ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য


ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা নিরাপত্তার জন্য পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন।

দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই কর্মকর্তার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলস্বরূপ, হতাহতের সংখ্যা বেড়ে গেছে।

গণমাধ্যমটির হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম। এর আগে সিবিএস নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুন: সৌদিতে গ্রেপ্তার নাবালক শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম জানান, গত ১ মার্চের হামলাটি সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তার নিজের জন্য একটি ‘কৌশলগত ব্যর্থতা’ ছিল। তিনি বলেন, ‘আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

এ বছরের মার্চ মাসে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তারা ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। আহত হন আরও কয়েক ডজন সেনা, যাদের মধ্যে রামসবটমও ছিলেন।

রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। তবে তাকে বলা হয়েছিল, ‘সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি কখনো পৌঁছায়নি। এমনকি ব্যবস্থাটি পাঠানোর অনুরোধ আদৌ করা হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।

সিএনএনের এক সূত্রের তথ্য অনুযায়ী, স্থাপনাটি ঘিরে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।

এদিকে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছে বলে স্বীকার করেন তিনি।

ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের স্থাপনাটির নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি।

আরও পড়ুন: ইরানের দাবি: ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন আটক

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মশালা

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত মামলার কার্যকর বিচার এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় দেশের বিভিন্ন জেলার ৩২ জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। উক্ত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।

প্রশিক্ষণ কর্মশালার শিরোনাম হলো ‘ট্রেনিং ওয়ার্কশপ ফর দ্য জাজেস অব দ্য মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল অন দ্য ইফেক্টিভ প্রসিকিউশন অব ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস কেইসেস’। ঢাকায় দুটি পৃথক কর্মশালায় এসব বিচারকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম কর্মশালাটি আগামী ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হোটেল হলিডে ইন-এ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দ্বিতীয় কর্মশালাটি আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১৫ জন বিচারক অংশগ্রহণ করবেন।

প্রশিক্ষণে মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত মামলার কার্যকর বিচার, অপরাধের তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সিনিয়র লিগ্যাল অফিসার অমৃতা সরকারের সঙ্গে ০১৭১৩-৯৭৮৮৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা-২ থেকে গত ১২ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে উপসচিব (প্রশিক্ষণ) মো. বুলবুল হোসেন স্বাক্ষর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে এনসিপি নেতার যাতায়াত বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


মহেশখালীতে এনসিপি নেতার যাতায়াত বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কক্সবাজারের মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার যাতায়াত বন্ধ করার উদ্দেশ্যে স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর বিরুদ্ধে উঠেছে। এনসিপির মহেশখালী উপজেলা শাখা এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রোববার রাতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ নিন্দা জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহেশখালীর সন্তান শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের কক্সবাজার যাতায়াতের জন্য স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ঠেকানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ঘাট, পরিবহনব্যবস্থা অথবা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যক্তিগত আধিপত্য ও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে না। মহেশখালী জেটিঘাটে স্পিডবোট মালিক, চালক এবং কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার, কমিশন আদায় এবং ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ তুলে সংগঠনটি এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।

এনসিপি অবিলম্বে স্পিডবোটটির চলাচল স্বাভাবিক করার, চালকের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার এবং জেটিঘাটে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

এনসিপির মহেশখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারেন না।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুঁচিয়া সংগ্ৰহেই জীবন চলছে মঙ্গল রায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


কুঁচিয়া সংগ্ৰহেই জীবন চলছে মঙ্গল রায়ের

মঙ্গল রায়ের প্রতিদিনের চির চেনা জগত হলো পায়ের নিচে নিশ্চল হওয়া কাদামাটি এবং চারপাশের নিস্তব্ধ জলাশয়। তিনি কাদামাটি খুঁড়ে ও পুরোনো বিলের গর্ত বা নতুন গর্তের মুখে টোপ দিয়ে কুঁচিয়া শিকার করে ২০ বছর ধরে জীবনযুদ্ধ চালাচ্ছেন।

এই যুদ্ধে মঙ্গল একা নন, তাঁর স্ত্রী একাদশী কুঁচিয়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবসার কাজে পাশে থেকে সহযোগিতা করেন। সমাজের কোলাহল থেকে দূরে, জল-কাদার মাঝে কুঁচিয়া শিকার করে বেঁচে থাকা মঙ্গলের এই জীবন সংগ্রাম শ্রমের মর্যাদা এবং ভালোবাসার সংসার থাকলে হাজারো অভাবও কখনো মানুষকে হার মানাতে পারে না, তা আমাদের মনে করিয়ে দেয়।

এ দম্পত্তির কুঁচিয়া শ্রমের মাধ্যমে ২ মেয়ের পড়াশুনার ব্যয়ভার চালাচ্ছেন। কুঁচিয়ার আয়ে মূলত সচল থাকে তাঁদের সংসারের চাকা।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন মঙ্গল রায় (৪২)। মঙ্গলের জীবন কেবল একটি ব্যতিক্রমী জীবিকার লড়াই নয়, বরং প্রান্তিক গ্রামীণ জনগণের ঘুরে দাঁড়ানোর এক অনন্য অনুপ্রেরণাদায়ক গল্পের চরিত্র। মঙ্গল রায়ের জীবন ও জীবিকা প্রকৃতির চক্রের সঙ্গে গভীরভাবে জড়িত। সারা বছর কম-বেশি কুঁচিয়া ধরা হলেও, বাংলা বছরের চৈত্র মাস যেন তাঁর জন্য আশীর্বাদ হয়ে আসে। এই সময় জলাশয় ও বিলের পানি কমে যাওয়ায় কুঁচিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়। কুঁচিয়া শিকারের কৌশলও বৈচিত্রময় ও শ্রমসাধ্য।

পুরোনো বিলের গর্ত বা নতুন গর্তের মুখে কখনো কেঁচো টোপ হিসেবে ব্যবহার করে বর্শির সাহায্যে কুঁচিয়া শিকার করা হয়। এছাড়া পেয়া, ইচিলা, পুঁটি কিংবা ছোট মাছ দিয়েও কুঁচিয়া ধরার নানা ফন্দি চলে। আবার কাঁদামাটি খুড়ে ধরা হয় কুঁচিয়া।

জানা গেছে, কুঁচিয়া ইল প্রজাতির মাছ। কুঁচিয়া দেখতে সাপের মতো এবং বাইম মাছের মতোও। সাধারণত পুকুর, খাল-বিল ও ধানখেতের তলদেশে, মাটির গর্তে এগুলো থাকে। স্থানীয় মানুষের খাদ্য তালিকায় মাছটি না থাকলেও বিদেশে এই মাছের চাহিদা রয়েছে।

প্রাকৃতিক উৎস থেকে এ মাছ সংগ্রহ করা হয়। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত কুঁচিয়া ধরার উপযুক্ত সময়। এই কুঁচিয়া বিভিন্ন রোগ যেমন রক্তশূন্যতা, শারীরিক দুর্বলতা, পাইলস, শ্বাসকষ্ট বা অ্যাজমা, বাতজ্বর এবং হজমজনিত সমস্যা দূর করার জন্য অনেকে খেয়ে থাকেন। এক কেজি কুঁচিয়া ২৫০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি করা হয়।

মঙ্গলের সংসারের বাস্তবতায় তিনি একা নন। কুঁচিয়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবসার কাজে সব সময় সহযোগিতা করেন স্ত্রী একাদশী। স্বামী-স্ত্রীর যৌথ শ্রমের মাধ্যমে তাঁদের সংসারের চাকা সচল থাকে। ছয় সদস্যের পরিবারে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িও রয়েছেন। তিন কন্যা সন্তানের এই সংসারে কোনো পুত্র সন্তান নেই। বড় মেয়ের বিয়ে হয়েছে, যার স্বামী মহেন্দ্র পেশায় একজন গাড়ি চালক। বাকি দুই মেয়ে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

অভাবের তাড়নায় মাঝে মাঝে হাঁপিয়ে উঠলেও, মেয়েদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন এক মুহূর্তের জন্যও থমকে দাঁড়ায়নি এই দম্পতির মনে। কুঁচিয়া বেঁচে মঙ্গলের দৈনিক আয় কোনো নির্দিষ্ট নিয়মে বাঁধা নয়। দিনে ৬০০ টাকা থেকে শুরু করে কখনো ৩০০০ টাকা পর্যন্ত আয় হয়।

জলাশয়ে পানি কমে গেলে শিকারের পরিমাণ বাড়ে এবং আয়ের চাকাও সচল হয়। মঙ্গল রায় ও তাঁর স্ত্রী একাদশী জানান, “২০ বছরের বেশি সময় ধরে কুঁচিয়া সংগ্রহ ও বিক্রি করে আসছি। আমাদের কোনো বড় প্রাপ্তির আশা নেই। চাওয়া কেবল খেয়ে পরে বেঁচে থাকা আর মেয়েদের মানুষের মতো মানুষ করা।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যা মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানায়।

গত শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটের ফলাফলে দেখা যায়, প্রস্তাবের পক্ষে ১৩৩টি দেশ ভোট দিয়েছে। বিপরীতে, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ ভোট দিয়েছে। বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মেক্সিকোর পক্ষ থেকে উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

ভারতের পাশাপাশি, প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি দেশের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো মৃত্যুদণ্ডের প্রথা বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের এ শাস্তি পুনরায় চালু না করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ পরিষদ।

এছাড়া, ১৮ বছরের কম বয়সে অপরাধ করা কোনো ব্যক্তির ওপর মৃত্যুদণ্ড আরোপ না করার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলে মৃত্যুদণ্ড কার্যকর না করার পরামর্শও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%