ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

আনতালিয়ায় ১০ হাজার মানুষের জলবায়ু পদক্ষেপের দাবিতে বিক্ষোভ


আনতালিয়ায় ১০ হাজার মানুষের জলবায়ু পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পগুলোর বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালীন শনিবার অনুষ্ঠিত এ মিছিলে জলবায়ু সুবিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।

আয়োজকদের দাবি, এটি তুরস্কে কয়েক বছরের মধ্যে অন্যতম বড় বিক্ষোভ। এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, স্থানীয় নাগরিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের সময় কঠোর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সদস্য নিল ওরম্যানলি জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে জানান, দীর্ঘদিন ধরে তুরস্কে এত মানুষের অংশগ্রহণে কোনো বিক্ষোভ হয়নি।

আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল কয়লাসহ জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প সম্প্রসারণ বন্ধ করা। তাঁদের বক্তব্য, একদিকে জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ও উন্নয়ন প্রকল্প অব্যাহত রয়েছে। তারা এ দ্বৈত অবস্থানের অবসান চান।

কয়লাভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প সম্প্রসারণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমন ৬১ বছর বয়সি এক বিক্ষোভকারী পরিস্থিতিকে একই সঙ্গে বেদনাদায়ক ও হাস্যকর বলে বর্ণনা করেন। তিনি প্রশ্ন করেন, "পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পে সমর্থন অব্যাহত রেখে একটি সরকার কীভাবে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজন করে?"

কর্তৃপক্ষ বিক্ষোভের অনুমতি দিলেও শুরু থেকেই ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। মিছিলে অংশগ্রহণকারীদের নির্ধারিত পথে প্রবেশের আগে পুলিশি তল্লাশিচৌকিতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখাতে হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিলটি আইদিন কানজা পার্ক থেকে শুরু হয়ে রিপাবলিক স্কয়ারে গিয়ে শেষ হয়।

মিছিলে জার্মানির সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ক্লডিয়া রথও অংশ নেন। তিনি এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে রংধনুর রঙের মোজা পরেছিলেন। তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনো হামলা বা গ্রেফতার হওয়া উচিত নয়।" জলবায়ু সম্মেলনে নাগরিক সমাজের প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ রোধে মাঠে পাকিস্তানের বিশেষ বাহিনী

তুরস্কের নাগরিক সমাজের ওপর চাপ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বিক্ষোভে অংশ নেওয়া অনেক আন্দোলনকারী বক্তব্য ও স্লোগানের ক্ষেত্রে সতর্ক ছিলেন। গত সেপ্টেম্বরে এলজিবিটিকিউ সংগঠনগুলোতে অভিযান এবং জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলন চলাকালে বিক্ষোভের ওপর ব্যাপক বিধিনিষেধের বিষয়টি তাঁদের উদ্বেগ বাড়িয়েছে।

ফ্রাইডেস ফর ফিউচারের আন্দোলনকর্মী লুইজা নয়বাওয়ার জানান, স্থানীয় অংশগ্রহণকারীরা যাতে বাড়তি ঝুঁকিতে না পড়েন, সে জন্য কিছু বিতর্কিত বক্তব্য ও স্লোগান এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিশের ব্যাপক তল্লাশি ও নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "দমন-পীড়নের ব্যবস্থা ইতিমধ্যে সক্রিয়।"

নয়বাওয়ারের অভিযোগ, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে কাজে লাগিয়ে তুরস্ক সরকার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করতে পারে, অথচ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ উপেক্ষিত থেকে যেতে পারে।

এদিকে আনতালিয়ায় সপ্তাহান্তে শুরু হয়েছে পিপলস ক্লাইমেট সামিট। এতে তুরস্কের স্থানীয় ও আন্তর্জাতিক শত শত নাগরিক সমাজের সংগঠন অংশ নিচ্ছে। জাতিসংঘের আনুষ্ঠানিক জলবায়ু আলোচনার বাইরে থাকা তৃণমূল পর্যায়ের আন্দোলন, স্থানীয় বিশেষজ্ঞ ও পরিবেশবাদী সংগঠনগুলোর বক্তব্য তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।

আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা

সম্মেলনের সহ-আয়োজক সুহেইলা দোয়ান জানান, পরিবেশের অবক্ষয়, গণতন্ত্র এবং জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বেরিয়ে আসার বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন।

তুরস্কের পশ্চিমাঞ্চলের মাউন্ট ইদা পাহাড়ি অঞ্চল রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত দোয়ান দেশটির জলবায়ু অঙ্গীকার নিয়েও প্রশ্ন তোলেন। তিনি পশ্চিম তুরস্কে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনাসহ বিভিন্ন পরিবেশবিরোধী প্রকল্পের কথা উল্লেখ করেন।

আয়োজকদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পরিবেশ ধ্বংসকারী প্রকল্প বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। জলবায়ু নীতিনির্ধারণে তৃণমূলের মানুষের অংশগ্রহণ ও নাগরিক সমাজের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%