত্র জমা দেন।
ইসির তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ উল্লেখ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হবে। একই প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন, তবে বাছাইয়ের পর একটি চূড়ান্ত মনোনয়ন হবে।
ভোট হবে ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তখনকার সরকারের সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ইশরাত জাহান অনি।
এতদূর আগে, বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ সময় প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া সহ তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশেরও দাবি করেছে।
ওবায়দুল কাদেরসহ মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ তোলেন ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকরা। তারা ক্ষিপ্ত হয়েছেন কারণ, মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে ইরান মিসাইল হামলা চালাতে পারে বলে যে হুমকি ছিল, সেই কারণে গত ৮ জুলাই আঙ্কারা থেকে ফেরার সময় ট্রাম্প গোপনে বিমান বদল করেন।
তবে তার সফরসঙ্গী সাংবাদিক, নিরাপত্তা রক্ষী এবং স্টাফরা সেই বিপজ্জনক ঝুঁকিতে থাকা বিমানেই আঙ্কারা ছেড়েছিলেন।
ন্যাটো সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ৭ জুলাই কাতার রাজপরিবারের দেয়া নতুন এয়ারফোর্স ওয়ানে চড়ে তুরস্ক সফর করেন ট্রাম্প। কিন্তু পরদিন তার ফিরে আসার সময় ঘটে নাটকীয় ঘটনা। এয়ারফোর্স ওয়ানের নতুন বিমানের বদলে পুরোনো বিমানে তিনি ফিরবেন বলে ঘোষণা করা হয়।
তবে সে সময় নিরাপত্তা হুমকির কথা প্রকাশ করা হয়নি। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাজ্যের ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের জন্য সুবিধা করতে নতুন বিমানটি একদিন আগে পাঠানো হয়েছিল।
পরে জানা যায়, নতুন বিমানটি পরিবহনে রাজকীয় হলেও তার মধ্যে মিসাইল প্রতিরোধী ব্যবস্থা নেই, যা পুরোনো বিমানের মধ্যে ছিল। সেই কারণেই ডেকে পাঠানো হয় পুরোনো বিমানটিকে।
সবার সামনে ট্রাম্প পুরোনো এয়ারফোর্স ওয়ানে চড়ে বসেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কিছু হাসি-ঠাট্টাও করেন। এরপর সবার চোখের আড়ালে বিকল্প দরজা দিয়ে নেমে গিয়ে খাবার সরবরাহের ভ্যানে চড়ে রানওয়েতে অপেক্ষমাণ একটি ছোট সামরিক বিমানে করে আঙ্কারা ছাড়েন ট্রাম্প। তার সফরসঙ্গীদের নিয়ে ইরানের হামলার ঝুঁকিতে থাকা বিমানটি তখন আকাশে উড়তে থাকে।
গত সোমবার ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের বিমান বদলের খবর প্রকাশ করার আগে কাউকেই এর সম্পর্কে কিছু জানা ছিল না। বর্তমানে ট্রাম্প বলছেন, তিনি সিক্রেট সার্ভিসের পরামর্শেই এই ব্যবস্থা নিয়েছিলেন। ৮ জুলাই সাংবাদিকরা পুরোনো এয়ারফোর্স ওয়ানে আরোহণের পর সিক্রেট সার্ভিস থেকে উড্ডয়নের সময় জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল; যুদ্ধক্ষেত্রের বাইরে এটি অত্যন্ত অস্বাভাবিক একটি নির্দেশনা।
সাংবাদিবকরা যখন এ সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চান, তিনি হালকা সুরে জানান, 'কারণ আমাদের যেসব নোংরা লোকজনের মুখোমুখি হতে হচ্ছে, তাদের কারণে আপনারা সম্ভবত একটি বিপজ্জনক ফ্লাইটে আছেন।'
ট্রাম্প আরও বলেন, 'আমি যদি শেষ হয়ে যাই, আপনারাও যাবেন। ঠিক তো?' কিন্তু এই কথা বলার কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিকদের কিছু না জানিয়ে তাদের বিপদের মুখে রেখে বিমান বদলে ফেলেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর সফরসঙ্গী সাংবাদিকরা নিজেদের বিপদের মাত্রা বুঝতে পারেন। সফরসঙ্গী গণমাধ্যমকর্মীদের মধ্যে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, তাদের অজান্তেই টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। কেউ কেউ হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রতারণা এবং যোগাযোগের ঘাটতির অভিযোগও তুলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে সফরসঙ্গ্যের একজন সাংবাদিক জানান, 'আপনি যখন হোয়াইট হাউসে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন, এমনকি একজন বেসামরিক কর্মী হিসেবেও, তখন প্রেসিডেন্টের সুরক্ষা দেওয়া আপনার দায়িত্বের অংশ হয়ে দাঁড়ায়। তবে সাংবাদিক হিসেবে এটি আমার কাজ নয়। আমার কাজ শুধু প্রেসিডেন্টকে কভার করা। সাংবাদিকরা কাজের অংশ হিসেবে ঝুঁকি নেন, কিন্তু প্রেসিডেন্টের হয়ে বা তার স্বার্থে নয়।' তবে সাংবাদিকদের ঝুঁকিতে ফেলার বিষয়ে ট্রাম্প বা হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ