বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৩ পি.এম
বাংলাদেশ কোনো পক্ষের বিরুদ্ধে যাচ্ছে না, বরং সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বুঝতে পেরেছে যে, একটি অংশীদারের ওপর নির্ভর করে চলা সম্ভব নয়। এ কারণে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় দেশটি। তিনি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কখনো সম্পর্ক থেকে সরে যায়নি।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক বক্তব্যে এসব কথা বলেন হ্যারি টমাস। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, অর্থনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবেক রাষ্ট্রদূত বলেন, যখন বাংলাদেশের মানুষ ‘আমরা করব জয়’ গানটি গায়, তখন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রতিবাদ ও আশার গান ‘উই শ্যাল ওভারকাম’ গায়। এই দুটি গান দুই দেশের মানুষের মধ্যে বন্ধনের প্রতীক। তিনি বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও ভালোবাসার একাধিক স্মৃতিও তুলে ধরেন।
বাংলাদেশের গণতন্ত্র প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্রকে বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্রে দেশ পরিচালনার জন্য জনগণের রায় পাওয়া সরকার যেমন প্রয়োজন, তেমনি শক্তিশালী বিরোধী দলও দরকার, যারা সরকারকে প্রশ্ন করবে, জবাবদিহির আওতায় আনবে এবং ভোটারদের সামনে বাস্তব বিকল্প তুলে ধরবে।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, ওই বছরের গ্রীষ্মে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। রংপুরের আবু সাঈদ ও নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুর মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এসব মানুষের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।
বর্তমান রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে হ্যারি টমাস বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিভাজন রয়েছে। সরকার ও সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর মধ্যেও বিভাজন আছে। দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে চাওয়া তরুণ প্রজন্মের মধ্যেও দূরত্ব রয়েছে। তিনি পুরোনো রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ও আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। মূল্যস্ফীতি প্রায় ৮ দশমিক ৫ শতাংশে রয়েছে। এ বছর আরও প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন। ব্যাংক খাত চাপে রয়েছে এবং কর রাজস্ব জিডিপির মাত্র ৮ থেকে ৯ শতাংশ।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোকে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। তবে এই বাড়তি সময় কাজে লাগিয়ে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির বিনিয়োগের সুযোগ এবং জ্বালানি খাতে সহযোগিতার প্রসঙ্গ তুলে হ্যারি টমাস বলেন, বাংলাদেশের উন্নয়নে এসব সুযোগ কাজে লাগানো প্রয়োজন। রোহিঙ্গা সহায়তা ও স্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের হার—এমন রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি যা করে তার সবই মন্দ কিংবা আওয়ামী লীগ যা করে তার সবই খারাপ, এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার পথ খুঁজতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সেরা খামারির সম্মাননা, স্বর্ণপদক এবং নগদ অর্থের চেক গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই পুরস্কার তুলে দেন। সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খামারটি গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন ধরনের গবাদিপশু নিয়ে গড়ে তোলা হয়েছে।
খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে আরিফুল হক চৌধুরী জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা অর্জন করেছেন।
পুরস্কার গ্রহণের পর তিনি দেশের খামারিদের সমস্যা ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে খামারিদের জন্য প্রণোদনা এবং সরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে তার এই অর্জন একটি ব্যতিক্রমী স্বীকৃতি হিসেবে গণ্য হচ্ছে।
সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম এবং ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানির অনুমোদন প্রদান করেছে।
এ তথ্য বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন লাভ করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।
গম সরবরাহের জন্য ইউএসডব্লিউ অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
এছাড়া, জাতীয় ই-জিপি ব্যবস্থার আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।
এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। এ ডাল সরবরাহের জন্য রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
একই পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
গম আমদানির প্রস্তাবটি খাদ্য মন্ত্রণালয় এবং মসুর ডাল ও চিনি কেনার প্রস্তাব দুটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের ঘিওর এলাকায় গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার ঘটনা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রহস্য উদ্ঘাটনের দাবি করেছে। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে জসিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের মতে, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ এবং বিরোধের কারণে চম্পাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার জয়িতা শিল্পী। গ্রেপ্তার হওয়া জসিম ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী এবং সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ভোরে চম্পা কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
তদন্তের প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জসিমকে শনাক্ত করা হয়। এরপর মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে বীরসিংজুরী বাজারের একটি নির্মাণাধীন সেতুর পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের দাবি, চম্পার সঙ্গে জসিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ইমো ওমেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতেন। একসময় চম্পা তাঁকে বিয়ের জন্য চাপ দেন। তবে জসিম বিবাহিত এবং সন্তানের বাবা হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বিয়ের বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম ওড়না পেঁচিয়ে চম্পাকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের মৌসুমের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। বিশেষ করে, অনেকের পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। কখনও কখনও গোড়ালির চামড়া এতটাই শক্ত ও রুক্ষ হয়ে যায় যে মোজা পরার সময়ও অস্বস্তি অনুভূত হয়। নিয়মিত ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরেও অনেকেই কাঙ্ক্ষিত ফল পেতে পারেন না। তবে ঘরোয়া যত্নের পাশাপাশি কিছু সহজ অভ্যাস মেনে চললে ফাটা গোড়ালির সমস্যা কমানো সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে ফাটা গোড়ালির যত্নে তিনটি উপকরণ ব্যবহার করে ঘরে ফুট ক্রিম তৈরির একটি পদ্ধতির উল্লেখ করা হয়েছে।
ফুট ক্রিম তৈরিতে যা লাগবে
১ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ নারকেল তেল
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
প্রথমে সামান্য নারকেল তেল হালকা গরম করুন। এরপর তাতে ঘি ও হলুদগুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটি ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করুন।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে পাঁচ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর নরম তোয়ালে দিয়ে পা মুছে গোড়ালিতে মিশ্রণটি লাগান। সবশেষে এক জোড়া পরিষ্কার সুতির মোজা পরে ঘুমাতে পারেন।
আরো যেসব উপায়ে যত্ন নেবেন
ফাটা গোড়ালির যত্নে পাকা কলা ও মধু দিয়েও প্যাক তৈরি করা সম্ভব। পাকা কলা চটকে তার সঙ্গে মধু মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এছাড়া গোড়ালির শুষ্কতা কমাতে নিয়মিত ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে গোড়ালিতে ময়েশ্চারাইজার লাগানো উপকারী।
তবে মনে রাখতে হবে, ঘরোয়া উপায়ে সাত দিনেই ফাটা গোড়ালি সেরে যাবে—এমন নিশ্চয়তা নেই। গোড়ালিতে গভীর ফাটল, রক্তপাত, ব্যথা বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পা ঘষে মৃত চামড়া তোলার চেষ্টা না করে বিশেষ সতর্ক থাকা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ