১২:১৬ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভা শেষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বরখাস্ত হওয়া কর্মচারীর নাম আমানউল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের একজন কর্মচারী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল ফুটানোর জন্য ওই কর্মচারী অন্যদেরকে প্রস্তাব দিচ্ছিল" এমন অভিযোগ আসার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন: উত্তরায় ওয়ার্ড আ. লীগের সহ-সভাপতিসহ ১১ জন গ্রেফতার
তিনি আরও জানান, "ক্যাম্পাস এলাকায় ককটেল ফুটানোর ঘটনায় যারা জড়িত ছিল আগামী কয়েক দিনের মধ্যেই তাদের সকল নেটওয়ার্ক চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।"
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসে অবস্থানকালে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যাই হোক না কেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, নাশকতা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলের হামলার তীব্র নিন্দা তুরস্কের
নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন