কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১০:২৯ এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গুদামগুলোতে মজুত প্রায় তিন হাজার মণ পাটসহ বিপুল পরিমাণ মালামাল আগুনের গ্রাসে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে যায় একাধিক গুদাম ও দোকান। আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফলিয়া বাজারের একটি পাটের গুদামে প্রথম আগুনের শিখা দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকা আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদামে স্তূপ করে রাখা পাট ও অন্যান্য মালামালের অধিকাংশই রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় আটটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মাসুদ মন্ডল, ইমরুল ফকির ও সাবেক ইউপি সদস্য ফিরোজ।
তাঁদের ভাষ্য, গুদামগুলোতে মজুত প্রায় তিন হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে। পাশাপাশি দোকানের মালামাল ও গুদামের অন্যান্য সম্পদ পুড়ে যাওয়ায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
ফলিয়া গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা আহমদ শিকদার বলেন, স্থানীয় লোকজন প্রথমে একটি পাটের গুদামে আগুন জ্বলতে দেখেন। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের গুদাম ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ পাটসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, খবর পাওয়ার পর আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই বেশ কয়েকটি গুদাম ও দোকান পুড়ে যায়। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজও করা হচ্ছে।
এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে ফলিয়া বাজারের পাট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গুদামে মজুত পাট ও দোকানের মালামাল হারিয়ে অনেক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পেনের ফুটবল মানচিত্রে এল ক্লাসিকো শুধুমাত্র দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, বরং এটি মর্যাদা, আধিপত্য এবং শিরোপার সমীকরণ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় উত্তাপ আরও বেশি। আজ দিবাগত রাত ২টায় বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের অন্যতম সেরা দুটি দল। এই ম্যাচে লা লিগায় উড়তে থাকা বার্সেলোনার সামনে রয়েছে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ, আর মাদ্রিদের জন্য রয়েছে ব্যবধান কমিয়ে শিরোপার দৌড়ে ফেরার কঠিন পরীক্ষা।
লা লিগার দশম রাউন্ডের এই লড়াইয়ের পূর্বে দুই দলের পয়েন্টের ব্যবধান ছয়। মৌসুমের প্রথম নয় ম্যাচে বার্সেলোনা সব কটিতে জয়লাভ করে দুর্দান্ত ছন্দে রয়েছে। অন্যদিকে, রিয়াল হেরেছে রিয়াল বেতিস অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ফলে শীর্ষে থাকা বার্সাকে ধরতে হলে এই ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই হোসে মরিনিওর দলের।
বার্সেলোনার আক্রমণে সবচেয়ে বড় আকর্ষণ লামিনে ইয়ামাল। চলতি লিগে নয় ম্যাচে আট গোল করেছেন এই তরুণ স্প্যানিশ তারকা। তাঁর গতি, ড্রিবলিং এবং সৃষ্টিশীলতা রিয়ালের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বার্সেলোনা প্রথম নয় ম্যাচে ৩৯ গোল করেছে। এই পরিসংখ্যানই তাদের আক্রমণাত্মক ফুটবলের ধারাকে নির্দেশ করে। বার্সার এই ধার এড়িয়ে জিততে হলে রিয়ালের রক্ষণকে কঠিন পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে, রিয়ালের প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১২ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। তবে, এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে পাবে না রিয়াল। ঘরোয়া প্রতিযোগিতায় চার ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় ব্রাজিলিয়ান উইঙ্গারের অনুপস্থিতি মরিনিওর আক্রমণ সাজানোর পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। ফলে লস ব্লাঙ্কোসদের একমাত্র ভরসা হয়ে উঠেছে এমবাপ্পে।
ম্যাচের আগে দুই দলের ইউরোপীয় ব্যস্ততাও আলোচনায় রয়েছে। বার্সেলোনা মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪–২ গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে, রিয়াল বুধবার লাইপজিগকে ৪–১ গোলে হারিয়েছে। মরিনিওর অভিযোগ, বিশ্রাম ও প্রস্তুতির জন্য বার্সেলোনা পেয়েছে অতিরিক্ত ২৪ ঘণ্টা। ফলে তারা চাঙ্গা হয়ে মাঠে নামার সুযোগ পাবে। তবে মাঠে শেষ পর্যন্ত নির্ধারক হবে কৌশল, গতি এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা।
বার্সেলোনা জিতলে লিগে টানা দশ ম্যাচ জয়ের নজির গড়বে। লা লিগার ইতিহাসে কোনো দল মৌসুমের প্রথম দশ ম্যাচ জিততে পারেনি। অপ্টার পূর্বাভাসেও ফ্লিকের দল এগিয়ে রয়েছে। তবে এল ক্লাসিকোয় পরিসংখ্যান নিশ্চয়তা নয়; এমবাপ্পের এক ঝলক কিংবা ইয়ামালের জাদুতেই বদলে যেতে পারে ম্যাচের গল্প। অতীতে যেমন হয়েছে, বর্তমানে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তাই দর্শকরা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের স্বাক্ষী হতে যাচ্ছেন, যা ফলাফলের অপেক্ষায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান বিদেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ‘উন্নত পর্যায়ে’ রয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, ওয়াশিংটন ওই অঞ্চলে কূটনৈতিক মিশনগুলোতে কর্মীর সংখ্যা কমিয়ে আনছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও নিউইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিচ্ছে, তখন এ সতর্কবার্তা এসেছে। তেহরান নতুন হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের যোগাযোগের তারগুলোতে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকলিপিতে এই সতর্কতার কথা জানান। অ্যাক্সিওস প্রথম স্মারকলিপিটির খবর প্রকাশ করে। স্মারকলিপিতে ক্লেটন উল্লেখ করেন, ইরান বিদেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রাণঘাতী হামলার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ‘উন্নত পর্যায়ে’ রয়েছে।
নিউইয়র্ক টাইমসও স্মারকলিপিটির খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাষ্ট্রদূতসহ মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার হুমকি মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ইউরোপের কয়েকটি দেশে সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান—এমন তথ্যও পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিছু গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের হয়ে কাজ করা ব্যক্তিরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরেও সক্রিয় রয়েছেন।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে একজন মার্কিন কর্মকর্তা স্মারকলিপিটির সত্যতা নিশ্চিত করেছেন। নিউইয়র্ক টাইমসের উদ্ধৃত আরেক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভেতরে ও অন্য দেশে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার ভাষ্য, ইরানের অনেক পরিকল্পনা থাকলেও সেগুলো সব বাস্তবায়ন করার মতো সক্ষমতা দেশটির নেই।
কেন এখন উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন
মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য ইরানের হুমকিকে সর্বোচ্চ পর্যায়ের বলে বিবেচনা করা হচ্ছে। এই মূল্যায়নের কারণে সম্প্রতি ওই অঞ্চলে কর্মরত কিছু মার্কিন কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘আরেকটি ছোট এপিক ফিউরি’ অভিযান চালাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের সাংকেতিক নাম ছিল ‘এপিক ফিউরি’।
গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের অবকাঠামোর ওপর হুমকি বেড়ে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক মিশনেও কর্মীর সংখ্যা কমানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম। সিএনএনের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমসের বরাতে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথিদের হামলার হুমকির পাশাপাশি ‘মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সন্ত্রাসী হামলার পরিকল্পনা’ কর্মী কমানোর সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি
গোয়েন্দা স্মারকলিপিতে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ নিয়ে তেহরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের কর্মকর্তারা এর আগে বারবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছেন। এসব ঘাঁটিতে হামলাও চালানো হয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত বুধবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে তেহরান নতুন ‘আক্রমণাত্মক’ কৌশল অনুসরণ করবে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ইরান আর শুধু পাল্টা হামলার মধ্যে নিজেদের সামরিক অভিযান সীমাবদ্ধ রাখবে না।
তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের মান, পাল্লা ও আঘাত হানার ক্ষমতা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের যোগাযোগের তারগুলোকে লক্ষ্যবস্তু করার বিস্তারিত পরিকল্পনা রয়েছে ইরানের।
এ বিষয়ে ইরানের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বরাত দিয়েছে সংবাদ সংস্থাটি। এর আগে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের যোগাযোগের তার, তথ্য সংরক্ষণকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্থাপনায় হামলা হতে পারে।
আগেও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ নতুন নয়। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করে আসছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে।
চলতি বছরের মার্চে এক পাকিস্তানি নাগরিককে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্য রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে মার্কিন আদালত দোষী সাব্যস্ত করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে তিনি ওই পরিকল্পনা করেছিলেন।
২০২২ সালে আইআরজিসির এক সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি ওয়াশিংটন ডিসি বা মেরিল্যান্ডে হত্যাকাণ্ডটি ঘটানোর জন্য যুক্তরাষ্ট্রে থাকা কয়েকজনকে তিন লাখ ডলার দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলেছিল, ইরান বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সরাসরি হুমকি দেওয়া অব্যাহত রাখবে। বিশেষ করে, ২০২০ সালে আইআরজিসির কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত বলে ইরান যেসব মার্কিন কর্মকর্তাকে মনে করে, তাঁদের লক্ষ্যবস্তু করার আশঙ্কার কথা বলা হয়েছিল।
এ মাসে যুক্তরাজ্যের ইংল্যান্ডে অবস্থিত একটি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে তাদের বোমারু বিমান সরিয়ে নেয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। ওই ঘাঁটিতে নিরাপত্তাসংক্রান্ত একটি ঘটনার পর যুক্তরাজ্য কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় মামলা হলে নিজেকে এক নম্বর আসামি করার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার তিনি এ দাবি করেন একটি লিখিত বক্তব্যে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে, তার ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভর মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে রুমিন ফারহানা তার অবস্থান তুলে ধরেন। থানায় ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর তিনি ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি ওই অভিযোগের ভিত্তিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও তিনি জানান।
পুলিশের জিডি করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, “সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।”
এদিকে, গত বৃহস্পতিবার রাতের ঘটনার উল্লেখ করে জিডি করার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি জানান, ওই দিনের ঘটনার উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়; উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গেলে তাকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে থানায় গেলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের ডিবি পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন মমতাজুর রহমান, যিনি একজন মাদক ব্যবসায়ী এবং বিএনপি নেতা। গভীর রাতে হাতকড়া উদ্ধার করা হলেও পুলিশ এখনও আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আব্দুর রহমানের ছেলে এবং কুখ্যাত মাদক সম্রাট মমতাজুর রহমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে স্থানীয়রা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। এমনকি বদরগঞ্জ থানা পুলিশও তাঁকে গ্রেপ্তারের সাহস দেখাতে পারেনি। তবে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে ধরার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সফল হয়নি।
শনিবার রাত ৮টার দিকে রংপুর ডিবি পুলিশের একটি সাদা পোশাকধারী দল শিবপুর এলাকা থেকে মমতাজুর রহমানকে মাদকসহ আটক করে এবং হাতকড়া পরায়। পরবর্তীতে পুলিশ তাঁকে গাড়িতে ওঠানোর সময় তিনি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান। গভীর রাতে গ্রাম পুলিশের সহায়তায় হাতকড়াটি উদ্ধার করা হলেও আসামিকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফরহাদ ও গোলাম মোস্তফা মুঠোফোনে আমার দেশকে জানান, মমতাজুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তিনি প্রকাশ্যে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হন। রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে তিনি এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাঁর কাছ থেকে মাদক কিনে উঠতি বয়সের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক বিক্রি ও সেবনের বিষয়টি এলাকাবাসী বদরগঞ্জ থানাকে জানালেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
তারা আরও জানান, শনিবার রাতে ডিবি পুলিশ মমতাজকে আটকের খবর শুনে এলাকাবাসী খুশি হয়েছিল। কিন্তু মুহূর্তেই খবর আসে যে তিনি পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছেন। এলাকাবাসী দাবি জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী যে দলেরই হোক না কেন, তাঁকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল গণমাধ্যমকে জানান, মমতাজুর রহমান একসময় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিএনপিতে কোনো স্থান নেই। যারা এ ধরনের অপরাধমূলক কাজে জড়াবে, তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নবীউল হাসানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বদরগঞ্জ থানার ওসি জাহিদ হাসান আমার দেশকে বলেন, ‘ঘটনাটি সত্য। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা ডিবি পুলিশকে সহায়তা করার জন্য এলাকায় গিয়েছিলাম। গভীর রাতে গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে, আশা করি তিনি দ্রুত ধরা পড়বেন।’
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ