ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ৭৩ হাজার ৩৭ শিক্ষার্থী


এইচএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ৭৩ হাজার ৩৭ শিক্ষার্থী

ময়মনসিংহ, ২ জুলাই, ২০২৬ : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। এই অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার একটি বিবৃতিতে বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন বোর্ড সচিব ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. এনামুল হক।

আরও পড়ুন: নেত্রকোনায় মাদক সেবন ও সরকারি কাজে বাধা, নারীসহ তিনজনের কারাদণ্ড

এ দিকে, তিনি জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪ জেলার ৩১৬টি প্রতিষ্ঠানের ৭৩ হাজার ৩৭ পরীক্ষার্থী ১১২টি পরীক্ষকেন্দ্রে অংশ নিবেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৪ হাজার ৩১৪ এবং ছাত্রী ৩৮ হাজার ৭২৩। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৫ হাজার ৮৩৮, মানবিক শাখার ৫১ হাজার ৬৬৩ এবং ব্যবসা শিক্ষার ৫ হাজার ৫৩৬ জন রয়েছে। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৮৪২ এবং বাকি পরীক্ষার্থীরা অনিয়মিত।

বিবৃতিতে পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন প্রফেসর এনামুল হক। তিনি বলেন, “আগামীর মেধা, বিজ্ঞান ভিত্তিক একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে সুস্থ ও সুন্দর নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থার বিকল্প নেই। এ ব্যাপারে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অক্লান্তভাবে কাজ করেছি। এতে স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা রয়েছে। সকলের সহযোগিতায় সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমি আশা করি।”

জানা যায়, শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ এবং কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবে। এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা শিক্ষা বোর্ড দিয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট করা, উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকার নিয়মটি মানার জন্য বলা হয়েছে। এছাড়া পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ।

আরও পড়ুন: দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা

এছাড়া প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজবে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সারাদেশের ন্যায় স্থানীয় কোচিং সেন্টারগুলো আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের অংশ হিসেবে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এরিয়ার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর ফলে পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারোর প্রবেশ, ৫ জনের অধিক ব্যক্তির একত্রে সমাবেশ, মাইকিং বা এমপ্লিফায়ার ব্যবহার নিষিধ হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। মোটকথা, সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন জেলা ও বিভাগীয় প্রশাসন।

এদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় নিম্নোক্ত ১৬টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হচ্ছে- ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, এ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজ, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ মহিলা কলেজ, ময়মনসিংহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি, তদন্ত চলছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ের শঙ্কার মাঝেও দাপুটে জয় বেলজিয়ামের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:০২ পি.এম


বিদায়ের শঙ্কার মাঝেও দাপুটে জয় বেলজিয়ামের

দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলর টিকিট কেটেছে বেলজিয়াম। ইউরি টিয়েলেমানসের অতিরিক্ত সময়ের পেনাল্টিতে বেলজিয়ামের জয় নিশ্চিত হয়। ম্যাচে জোড়া গোল করেছেন টিয়েলেমানস।

২০০২ সালে অভিষিক্ত হবার পর নক আউটে এই প্রথম জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেনেগাল। সিটলে হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে আফ্রিকান দেশটি ৫১ মিনিটে ২-০ গোলের লিড নেয়। এই লিড তারা ৮৬ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল। কিন্তু তারপরই ম্যাচের চিত্র পাল্টে যায়। রোমেলু লুকাকু ও টিয়েলেমানসের শেষ পাঁচ মিনেটর দুই গোলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর এ্যাস্টন ভিলার মিডফিল্ডার টিয়েলেমানস ১২৫ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে জয় উপহার দেন। 

ম্যাচ শেষে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন, ‘নিজেদের উপর আস্থা থাকলে ফুটবলে যেকোন সময় যেকোন কিছুই সম্ভব।’

আগামী বুধবার শেষ ষোলতে বেলজিয়ামের প্রতিপক্ষ সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। 

হতাশ সেনেগাল কোচ পেপে থিয়াও বলেছেন, ‘আমরা বিদায় নিয়েছি, এটা অবশ্যই কষ্টের। কিন্তু আমাকে এই দলটিকে অভিনন্দন জানাতেই হবে, যারা নিজেদের সবকিছু দিয়েছে। কিন্তু দূর্ভাগ্যবশত: আমরা দুই গোলের লিড নিয়েও তা ধরে রাখতে পারিনি।’

এই ম্যাচে পরাজিত হলে নিশ্চিতভাবেই বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্মের জন্য বিদায়টা কষ্টের হতো। লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও সম্ভবত থিবো কুর্তোয়ার এটাই শেষ বিশ্বকাপ। শেষ পর্যন্ত অবশ্য আরও একটি লড়াইয়ের সুযোগ তাদের সামনে এসেছে। 

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে জি-গ্রুপের শীর্ষস্থান দখলের ম্যাচটি থেকে কোন পরিবর্তনই কাল করেননি গার্সিয়া। কালও গার্সিয়া মূল দলে লুকাকুকে বেঞ্চে রেখে আক্রমনভাগের নেতৃত্ব দিয়েছিলেন আটালান্টা ফরোয়ার্ড চার্লস ডি কেটেলিয়ারকে।  

অন্যদিকে ইরাকের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচটি থেকে থিয়াও তিনটি পরিবর্তন করে সেনেগালিজ একাদশ সাজিয়েছিলেন। ঐ ম্যাচে বদলী বেঞ্চ থেকে উঠে আসা পেপে গুয়ে কাল মূল দলে ছিলেন। এছাড়া পার্থে সিজ ও এভারটন উইঙ্গার ইলিমান এনডিয়ায়ে দলে ফিরেছিলেন। 

ইন-ফর্ম সারের হাত ধরে সেনেগাল শুরুতেই প্রায় এগিয়ে গিয়েছিল। কিন্তু তার শট পোস্টে লেগে ফেরত আসে। ২৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে সারের হেড পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বল জালে পাঠান দিয়ারা। প্রথমার্ধে বেলজিয়ামের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ম্যাক্সিম ডি কুইপার। তার কার্লিং শট দারুনভাবে রুখে দেন সেনেগালের গোলরক্ষক মোরি ডিয়াও। সেনেগালের এক নম্বর গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি হাঁটুর ইনজুরির কারনে গ্রুপের দ্বিতীয় ম্যাচ থেকে দলের বাইরে রয়েছেন। 

বিরতির পর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুকাকুকে মাঠে নামান গার্সিয়া। ইতোমধ্যেই গ্রুপ পর্বে মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে বদলী বেঞ্চ থেকে উঠে এসে নিজের প্রয়োজনীয়তা প্রমান করেছেন লুকাকু। কিন্তু ছয় মিনিটের মধ্যে মৌসা নিয়াখাতের লম্বা পাস থেকে সারের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুন হলে অনেকটাই অস্বস্তিতে পড়ে বেলজিয়ান শিবির। 

৮৬ মিনিটে শেষ পর্যন্ত লুকাকু দলকে লড়াইয়ে ফেরান। থমাস মুনিয়ারের ক্রস থেকে তিনি বল জালে জড়ালে বেলজিয়াম হাফ ছেড়ে বাঁচে। তিন মিনিট পর লিনড্রো ট্রোসার্ডের বাড়ানো বলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে টিয়েলেমানস বেলজিয়ামকে সমতায় ফেরান। আর এতেই ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। 

৯০ মিনিট পর দুই দলের মধ্যে তেমন একটা আক্রমনের ধার দেখা যায়নি। বেলজিয়ামের বদলী খেলোয়াড় ডোডি লুকেবাকিওর শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ম্যাচটি যখন নিশ্চিত টাইব্রেকারের দিকে যাচ্ছিল ঠিক তখনই টিয়েলেমানস ত্রাতা হিসেবে আবির্ভূত হন। লামিন কামারার বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে টিয়েলামানস নিজেই দলকে রক্ষা করার দায়িত্ব নেন। স্পট কিক থেকে তিনি শেষ পর্যন্ত কোন ভুল করেননি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


টাঙ্গাইলে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

জেলার মির্জাপুরে লাল মিয়া (৫০) নামে একটি আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার বাঁশতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই তথ্য জানা গেছে।

জানা যাচ্ছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের একটি ঘটনা ঘটে। ঐ সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১শ’ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়েছে। এই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাসস’কে জানান, গ্রেপ্তার আসামিকে আজ বৃহস্পতি বার সকালে টাঙ্গাইল আদালতে হাজির করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই-আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


জুলাই-আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে।

 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে।

এ ছাড়া, ঢাকা ও বড় শহরগুলোতে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে সেগুলো চালু করা হবে।

 

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবির ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ পি.এম


হাবিপ্রবির ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সাথে ৬০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে গতকাল বুধবার রাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২১ মে শহীদ আবরার ফাহাদ আবাসিক হল এবং নূর হোসেন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই দু’টি আবাসিক হলের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা নিরসন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সহযোগী অধ্যাপক ড. মো. মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীরা হামলা চালিয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আজীবন বহিষ্কার হওয়া ৬ শিক্ষার্থী হলেন- অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাইমুর রহমান দুর্জয়, অর্থনীতি বিভাগের সাকির মাহমুদ, ইংরেজি বিভাগের আসিফ হোসেন, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আসাদুজ্জামান সাগর, ইসিই বিভাগের সৌরভ আহমেদ এবং হিসাব বিজ্ঞান বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক।

এছাড়া ৮ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, এক সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে।

অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের দায়ে ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টার একাডেমিক কার্যক্রম বন্ধসহ আজীবন হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে হাবিপ্রবি’র প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও তাদের অভিমতের ভিত্তিতে এই শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%