ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা


২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এই যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হবে। ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং রোবটিক্স অন্তর্ভুক্ত থাকবে। সপ্তম শ্রেণিতে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু: শিক্ষামন্ত্রী

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক এবং ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স এবং ন্যানোটেকনোলজি থাকবে বলে শিক্ষামন্ত্রী জানান।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয়গুলো যুক্ত করা হবে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধুমাত্র এআই ব্যবহার শেখালেই হবে না, শিক্ষার্থীদের এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শেখাতে হবে।

এসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং এবং নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা।

আরও পড়ুন: রাষ্ট্রপতি: অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে

এছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা বলে শিক্ষামন্ত্রী জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরকে ফেরানোর বিষয়ে সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


বেনজীরকে ফেরানোর বিষয়ে সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সহজ নয়, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে চলছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ এর অধীনে গৃহীত প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা বিদেশে অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার হওয়ার মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এটি একটি দীর্ঘ ও জটিল বিচারিক এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের আইন, আদালত এবং কূটনৈতিক বাধ্যবাধকতাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ফলস্বরূপ, ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়। এরপর ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় যে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ‘ফেডারেল ল নম্বর ৩৯ অফ ২০০৬’-এর আর্টিকেল ১১ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটি বরাবর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ বা প্রত্যর্পণের অনুরোধ প্রেরণ করে। একই তারিখে তথ্য সমন্বয়ের জন্য উক্ত অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুরোধপ্রাপ্ত দেশের (দুবাই বা আবুধাবি) উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক সে দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় গৃহীত সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার, প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে ‘মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট’ বা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান, কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে, প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন থাকাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ আমলের হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


আ.লীগ আমলের হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সরকার এই ঘটনার শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

আইনমন্ত্রী আরও জানান, উল্লিখিত মামলাগুলোর মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। ২৯৩টি মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যার মধ্যে ৯৮টি হত্যা মামলা এবং ১১৫টি অন্যান্য মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া, ঘটনাস্থল-সংক্রান্ত কারণে সঠিক থানায় মামলা দায়ের না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদীর একাধিক মামলা দায়েরের কারণে ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন প্রদান করা হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত এখনও চলছে, মন্ত্রী জানান।

আইনমন্ত্রী বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রতিটি মামলার তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালের আটটি মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এসব রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অবৈধ তেলের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


চট্টগ্রামে অবৈধ তেলের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি অবৈধ তেলের (মবিল) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে মোবিলের পাঁচটি গুদাম পুরোপুরি পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ওই মবিল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী পাশের ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেলের গুদাম গড়ে তুলে ব্যবসা চালানো হচ্ছিল। গুদামে অবৈধভাবে তেল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কনটেইনারে নকল ও নিম্নমানের মবিল ভরে বাজারজাত করত একটি চক্র।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘শুরুতে তেলের দোকানে আগুন লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই এটি বড় তেলের গুদাম। পরে বিশেষ ফোম এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কেউ হতাহত হননি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে গ্যাসের আগুনের নিচে বড় রিজার্ভারের সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ এম


ইনানীতে গ্যাসের আগুনের নিচে বড় রিজার্ভারের সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপের গর্ত থেকে টানা ১৫ দিন ধরে নির্গত গ্যাসে আগুন জ্বলছে। গ্যাসের এই অস্বাভাবিক প্রবাহ দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা ভূগর্ভে বড় ধরনের গ্যাসের মজুত বা রিজার্ভার থাকার সম্ভাবনা দেখছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল। এর আগে ২৭ অক্টোবর ওই এলাকার প্রায় এক হাজার ফুট গভীর একটি নলকূপ খননের সময় নিচ থেকে তীব্র বেগে গ্যাস ও পানি বের হতে শুরু করে।

প্রতিনিধিদলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার অহিদুল ইসলাম জানান, সরেজমিন পর্যবেক্ষণে সেখানে একটি ভূ-কাঠামোর (স্ট্রাকচার) অস্তিত্ব পাওয়া গেছে। সাধারণত ফোল্ড বেল্টের ভাঁজের সর্বোচ্চ অংশে এ ধরনের ভূ-কাঠামো তৈরি হয়। দৃশ্যমান এই ভূতাত্ত্বিক গঠনকে ‘বোকাবেল ফরমেশন’ বলা হয়। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ফরমেশনের নিচে গ্যাসের মজুত রয়েছে। ফলে ইনানীতেও অনুরূপ রিজার্ভার থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে এই রিজার্ভার থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, তা এখনই নিশ্চিত নয় জানিয়ে তিনি বলেন, এ জন্য আরও কারিগরি অনুসন্ধান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কূপটি নিরাপদে নিয়ন্ত্রণে এনে বন্ধ করা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক মো. তোফায়েল উদ্দিন শিকদার বলেন, সাধারণত অগভীর স্তরে পাওয়া গ্যাসের স্থায়িত্ব কম থাকে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ইনানীতে দুই সপ্তাহ পার হলেও গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিষয়টি নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কূপটিতে কিছু কারিগরি ঝুঁকি রয়েছে। সেগুলো মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। ভূতাত্ত্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংগৃহীত নমুনার ল্যাব টেস্ট এবং ঢাকায় বিশেষজ্ঞ দলের পর্যালোচনার পর চূড়ান্ত পরিকল্পনা নেয়া হবে। প্রাথমিক প্রস্তুতি ও কারিগরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

এদিকে এলাকায় গ্যাসের সম্ভাবনার খবরে নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মেটাতেও এটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%