০৫:৪২ পি.এম
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) গুলশান-২ গোল চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ তথ্য জানান।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে শব্দ সচেতনতামূলক সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করে।
আরও পড়ুন: সংসদ ভবন এলাকায় ৯ নভেম্বর থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
ডিএনসিসি প্রশাসক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে একটি নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এবং আজ থেকেই এই এলাকা নীরব এলাকা হিসেবে থাকবে। এখানে কোনো শব্দ দূষণ থাকবে না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোরভাবে বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকার সোসাইটির সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন শব্দ দূষণ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি বলেন, যদি আমরা আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতায় একটা কিছুটা হলেও শব্দ দূষণ এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সম্ভব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক আরও জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে।
সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে সচেতনতা বৃদ্ধির জন্য সাইনবোর্ড টাঙানো, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে পিভিসি প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
আরও পড়ুন: ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় কারাগারে আটক রাখার আবেদন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ কার্যকর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাপকভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং এর সুফল নগরবাসী ধীরে ধীরে পাবেন।
সমাবেশে গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি, বনানী সোসাইটি এবং বারিধারা সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন