ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

দুই সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী


দুই সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালিকা সন্তানকে রেখে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রবাসী স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান প্রবাসী ছেলের বাবা বাবুল মিয়া। এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে জাফর মিয়া দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে দুবাই প্রবাসী। প্রায় ১২ বছর আগে তিনি সদর উপজেলার চিনাঈর চাপুইর গ্রামের বাদশা মিয়ার মেয়ে মোছা. হামিদা আক্তারের (৩০) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

অভিযোগে বলা হয়, জাফর মিয়া প্রবাসে থাকার সুযোগে হামিদা আক্তার একই এলাকার মো. দিপু চৌধুরীর (২২) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার দিন রাতে হামিদা আক্তার শ্বশুরবাড়ির ঘরের কাঠের শোকেস থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার- যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা, এবং জমি বন্ধকের জন্য রাখা নগদ ২ লাখ টাকা নিয়ে দুই সন্তানকে বাড়িতে রেখে দিপু চৌধুরীর সঙ্গে পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, হামিদা আক্তার বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি ভয়ভীতি ও হুমকি দেন। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর বিষয়টি আত্মীয়স্বজন ও স্থানীয় সর্দারদের জানানো হয়। পরে এ ঘটনায় হামিদা আক্তারের বিরুদ্ধে আখাউড়া থানায় লিখিত অভিযোগ করেন তার শ্বশুর মো. বাবুল মিয়া।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, মেয়েটি কীভাবে অবুঝ দুই সন্তানকে রেখে পালিয়ে গেল, সেটাই আমাদের কাছে অবাক লাগছে। একজন প্রবাসী কতটা কষ্ট করে উপার্জন করেন, সেই কষ্টের মূল্যও সে বুঝল না। দুই সন্তানকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল বিল, প্রতিবন্ধী সন্তান থাকলে মিলবে ভাতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল বিল, প্রতিবন্ধী সন্তান থাকলে মিলবে ভাতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬ (নবম পে-স্কেল) একবারে পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। অনুমোদিত কাঠামো অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ সালের মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর নতুন বেতন কাঠামোর বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে জানুয়ারি ২০২৮ থেকে।

এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন সুবিধা যুক্ত হচ্ছে নবম পে-স্কেলে। নতুন বেতন কাঠামোর আওতায় সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মোবাইল বিল পাবেন। পাশাপাশি প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে বিশেষ ভাতা। একজন প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

অনুমোদিত নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন হবে ২০ হাজার টাকা।

নবম পে-স্কেলের অন্যতম নতুন সংযোজন হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তিনি প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য এ ধরনের ভাতা এবারই প্রথম চালু হতে যাচ্ছে।

এ ছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল বিলের সুবিধাও যুক্ত করা হচ্ছে নতুন বেতন কাঠামোয়। ফলে সরকারি চাকরিজীবীদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি মোবাইল ব্যবহারের জন্যও নির্ধারিত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে।

এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। কাজ শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

 

নওগাঁর পোরশায় একটি শরিকানা পুকুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দ্বারা কীটনাশক প্রয়োগের মাধ্যমে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। এই ঘটনায় পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে। রবিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই কাজটি সম্পন্ন করে। সোমবার সকালে খবর পেয়ে পুকুরে গিয়ে এর সত্যতা যাচাই করেছেন স্থানীয়রা।

মাছ চাষী এবং ভুক্তভোগী মৃত আক্তার হোসেনের ছেলে নুর হোসেন জানিয়েছেন, তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৪০ শতাংশের শরিকানা পুকুরটি তার দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এতদিন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু সোমবার সকালে খবর পেয়ে বাড়ির কাছাকাছি অবস্থিত পুকুরটিতে গিয়ে তিনি দেখেন বিপুল পরিমাণ মাছ পানির ওপর ভেসে উঠেছে। নুর হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার কারণে কেউ রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এর ফলে পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য বিভিন্ন জাতের মাছ মারা গেছে। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা ৩১-০৮-২০২৬ (সোমবার) মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দক্ষিণ পাতাবাড়ীয়া বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ফারুক খান।

এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজৈর নেছারিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল গফফার খান, মোঃ নেছার খান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পশ্চিম কালিকাবাড়ী জামে মসজিদের খতিব মাস্টার আব্দুল হাই, ইউনুছআলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সমাজ সবক- মোঃ মাসুদ আহমেদ, মোঃ ফজলু শেখ, আব্দুল জলিল শিকদার।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক সহযোগিতা ও উন্নয়ন কামনা করেন।

উল্লেখ্য, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। এখানে আবাসিক - অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থা বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই: সেলিম রেজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই: সেলিম রেজা

 

পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব মন্তব্য করেছেন যে, ক্ষমতা কখনোই কারো জন্য স্থায়ী নয়। কোন মানুষই জানে না, কবে এবং কোন অবস্থায় তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এর চেয়ে বড় সত্য হলো, মৃত্যুর পর যে কঠিন পরলৌকিক জীবনের মুখোমুখি হতে হবে, সেখানে কৃতকর্মের পুণ্য ছাড়া কেউ মুক্তি পাবে না। তাই, পরলৌকিক জীবনের কথা চিন্তা করে আমি সবসময় বিবেককে প্রাধান্য দিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই। সোমবার সকালে সুজানগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ মনিটরিং কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

এছাড়া, সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত সার-বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, কৃষকদের কষ্ট দিয়ে সার-বীজের কৃত্রিম সঙ্কট তৈরি করা উচিত নয়। ব্যবসা করতে হলে সরকারি নীতিমালা অনুসরণ করা আবশ্যক। নিজেদের ইচ্ছামতো ব্যবসা করতে গিয়ে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, সার ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের রোকন ও মোহাম্মদ আলী।

এদিন, সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%