০৪:৪৫ এম
সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পাথর আমদানিনির্ভরতা কমবে। ছয় বছরের দীর্ঘ বন্ধের কারণে পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ী লোকসান ও ঋণের চাপে নিঃস্ব হয়ে গেছেন।
২০২০ সালের আগে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর উত্তোলন করা হতো। সংশ্লিষ্টদের দাবি, এতে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হতো। কোয়ারি বন্ধ থাকার কারণে বর্তমানে বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে।
কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতেও স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন। কর্মসংস্থানের অভাবে অনেকে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
আরও পড়ুন: কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশের হাতে সোপর্দ
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে পাথর কোয়ারি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনি জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরুর আশ্বাস তিনি প্রদান করেছেন।
এদিকে সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য গত ৭ মে সরকার একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সিলেট বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে কোয়ারি এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।
সিলেট বিভাগীয় পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, "দীর্ঘদিন ধরে বৈধভাবে পাথর উত্তোলনের সুযোগ চাওয়া হচ্ছে। কোয়ারি বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী ঋণের চাপে বিপর্যস্ত। পরিবেশ ও আইন মেনে দ্রুত কোয়ারি চালুর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।"
আরও পড়ুন: রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন