০৪:০৪ পি.এম
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি দায়িত্ব পালনে সাময়িকভাবে বিরত ছিলেন, তাকে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পুনর্বহালের ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
তবে, সোমবার (৫ অক্টোবর) নাগাদ চেয়ারম্যান জালাল উদ্দিন দায়িত্ব গ্রহণ করেননি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী মামলায় কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পান।
এদিকে, চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া জালাল উদ্দিনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সোমাবার দুপুর ১২টার দিকে দক্ষিণ ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও তা পরে বাতিল করা হয়। তবে সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহনেওয়াজ খান মন্তব্য করেন, ‘জালাল পরিষদে আসবেন না বলে আশ্বস্থ হয়েছি। এ বিষয়ে ৭ অক্টোবরের পর আমরা বিস্তারিত বলব। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের আলোচনার পর সিদ্ধান্ত নেব।’
জেলা প্রশাসনের চিঠিতে উল্লেখ করা হয়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছিল। পরে, মোহাম্মদ জালাল উদ্দিন জামিনে মুক্তি পাওয়ার পর ২৩ আগস্ট চেয়ারম্যান হিসেবে পুনরায় স্বপদে যোগদানের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে মামলার কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি দাখিল করা হয়।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সরকারি আইনজীবীর মতামত নেওয়া হয়। আইনজীবীর মতামতে চেয়ারম্যানের পুনরায় স্বপদে যোগদানের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
চিঠির অনুলিপি স্থানীয় সরকার বিভাগ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন