০১:৫৩ এম
শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফল বা সনদ অর্জন নয়, বরং প্রকৃত সুনাগরিক, নৈতিকতাসম্পন্ন এবং দেশপ্রেমিক মানুষ হয়ে ওঠা—এমন মন্তব্য করেছেন বক্তারা। ভোলার চরফ্যাশনে বেগম রহিমা ইসলাম কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এই কথা বলেন।
শনিবার সকালে শশীভূষণ থানাধীন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ‘নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ উদযাপন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষাবিদ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, "প্রিয় নবীন শিক্ষার্থীরা, স্কুলজীবন পেরিয়ে আজ তোমরা উচ্চমাধ্যমিকের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রেখেছ। কলেজ জীবনের প্রতিটি মুহূর্ত ইতিবাচক কাজে লাগাও, নিয়মানুবর্তিতা বজায় রাখো এবং মাদকসহ সব খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। নিজেদের মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে আগামী দিনের দক্ষ নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তোলো।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী অনিক, বিএনপি নেতা ছালাম জমাদার, শশীভূষণ থানা যুবদল নেতা রাছেল ফরাজী ও কামরুজ্জামান শাহিন।
এছাড়া শশীভূষণ থানা মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মুনসী, চরকলমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. মন্নান ফরাজী, এওয়াজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহে আলম, যুবদল নেতা মাকসুদ মাস্টার, রসুলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই পর্বে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা ও বরিশাল থেকে আগত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন