ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে বিআইটিআইডি অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন


চট্টগ্রামে বিআইটিআইডি অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন

বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) একটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানের উদ্যোগে র‍্যালি, লিফলেট বিতরণ, বৈজ্ঞানিক সেমিনার, প্রাতিষ্ঠানিক বার্ষিক অ্যান্টিবায়োগ্রাম প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘মানুষ, প্রাণী ও পরিবেশ সুরক্ষা—অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে এখনই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইটিআইডির পরিচালক ডা. ইফতেখার আহমদ।

অনুষ্ঠানে বিআইটিআইডির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন প্রাতিষ্ঠানিক বার্ষিক অ্যান্টিবায়োগ্রাম উপস্থাপন করেন। তিনি বিআইটিআইডির মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষিত কালচার নমুনার প্রতিবেদন পর্যালোচনা করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: নারীরা জন্ম নিয়ন্ত্রণে নিজেরাই নিতে পারবেন ইনজেকশন

আলোচনা সভায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন বিআইটিআইডির ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহাবুব আনাম শাহরিয়ার খান এবং কমিউনিটি মেডিসিন ও এপিডেমিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুমানা রশীদ।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সংরক্ষণ করতে হলে এর দায়িত্বশীল ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট পেশাজীবী এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এসব কর্মসূচিতে বিআইটিআইডির চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে চানাচুর কারখানাকে একলাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বগুড়ায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে চানাচুর কারখানাকে একলাখ টাকা জরিমানা

বগুড়া, ২৪ নভেম্বর ২০২৬ : সদর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর ‘রকেট চানাচুর’ কারখানাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। পোড়া তেল ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের জন্য এ জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার এরুলিয়া এলাকার বানদিঘীতে অবস্থিত চানাচুর কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানের সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর ‘রকেট চানাচুর’ কারখানায় দেখা যায়, পোড়া তেল ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছে। এছাড়া, স্টেইনলেস স্টিলের ট্রে ব্যবহার না করে ময়লা মেঝেতে ফেলে পায়ে মাড়িয়ে মসলা মাখানো হচ্ছে এবং পাখির বিষ্ঠাসহ নোংরা মেঝেতে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। কারখানার স্বাস্থ্যসম্মত পরিবেশ, স্যানিটেশন ব্যবস্থা ও কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির ঘাটতিও ধরা পড়ে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি শাসনে ভারতের মুসলিমদের কোণঠাসা হওয়ার অভিযোগ এইচআরডব্লিউর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


মোদি শাসনে ভারতের মুসলিমদের কোণঠাসা হওয়ার অভিযোগ এইচআরডব্লিউর

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার উদ্দেশ্যে পদ্ধতিগতভাবে কাজ করেছে, আইনশৃঙ্খলা ক্ষুণ্ন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে যে, দেশটিতে গত এক দশক ধরে গণতান্ত্রিক অবক্ষয় এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে—যার শিরোনাম ‘‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই’ র টকিং অ্যাবাউট?’ মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’’—আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি উল্লেখ করেছে যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতি ক্ষুণ্ন করেছে, রাজনৈতিক বিরোধীদের দমন করেছে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “গত এক দশকে বিজেপি এমন সব নীতি প্রচার করেছে যা এসব সাংবিধানিক সুরক্ষাকে দুর্বল করেছে। বিজেপির নেতারা কেবল মুসলিমদেরই নয়, বরং অন্যান্য ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদেরও কলঙ্কিত করেছেন এবং হত্যাকাণ্ডসহ সহিংসতাকে—মূলত দায়মুক্তির মাধ্যমে—স্বাভাবিক করে তুলেছেন।”

মুসলিমবিদ্বেষী ঘৃণাত্মক বক্তব্য এবং উগ্রপন্থী সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গো-হত্যার অভিযোগে মুসলিম ও দলিতদের ওপর হামলা, ‘লাভ জিহাদ’ বয়ানের মাধ্যমে ভিন্নধর্মের যুগলদের হয়রানি এবং মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্তরবিরোধী আইনের ব্যবহার।

এছাড়া বাংলাভাষী মুসলিমদের নিশানা করা ও বিতাড়ন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো, সুপ্রিম কোর্টের ২০২৪ সালের রুলিং সত্ত্বেও মুসলিমদের সম্পত্তি শাস্তিমূলকভাবে ভেঙে ফেলা এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত শিখ কৃষকদের ‘খালিস্তানি’ তকমা দেওয়ার মতো বিষয়গুলোও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এইচআরডব্লিউর মতে, এ ধরনের বক্তব্য ও নীতি ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা উসকে দিয়েছে।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে সরকার বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করার পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল এবং মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেছেন, “গত এক দশকে মোদি সরকার ভারতের সেই স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ফাঁপা করে দিয়েছে, যেগুলো নির্বাহী ক্ষমতার লাগাম টানতে এবং নাগরিক স্বাধীনতা রক্ষায় অপরিহার্য।”

তিনি আরও বলেন, “সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে, যার ফলে মানবাধিকার সুরক্ষা পিছিয়ে গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতের কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা গভীরতর হয়েছে।”

এইচআরডব্লিউ জানায়, নিজের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে সরকার ক্রমশ সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের ডিসেম্বরের আইনের কথা উল্লেখ করা হয়, যা সংস্থার মতে নিয়োগের ওপর নির্বাহী নিয়ন্ত্রণে স্থায়ী রূপ দিয়েছে এবং কমিশনারদের ব্যাপক আইনি সুরক্ষা (ইমিউনিটি) দিয়েছে। সংসদের ওই অধিবেশনে বিপুলসংখ্যক বিরোধী সংসদ সদস্যকে বরখাস্ত করার পর আইনটি পাস করা হয়েছিল।

মৌলিক অধিকারের ওপর বড় প্রভাব ফেলে এমন আইন পাসে ‘মানি বিল’-এর ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেদনটি। এর মধ্যে ২০১৯ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর সংশোধনীও রয়েছে, যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ক্ষমতা বাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে—ঘৃণাত্মক বক্তব্যসহ—মোদি ও শীর্ষ বিজেপি নেতাদের জবাবদিহির আওতায় আনতে নির্বাচন কমিশন বারবার ব্যর্থ হয়েছে। ভোটার তালিকা কারসাজির অভিযোগ, ভোটদানের তথ্য গোপন রাখা এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগে কমিশনের ভূমিকারও সমালোচনা করা হয়েছে।

বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) মুসলিমদের অসামঞ্জস্যপূর্ণভাবে নিশানা করা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রসঙ্গে এইচআরডব্লিউ জানায়, ২০২৫ সালের জুন মাস থেকে ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যা স্বেচ্ছাচারী বাদ পড়ার আশঙ্কায় বিক্ষোভের জন্ম দিয়েছে।

এইচআরডব্লিউর দাবি, এসআইআর প্রক্রিয়ার ফলে ব্যাপক হারে ভুলভাবে ভোটারের নাম বাদ পড়েছে; পশ্চিমবঙ্গের তথ্যের বরাতে সংস্থাটি জানায়, যেসব ভোটারের আপিল নিষ্পত্তি হয়েছে, তাদের প্রায় ৯৩ শতাংশকে তালিকায় ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, “মুসলিমরা—যারা ঐতিহাসিকভাবে বিজেপিকে ভোট দেন না কারণ দলটি হিন্দু সংখ্যা গরিষ্ঠতা বাদ প্রচার করে—তাদের অসামঞ্জস্যপূর্ণভাবে নিশানা করা হয়েছে।”

নির্বাচন কমিশনের সংশোধিত ‘ফর্ম ৬’-এর শর্ত নিয়েও উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ, যার ফলে নাম বাদ পড়া পূর্ববর্তী নিবন্ধিত ভোটারদের নতুন ভোটার হিসেবে পুনরায় আবেদন করতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি মুসলিম ভোটারদের নাম গণহারে বাদ দেওয়ার চেষ্টার খবর এবং সংখ্যালঘুদের নিশানা করে বিজেপিকে সুবিধা দিতে এস আই আর ব্যবহারের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে বিরোধী রাজনীতিকদের ওপর চাপ সৃষ্টি করতে এবং মানবাধিকার সংগঠন, অধিকারকর্মী, সাংবাদিক ও সরকারের অন্যান্য সমালোচককে নিশানা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে।

সরকারি তথ্যের বরাতে এইচআরডব্লিউ জানায়, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যাদের বেশির ভাগই বিরোধী দলের। সংস্থাটির মতে, মোদি সরকার ক্ষমতায় আসার আগের এক দশকে তদন্তের মুখে পড়া ২৬ জন রাজনীতিকের তুলনায় এটি ৬০০ শতাংশেরও বেশি বৃদ্ধি।

প্রতিবেদনে বলা হয়, “এর ফলে মানুষ বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’বলে অভিহিত করছে, যেখানে কোনো রাজনীতিক বিজেপিতে যোগ দিলেই অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।” এইচআরডব্লিউ অভিযোগ করেছে যে অভিযান, ব্যাংক হিসাব জব্দ এবং আইনি মামলার মাধ্যমে মানবাধিকার সংগঠন, অধিকারকর্মী ও স্বাধীন গণমাধ্যমকে নিশানা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করেছে সরকার।

২০২০ সালে ব্যাংক হিসাব জব্দের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, গ্রিনপিস ইন্ডিয়া, লয়ার্স কালেক্টিভ, অক্সফাম ইন্ডিয়া ও সেন্টার ফর পলিসি রিসার্চে অভিযান এবং অধিকারকর্মী হর্ষ মান্দারের বিরুদ্ধে বারবার তদন্তের কথা উল্লেখ করে প্রতিবেদনটি বলেছে, এসব পদক্ষেপ নাগরিক সমাজের ওপর চাপ তৈরি করেছে। এছাড়া নিউজক্লিক-এর প্রসঙ্গও এতে এসেছে—যার প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ২০২৩ সালে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয়েছিল, পরে সুপ্রিম কোর্ট তার মুক্তির নির্দেশ দেন—পাশাপাশি এনডিটিভি ও বিবিসির কার্যালয়ে কর-সংক্রান্ত তদন্তের কথাও বলা হয়েছে।

এইচআরডব্লিউ জানায়, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) মুসলিম, মানবাধিকার অধিকারকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী তদন্ত এবং আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ক্রমবর্ধমানভাবে ব্যবহার করেছে, যেখানে গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও দণ্ডের হার কম রয়ে গেছে। সরকারি তথ্যের বরাতে বলা হয়, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ১০,১১৮টি ইউএপিএ মামলায় ১৯,৮৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দণ্ড পেয়েছেন মাত্র ১,২৭৫ জন—৩৯১টি মামলায়, যা মোট মামলার ৩.৮ শতাংশ।

২০০৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্ণাটকে ইউএপিএ মামলার ওপর পরিচালিত একটি এসওএএস অধ্যয়নের বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের প্রায় আট ভাগের সাত ভাগই বিজেপির সাড়ে দশ বছরের শাসনামলে অভিযুক্ত হয়েছেন, এবং তাদের ৮৪ শতাংশেরও বেশি মুসলিম।

সন্ত্রাসবাদ তদন্তে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিবেদনে হিন্দু চরমপন্থী গোষ্ঠী জড়িত বেশ কয়েকটি বোমা হামলার মামলায় খালাসের ঘটনা এবং সেই খালাসের বিরুদ্ধে এনআইএর আপিল না করার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। ইউএপিএ অভিযুক্তদের—বিশেষ করে মুসলিম স্বার্থ রক্ষায় কাজ করা—আইনি সহায়তা দেওয়া এনজিওগুলোর বিষয়ে ২০২৫ সালে এনআইএ আদালতের একটি মন্তব্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বিচারব্যবস্থা ও বিধিবদ্ধ সংস্থাগুলো নজরদারিতে

বিচারব্যবস্থা প্রসঙ্গে এইচআরডব্লিউ বলেছে, ভারতীয় আদালতগুলো মৌলিক স্বাধীনতা যথাযথভাবে রক্ষায় ব্যর্থ হয়েছে। পিএমএলএ-এর অধীনে তদন্তকারী সংস্থাগুলোর ক্ষমতা বহাল ও সম্প্রসারিত করে সুপ্রিম কোর্টের ২০২২ সালের রায়ের কথা এতে উল্লেখ করা হয়েছে, যা জীবন ও স্বাধীনতার সুরক্ষাকে দুর্বল করেছে বলে আইন বিশেষজ্ঞরা সমালোচনা করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিকভাবে মৌলিক স্বাধীনতা রক্ষায় ভারতের বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, বর্তমান ও সাবেক বিচারক, আইনজীবী ও অধিকারকর্মীরা মোদি সরকারের আমলে রাজনৈতিক কারণে বিচারক নিয়োগ, বদলি ও পদোন্নতিতে নির্বাহী হস্তক্ষেপ বৃদ্ধির অভিযোগ করেছেন।

রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোতে জামিন মঞ্জুরের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অসংগতিপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ। ২০২০ সাল থেকে ইউএপিএ আইনে আটক থাকা অধিকারকর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন ২০২৬ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের নাকচ করার ঘটনা এবং পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে অন্য একটি বেঞ্চের এই পর্যবেক্ষণ এতে তুলে ধরা হয়েছে যে জানুয়ারির ওই রায় নজির অনুসরণ না করে ‘বিচারিক শৃঙ্খলা’ লঙ্ঘন করেছে।

একই মামলায় অপর তিন অধিকারকর্মীকে জামিন দেওয়ার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের ২০২১ সালের জুনের সিদ্ধান্তের সঙ্গে এর তুলনা করা হয়েছে, যেখানে আদালত পর্যবেক্ষণ দিয়েছিল যে রাষ্ট্র ‘প্রতিবাদের অধিকার’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’-এর মধ্যকার সীমারেখা ঝাপসা করে দিয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো বিজেপি নেতাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ ব্যবস্থা নেয়নি এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কিছুদিন পরই বিচারপতি এস. মুরলীধরকে বদলি করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, “২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আদালতে বিচারকদের সাম্প্রদায়িক মন্তব্য করা কিংবা ধর্মীয় সংখ্যালঘু, অধিকারকর্মী এবং এমনকি দারিদ্র্যের মধ্যে বসবাসকারীদের সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক প্রভাবযুক্ত রায় দেওয়ার প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে।”

সরকারের সমালোচকদের জড়িত মামলাগুলোতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। ২০০২ সালের গুজরাট দাঙ্গা মামলায় মোদিকে ২০২২ সালে সুপ্রিম কোর্টের অব্যাহতি দেওয়া এবং এরপর অধিকারকর্মী তিস্তা শীতলবাদ ও প্রমাণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনা এতে উল্লেখ করা হয়েছে। তিন শতাধিক সাবেক বিচারক, আইনজীবী ও অধিকারকর্মীর স্বাক্ষরিত এক চিঠির বরাতে বলা হয়, আবেদনকারীদের বিরুদ্ধে করা মন্তব্য আইনের শাসনের জন্য ‘উদ্বেগজনক বার্তা’ পাঠিয়েছে।

বিচারকদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালে আইনজীবী প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার দায়ে দণ্ডিত করা, পিএমএলএ-এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা ২০২২ সালে আদালতের অনুমোদন এবং বিচারিক দুর্নীতি সংক্রান্ত একটি পাঠ্যবইয়ের অধ্যায় ২০২৬ সালে নিষিদ্ধ করার ঘটনাও প্রতিবেদনে এসেছে।

এইচআরডব্লিউ আরও অভিযোগ করেছে যে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)-এর মতো স্বাধীন বিধিবদ্ধ সংস্থাগুলোকে বিজেপি সরকারের সমালোচকদের বিরুদ্ধে বেছে বেছে ব্যবহার করা হয়েছে। পশ্চিমবঙ্গের অভিযোগ, মণিপুর সংঘাতের সময় যৌন সহিংসতা এবং প্রজ্বল রেভান্না মামলার প্রেক্ষাপটে এনসিডব্লিউর ভূমিকা উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে বিজেপি-শাসিত রাজ্য বা তার মিত্রদের জড়িত মামলার চেয়ে বিরোধী-শাসিত রাজ্যের অভিযোগে কমিশন বেশি কঠোরভাবে সাড়া দিয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে সংসদীয় রীতিনীতি উপেক্ষা

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম দুই মেয়াদে বিজেপি সরকার সংসদীয় কমিটিগুলো এড়িয়ে গেছে, প্রতিষ্ঠিত রীতিনীতি লঙ্ঘন করেছে, বিরোধী দলের গুরুত্বপূর্ণ পদগুলো বছরের পর বছর শূন্য রেখেছে এবং পর্যালোচনা এড়াতে বিলগুলোকে ‘মানি বিল’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে; একটি নাগরিক সমাজের বিশ্লেষণের বরাতে একে সংসদকে ‘সংখ্যাগরিষ্ঠতাবাদী ও অগণতান্ত্রিক আইন প্রণয়নের’ হাতিয়ারে পরিণত করার অভিযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানায়, বিরোধী কণ্ঠস্বরকে প্রান্তিক করে, গুরুত্বপূর্ণ পদ শূন্য রেখে এবং যাচাই-বাছাই এড়াতে বিলগুলোর ভুল শ্রেণিবিন্যাস করে বিজেপি সরকার প্রায়ই উত্থাপনের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে দ্রুত আইন পাস করিয়েছে।

২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল আগে থেকে সার্কুলেট না করেই সরকার উত্থাপন করেছিল, ফলে বিরোধী সদস্যরা তা পরীক্ষা বা বিতর্কের জন্য পর্যাপ্ত সময় পাননি; আর এই পদক্ষেপের আগে জম্মু ও কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্নতা ও চলাচলে বিধিনিষেধ আরোপ এবং রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, “মোদি প্রশাসন ভারতকে একটি প্রধান বৈশ্বিক শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ানোর জন্য সক্রিয়ভাবে চাপ দিচ্ছে এবং প্রায়শই দেশটিকে ‘গণতন্ত্রের জননী’ হিসেবে অভিহিত করছে। তবে গণতন্ত্র, বৈচিত্র্য ও মানবাধিকার প্রচার ও সুরক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে সরকার সেই দাবিগুলো থেকেই সরে যাচ্ছে এবং এর বদলে দমন-পীড়ন ও কর্তৃত্ববাদের দিকে ঝুঁকছে।”

এই ঘটনাগুলোকে পরস্পরসম্পর্কিত প্রাতিষ্ঠানিক ব্যর্থতা হিসেবে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ দুর্বল করেছে এবং অধিকার লঙ্ঘনের কার্যকর প্রতিকারের পথ রুদ্ধ করেছে।

হুমকির মুখে শিক্ষায় স্বাধীনতা

ভারতে শিক্ষায় স্বাধীনতার ক্ষয়ের বিষয়টিও তুলে ধরেছে এইচআরডব্লিউ। সরকারের সমালোচক শিক্ষার্থী ও শিক্ষক দের ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তার ও সহিংসতা, শিক্ষাবিদদের ওপর বিধিনিষেধ এবং একাডেমিক অনুষ্ঠান বাতিল করার ঘটনা উল্লেখ করে সংস্থাটি জানায়, ভি-ডেম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০২৫ সালে শিক্ষায় স্বাধীনতার দিক থেকে ভারত বৈশ্বিকভাবে নিচের ১৫ শতাংশের মধ্যে নেমে এসেছে—অথচ ভারতের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার অনুযায়ী মৌলিক স্বাধীনতা, আইনের সামনে সমতা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি।

সুপারিশমালা

গণতান্ত্রিক জবাবদিহি জোরদার করা, আইন প্রণয়নে বৃহত্তর পর্যালোচনা নিশ্চিত করা এবং ইউএপিএ, পিএমএলএ ও এফসিআরএ-এর মতো কঠোর আইন সংস্কারের পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ও আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্টের মতো আইন বাতিলের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

সংস্থাটি সরকারকে স্বাধীন প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, সমালোচকদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ও সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার থামানো, এসআইআর প্রক্রিয়া বাতিল করা, মৌলিক অধিকার চর্চার দায়ে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া এবং শাস্তিমূলক উচ্ছেদ, বৈষম্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর বিধিনিষেধ বন্ধ করার অনুরোধ জানিয়েছে।

পাশাপাশি ভারতের গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে উদ্বেগ জানাতে, নাগরিক সমাজ ও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন দিতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সরকার ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পিয়ারসন বলেন, “ভারতের গণতান্ত্রিক ক্ষয় ঠেকানোর অর্থ হলো সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা এবং সবার অধিকারের রক্ষাকবচ হিসেবে সেগুলোকে পুনর্গঠন করা,” এবং তিনি জোর দিয়ে বলেন যে “ভারতের মিত্রদের উচিত স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর এই আক্রমণ বন্ধ করতে এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে মোদি সরকারের ওপর চাপ প্রয়োগ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গাবালী উপজেলা থেকে হারিয়ে গেছে নিখোঁজ বিজ্ঞপ্তি, নাম,ইফতিয়া,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদ মিয়া

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


রাঙ্গাবালী উপজেলা থেকে হারিয়ে গেছে নিখোঁজ বিজ্ঞপ্তি, নাম,ইফতিয়া,

পিতা,বদিউল আলম জিসান, আজ দুপুর ২ টার পর থেকে নিখোঁজ, কেউ সন্ধান পেয়ে থাকলে দয়া করে পরিবারের সাথে যোগাযোগ করুন,,, পটুয়াখালী জেলার, রাঙ্গাবালী উপজেলা,,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরি ছাপিয়ে বিতর্কে নতুন করে বায়ার্ন মিউনিখ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


ইনজুরি ছাপিয়ে বিতর্কে নতুন করে বায়ার্ন মিউনিখ

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : ইনজুরির কারণে বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। তবে, দলের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের ঝড় সামলাতে হচ্ছে জার্মান জায়ান্টদের।

বর্তমানে ১৩তম স্থানে থাকা বায়ার্নের জন্য শীর্ষ আটে স্থান করে নেওয়া এবং কঠিন নকআউট পর্ব এড়াতে পয়েন্ট অর্জন করা জরুরি। লিলি তালিকার ৩৫তম স্থানে থাকলেও, গত মৌসুমের সেমিফাইনালিস্ট বায়ার্ন এবার ইনজুরির ধকল নিয়ে ম্যাচে অংশ নিতে যাচ্ছে। অথচ, দলটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই পরিচিত।

ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন শুক্রবার গোড়ালির চোটে আক্রান্ত হয়েছেন। তিনি বায়ার্নের দীর্ঘ ইনজুরি তালিকায় সর্বশেষ সংযোজন। ধারণা করা হচ্ছে, এই ফরোয়ার্ড ফেব্রুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না।

অন্যদিকে, দুই মাসের অনুপস্থিতির পর গত সপ্তাহে মুসিয়ালা মাঠে ফিরলেও, ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তাঁর বেতন কমাতে চাপ দেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

প্রায় এক বিলিয়ন ইউরোর রেকর্ড রাজস্ব আয়ের ঘোষণা দেওয়ার এক দিন আগে ক্লাবের পক্ষ থেকে বিতর্কের সূচনা হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

আগস্টে মুসিয়ালা জানিয়েছিলেন, তিনি ‘স্নায়বিক সমস্যায়’ ভুগছেন, যার ফলে ‘সাময়িক হলেও চিকিৎসাযোগ্য খিঁচুনি’ হতে পারে। প্রাক-মৌসুমে মাঠে দুইবার পড়ে যাওয়ার পর তিনি এই তথ্য জানান।

ফিরে আসার পর ক্লাবের প্রভাবশালী কর্মকর্তা কার্ল-হেইঞ্জ রুমেনিগে জার্মান টেলিভিশনে বলেছেন, শারীরিক অবস্থার কারণে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের পক্ষে আগের ফর্মে ফেরা কঠিন হতে পারে। তাই তাঁর বেতন কমানোর বিষয়টি বিবেচনা করা উচিত।

রুমেনিগে স্কাই জার্মানিকে বলেন, “যদি সে আগের সেই জামাল হয়ে ফিরতে না পারে, তাহলে আমাদের তার পরিবার, খেলোয়াড় এবং বিশেষ করে তার এজেন্সির সঙ্গে আলোচনা করতে হবে। কারণ সত্যি বলতে, বর্তমান আর্থিক অঙ্ক আর ন্যায্য বলে বিবেচিত হবে না।”

রুমেনিগের বক্তব্য ছিল যথেষ্ট চমকপ্রদ। তবে, বায়ার্নের সাবেক সভাপতি ও আরেক প্রভাবশালী কর্মকর্তা উলি হোয়েনেস এবং বর্তমান প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেনও একই ধরনের মন্তব্য করেছেন।

রোববার খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো বায়ার্নের কঠোর সমালোচনা করে। মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের বেতন কমাতে রাজি করানোর জন্য ‘সমন্বিত চাপ প্রয়োগের প্রচারণা’ চালানোর অভিযোগ তোলে সংস্থাটি।

এক বিবৃতিতে ফিফপ্রো জানায়, “বায়ার্নের মতো মর্যাদাসম্পন্ন একটি ক্লাবের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল।”

সোমবার ফিফপ্রোর জার্মান সহযোগী সংগঠন ভিডিভিও একই সুরে কথা বলে। তাদের মতে, এ ধরনের মন্তব্য মুসিয়ালা এবং সামগ্রিকভাবে ক্লাবের ওপর ‘দীর্ঘস্থায়ী প্রভাব’ ফেলবে।

ভিডিভি সভাপতি কার্স্টেন রামেলো এক বিবৃতিতে বলেন, “আমার বিশ্বাস, ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিরা এখানে সত্যিকারের একটি ‘আত্মঘাতী গোল’ করেছেন।”

বিশ্বকাপ ও ব্যালন ডি’অরজয়ী লোথার ম্যাথাউস বলেছেন, মুসিয়ালাকে ‘সর্বাত্মক সহযোগিতা’ দেওয়া উচিত ক্লাবের।

আরটিএলকে ম্যাথাউস বলেন, “এই মুহূর্তে সব দায় মুসিয়ালার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।”

“হয়তো আরও উপযুক্ত কোনো সময়ে সব পক্ষ একসঙ্গে বসে আলোচনা করতে পারে।”

অন্যদিকে, বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ও প্রভাবশালী ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল প্রকাশ্যে মুসিয়ালার পাশে দাঁড়িয়েছেন।

অক্টোবরে মস্তিষ্কের আবরণীতে প্রদাহজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এক মাস মাঠের বাইরে ছিলেন কোম্পানি। শুক্রবার তিনি নিজেও দায়িত্বে ফেরেন। এরপর মুসিয়ালার প্রতি সমর্থন জানিয়ে কোম্পানি বলেন, “একজন খেলোয়াড়ের ওপর বিশ্বাস রাখতে হবে কোচকেই। আর আমরা যদি তাকে ফিরিয়ে আনতে পারি, তাহলে সবাই লাভবান হবে- ক্লাব, সমর্থক এবং জার্মান ফুটবল।”

এবারল বলেন, সুযোগ পেলে মুসিয়ালা নিজের সেরা ফর্মে ফিরবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

বায়ার্নের ইনজুরি সংকট আগামী কয়েক মাসে ক্লাবের জন্য মুসিয়ালার গুরুত্ব প্রমাণের সুযোগ তৈরি করে দিয়েছে।

কেইন ছাড়াও বুধবারের ম্যাচে খেলতে পারবেন না সার্জি নাব্রি, আলফোনসো ডেভিস, ইসমায়েল সাইবারি ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।

মাইকেল ওলিসে ও লুইস দিয়াজের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে দলে ফিট স্বীকৃত ফরোয়ার্ড হিসেবে আছেন কেবল ১৮ বছর বয়সী উইঙ্গার লেনার্ট কার্ল।

বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মুসিয়ালা। তবে সপ্তাহান্তে সমর্থকদের এক অনুষ্ঠানে চাপ ও সমালোচনা কীভাবে সামাল দেন, সে বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

প্রত্যাশার চাপ কীভাবে সামলান, এক সমর্থকের এমন প্রশ্নের জবাবে মুসিয়ালা বলেন, সঠিক পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা এখনো করছেন তিনি।

মুসিয়ালা বলেন, “আমি এখনো শিখছি... অতিরিক্ত চাপ ভালো নয়, তবে জয়ের ক্ষুধা থাকা জরুরি।”

“এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%