১১:৪৭ পি.এম
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে একাধিক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প সিটি কর্পোরেশনের অধীনে হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর সিটি কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি আজ এসব কথা বলেছেন।
তিনি উল্লেখ করেন, গাজীপুরবাসীর দীর্ঘদিনের যানজট এবং রেলক্রসিং দুর্ভোগ নিরসনে ৩১৭ কোটি টাকা ব্যয়ে শহরের জয়দেবপুর রেলগেটের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের কাজ আগামী মাস থেকেই শুরু হতে পারে। এই লেভেল ক্রসিংটিতে প্রতিদিন প্রায় ৭০-৭২ বার ট্রেন চলাচল করে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং বিনোদনের সুযোগ সম্প্রসারণের নিমিত্ত ভাওয়াল রাজদীঘি, কাজী আজিমউদ্দিন কলেজ সংলগ্ন দিঘি, গাজীপুর ক্লাবের পূর্ব পাশের পুকুর এবং শিববাড়ি পুকুরের আধুনিকায়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে শিববাড়ি পর্যন্ত সড়কের দক্ষিণ পাশের খালি জায়গায় একটি আধুনিক শিশু পার্ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের
বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য হাটুভাঙ্গা এবং মজলিশপুর এলাকায় প্রায় ১০০ বিঘা জমির ওপর আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চীনের প্রযুক্তিগত সহযোগিতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার তৈরি এবং প্লাস্টিক, কাচ ও পলিথিন পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
এছাড়া, নদী, খাল এবং জলাশয় দূষণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রণীত নীতিমালার আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। অধ্যবসায়, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে গাজীপুরের গর্বে পরিণত হবে-এটা আমার প্রত্যাশা।
গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে এবং কলেজের নির্বাহী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ সোহরাব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল মালেক সরকার, অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, সাবেক শিক্ষার্থী মো. হামিদুল হক ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন